দক্ষিণ কোরিয়ার সিনেমা ইন্ডাস্ট্রি আবারও প্রমাণ করল তাদের শক্তি। ঐতিহাসিক ড্রামা সিনেমা ‘দ্য কিংস ওয়ার্ডেন’ বক্স অফিসে গড়ে ফেলেছে নতুন ইতিহাস—দেশটির সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় এখন এক নম্বরে।
কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য অনুযায়ী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫ দশমিক ৩ মিলিয়ন ডলারে।
এর মাধ্যমে এটি ছাড়িয়ে গেছে ‘এক্সট্রিম জব’ (৯৩ দশমিক ৭ মিলিয়ন ডলার) ও ‘দ্য অ্যাডমিরাল: রোরিং কারেন্টস’-এর (৯১ দশমিক ১ মিলিয়ন ডলার) রেকর্ড। এ অর্জন শুধু একটি চলচ্চিত্রের সাফল্য নয়, বরং কোরিয়ান সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন।
মজার বিষয় হলো, আয়ের দিক থেকে এক নম্বরে থাকলেও দর্শকসংখ্যার বিচারে ‘দ্য কিংস ওয়ার্ডেন’ এখনো তৃতীয় স্থানে। ছবিটি এ পর্যন্ত দেখেছেন প্রায় ১ কোটি ৪৭ লাখ দর্শক। সেখানে ‘এক্সট্রিম জব’ ও ‘দ্য অ্যাডমিরাল: রোরিং কারেন্টস’ যথাক্রমে দেখেছেন ১ কোটি ৭৬ লাখ ও ১ কোটি ৬২ লাখ দর্শক। অর্থাৎ টিকিটের উচ্চমূল্য এই রেকর্ড গড়তে বড় ভূমিকা রেখেছে।
২০ থেকে ২২ মার্চ সপ্তাহান্তে ছবিটি আয় করেছে ৫ দশমিক ৩ মিলিয়ন ডলার এবং বাজারের ৫২ শতাংশের বেশি দখল ধরে রেখেছে, যা সপ্তম সপ্তাহেও তার শক্ত অবস্থান প্রমাণ করে। জং হাং-জুন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়ো হায়ে-জিন ও পার্ক জি-হুন।
চলতি সপ্তাহে কোরীয় বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে হলিউড সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’; যা আয় করেছে ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। তালিকার পরের দিকে আছে ‘হপার্স’, ‘অ্যাটাক অন টাইটান দ্য মুভি: দ্য লাস্ট অ্যাটাক’, ‘মেথড অ্যাক্টিং’-এর মতো সিনেমাগুলো।
আলোচিত সিনেমা ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সম্প্রতি আবার নতুন করে মুক্তি পেয়েছে; কোরীয় বক্স অফিসের তালিকায় জায়গা করে নিয়েছে এ সিনেমা।
‘প্যারাসাইট’-এর অস্কার জয় থেকে শুরু করে বিশ্বজুড়ে কে-পপের আধিপত্য—এ ধারাবাহিকতায় ‘দ্য কিংস ওয়ার্ডেন’-এর এই সাফল্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ভ্যারাইটি অবলম্বনে