ফুল, প্রেম, স্বপ্ন আর পারিবারিক আবহে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। গল্প ও চিত্রনাট্য করেছেন পারভেজ ইমাম।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি বৃহস্পতিবার ১৪ মে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। রাজধানীর উত্তরা এলাকা ও ৩০০ ফুট বনবিথি হাউসে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ।
নাটকের গল্পে দেখা যাবে সালমান নামের এক তরুণকে। রাজবংশের শেষ উত্তরসূরি সালমান বাবার রেখে যাওয়া ফুলের দোকানে বসে বড় স্বপ্ন দেখে—একদিন বাংলা নাটকের সুপারস্টার হবে সে। ফুলের প্রতি তার আলাদা ভালোবাসাও রয়েছে। একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে ফুল কিনতে সালমানের দোকানে আসে এক তরুণী। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় সালমান। সেই তরুণীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা সেলিম রেজা জানান, রোমান্টিক ট্র্যাজেডি ও পারিবারিক আবহে গল্পটি নির্মাণ করা হয়েছে। তবে গল্পের গুরুত্বপূর্ণ অংশ এখনই প্রকাশ করতে চান না তিনি। তাঁর ভাষ্য, দর্শকদের জন্য কিছু চমক থাকছে নাটকটিতে। নাটকের প্রধান দুই চরিত্রে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ অনেকে।
বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে। নাটকটিতে রয়েছে একটি গানও। ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিথি।