তানজিন তিশা
তানজিন তিশা

এবার ৭৫ হাজার টাকা দামের শাড়ি! নতুন বিতর্কে তিশা

এক শাড়ির মামলা চলছে, আরেক শাড়ি নিয়ে নতুন মামলা; এবার অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি—অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে শাড়ি নিয়ে বিতর্ক যেন থামছে না। একটি জামদানি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলার আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ৭৫ হাজার টাকা দামের আরেকটি শাড়ি নিয়ে করা মামলার পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগেও তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। একের পর এক আইনি জটিলতার মধ্যে পড়েছেন এই অভিনয়শিল্পী। অন্যদিকে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তানজিন তিশা

এক শাড়ি নিয়ে বিতর্কের শুরু

২০২৫ সালের অক্টোবরে অনলাইন পোশাক বিক্রির প্রতিষ্ঠান অ্যাপোনিয়ার একটি জামদানি শাড়ি নিয়ে আলোচনায় আসেন তানজিন তিশা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শাড়িটি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তিশা তা করেননি, এমনকি শাড়ির মূল্যও পরিশোধ করেননি। শাড়িটির দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা।
অ্যাপোনিয়ার স্বত্বাধিকারী বিলকিস ওয়াজির দাবি, তিশা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে শাড়িটির প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। পরে প্রচারণার শর্তে তাঁকে শাড়িটি দেওয়া হয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা না করায় এবং মাসের পর মাস যোগাযোগ করে সাড়া না পাওয়ায় আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেছেন তিশা। তাঁর বক্তব্য ছিল এ রকম, শাড়িটি তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। অভিযোগ সামনে আসার পর নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা হা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই?’

২০২৫ সালের নভেম্বরে অ্যাপোনিয়ার পক্ষ থেকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। পরে তদন্তের ভিত্তিতে আদালত মামলাটি আমলে নেন এবং তিশাকে হাজির হওয়ার নির্দেশ দেন। এ বছরের ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। ২৯ সেপ্টেম্বর আদালতে তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনও মঞ্জুর হয়। মামলাটির আইনি প্রক্রিয়া এখনো চলমান।

তানজিন তিশা

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে আরেক মামলা

প্রথম মামলার পাশাপাশি ৭৫ হাজার টাকা দামের আরেকটি শাড়ি নিয়েও তানজিন তিশার বিরুদ্ধে মামলা রয়েছে। ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে শাড়িটি নিয়েছিলেন তিশা। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শাড়িটি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তিশার বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনেন সানায়া। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ নভেম্বর আদালতে মামলা করেন তিনি। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তদন্ত শেষে গত ২৫ মে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। তবে ওই প্রতিবেদনে আপত্তি জানিয়ে বাদীপক্ষ আদালতে নারাজি আবেদন করে। গত ২৫ অক্টোবর আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তানজিন তিশা

মামলা তুলে নিতে হুমকির অভিযোগেও মামলা

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে করা মামলার রেশ কাটতে না কাটতেই ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা করেন সানায়া চৌধুরী। তাঁর অভিযোগ, আগের মামলাটি তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে তাঁকে ভয় দেখানো হয়েছে এবং মামলা প্রত্যাহার না করলে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। তবে নতুন মামলার অভিযোগও এখনো অভিযোগের পর্যায়েই রয়েছে। এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

শাড়ির বিতর্ক নিয়ে তিশার বক্তব্য

প্রথম মামলাটি নিয়ে কথা বলতে গিয়ে তিশা এর আগে জানিয়েছিলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন। তাঁর বক্তব্য, দীর্ঘ ১২ থেকে ১৪ বছরের অভিনয়জীবনে পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। মাত্র ২৭-২৮ হাজার টাকার একটি শাড়ি নিয়ে প্রতারণা করার অভিযোগকে তিনি অযৌক্তিক বলে মনে করেন। তিশা আরও বলেছিলেন, ‘আমি অবশ্যই আদালতে যাব। আমারও ইচ্ছা হয়েছিল আমার সঙ্গে কী ঘটেছে, সেটা নিয়ে কথা বলি। কিন্তু বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই আমি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলিনি।’

তানজিন তিশা

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে মামলার ক্ষেত্রেও তদন্তের বিভিন্ন ধাপ পেরিয়ে বিষয়টি নতুন মোড় নিয়েছে। পিবিআইয়ের প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা বলা হলেও বাদীপক্ষের আপত্তিতে সিআইডির পুনঃ তদন্ত শুরু হওয়ার কথা। ফলে অভিযোগগুলোর আইনি নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে।

‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা

শাড়ি নিয়ে একের পর এক আইনি জটিলতার মধ্যে তানজিন তিশার অভিনয়জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও অনিশ্চয়তায় পড়েছে। শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তাঁর। এ ছবিতে অভিনয়ের জন্য কলকাতার একটি সিনেমা থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। ২০২৫ সালের অক্টোবরে ‘সোলজার’-এর শুটিং শুরু হলেও এখনো ছবিটির কাজ শেষ হয়নি। সিনেমা–সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে, ‘সোলজার’ সিনেমার ৯ দিনের শুটিং বাকি রয়েছে। কয়েক দফা পরিকল্পনা করেও শুটিং শুরু করা যায়নি। শিল্পী ও কলাকুশলীদের সম্মানী বকেয়া থাকার বিষয়টির পাশাপাশি একই সঙ্গে শুটিংয়ে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের টাকা না দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে; যদিও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

‘সোলজার’ ছবিটি প্রথমে ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। পরে মুক্তির সময় ২০২৬ সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয়। কিন্তু বছরের শেষ দিকে এসেও শুটিংয়ের বাকি কাজ কবে শেষ হবে, তা নিশ্চিত নয়। ফলে তিশার ঢালিউড অভিষেকও অনিশ্চিত হয়ে পড়েছে।