
অতিরিক্ত ওজনের কারণ দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি ব্রাজিলের মডেল হুলিয়ানা নেহেমকে। এতে উল্টো উড়োজাহাজ কোম্পানিকেই তোপের মুখে পড়তে হয়েছে। কারণ, বিমানে উঠেতে না পারায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আদালতে অভিযোগ করেন ব্রাজিলিয়ান এই মডেল। আদালত তাঁর অভিযোগ আমলে নিয়ে ক্ষতিপূরণ দিতে বলেছে উড়োজাহাজ কোম্পানিকে। ক্ষতিপূরণ হিসেবে সেই মডেলকে চিকিৎসাবাবদ সপ্তাহে ৭৮ ডলার করে মোট ৩ হাজার ৭১৮ ডলার দিতে হবে। ২০ ডিসেম্বর ব্রাজিলের আদালত উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজকে এই জরিমানা প্রদানের আদেশ দেন। খবর নিউ ইয়র্ক টাইমস
গত মাসে পরিবার নিয়ে ছুটি কাটাতে লেবানন গিয়েছিলেন হুলিয়ানা। ছুটি কাটিয়ে বৈরুত থেকে দোহায় ফেরার পথে এই বিপত্তি ঘটে। তিনি ১ হাজার ডলার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন। বিমানে ওঠার সময় একজন কর্মী তাঁকে থামিয়ে বলে আপনাকে তিন হাজার ডলার ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ভ্রমণ করতে হবে। কেন না ফার্স্ট ক্লাসের সিট আপনার জন্য পারফেক্ট। তখন তাঁকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি।
শুধু তা–ই নয়, জানানো হয় ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেও ফেরত দেওয়া হবে না ইকোনমি ক্লাসের টিকিটের অর্থ। এতে ক্ষিপ্ত হয়ে এই ৩৮ বছর বয়সী মডেল যোগাযোগ করেন ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে। এরপর অন্য ফ্লাইটে করে ফেরেন। দেশে ফিরেই বিমান সংস্থাটির নামে ব্রাজিলের আদালতে মামলা করেন হুলিয়ানা।
২০ ডিসেম্বর তারিখ দেওয়া হয় মামলাটির রায়। বিচারক রেনাটা মার্টিনস বলেন, এই ঘটনায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হুলিয়ানা। এ জন্য চিকিৎসা হিসেবে থেরাপি নিতে হচ্ছে তাঁকে। এ জন্য প্রতি সপ্তাহে খরচ হচ্ছে ৭৮ ডলার। চিকিৎসাবাবদ এই খরচ দিতে হবে কাতার এয়ারওয়েজকেই।