
আগামীকাল ২৭ পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করবে চ্যানেল আই। এ উপলক্ষে আজ থেকে শুরু হওয়া তিন দিনের অনুষ্ঠানমালায় থাকছে গান, সিনেমা, নাটক, আড্ডা, স্মৃতিচারণা ও নানা বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি চ্যানেল আই চেতনা চত্বরে থাকছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের প্রথম দিন আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে প্রচারিত হয়েছে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। এতে গান শুনিয়েছেন কোনাল। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘চ্যানেল আই পুষ্টি আড্ডা’। ইফাতারা ইরার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন স্বপ্না রেজা। বিকেল ৫টা ৩০ মিনিটে পুনম প্রিয়ামের পরিচালনায় ‘চেনামুখ দুঃখ সুখ’-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’–এ অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ। বিকেল ৫টা ৫৫ মিনিটে থাকছে কেকা ফেরদৌসীর উপস্থাপনায় ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ অক্টোবর সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে সংবাদপত্রভিত্তিক অনুষ্ঠান ‘সংবাদপত্রে বাংলাদেশ’। বেলা ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে শুরু হবে দিনব্যাপী আয়োজন ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে থাকছে ‘তারকা কথন’-এর বিশেষ পর্ব।
বেলা ৩টা ৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক বউ চা। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও স্বর্ণলতা। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে শাইখ সিরাজের উপস্থাপনায় ‘মেমোরি রিওয়াইন্ড’।
প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন রাত ১০টা ২০ মিনিটে থাকছে মুকিত মজুমদারের উপস্থাপনায় ‘চ্যানেল আইয়ের সঙ্গে সবুজের পথে’। রাত ১০টা ৩০ মিনিটে দেখানো হবে শাইখ সিরাজের উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’। রাত ১২টায় দেখানো হবে ‘আজকের সংবাদপত্র’। অংশ নেবেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার ও জহির উদ্দিন মাহমুদ।