‘দ্য বিলাভড’–এর জন্য ভালোবাসা পেলেন বারদেম
কান উৎসবে আবারও আলোচনার কেন্দ্রে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। গত শনিবার উৎসবের পঞ্চম দিনে বারদেমের নতুন সিনেমা ‘দ্য বিলাভড’ প্রিমিয়ার শেষে দর্শকের দীর্ঘ সাত মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। প্রদর্শনীর পর আবেগাপ্লুত হয়ে পড়েন বারদেম। হাসিমুখে সহশিল্পীদের একে একে জড়িয়ে ধরেন এবং উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোকেও আলিঙ্গন করেন তিনি।
সিনেমাটি পরিচালনা করেছেন স্প্যানিশ নির্মাতা রদ্রিগো সরোগোয়েন। তিনি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মাদার’–এর জন্য এর আগে অস্কার মনোনয়ন পেয়েছিলেন। নতুন সিনেমায় এক কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন বারদেম। নিজের ক্যারিয়ার থমকে যাওয়া মেয়েকে নতুন সিনেমায় অভিনয়ের সুযোগ দেন তিনি। মেয়ের ভূমিকায় আছেন ভিক্টোরিয়া লুয়েঙ্গ। দীর্ঘদিন দূরে থাকার পর একসঙ্গে কাজ করতে গিয়ে বাবা–মেয়ের পুরোনো ক্ষত আবার সামনে চলে আসে।
আলোচনায় ‘পেপার টাইগার’
শনিবার রাতে আরেকটি আলোচিত মুহূর্ত ছিল জেমস গ্রের ‘পেপার টাইগার’–এর প্রিমিয়ার। প্রদর্শনের পর টানা সাত মিনিট দাঁড়িয়ে সিনেমাটিকে অভিনন্দিত করেন দর্শক। ছবির প্রধান তারকাদের একজন স্কারলেট জোহানসন শুটিংয়ে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি। প্রিমিয়ারে হাজির হতে না পারলেও পরিচালক জেমস গ্রে চেয়েছিলেন অন্তত ভিডিও কলে অংশগ্রহণ করুক অভিনেত্রী। প্রদর্শনী শেষে যখন পুরো হলের দর্শক দাঁড়িয়ে করতালি দিচ্ছিলেন, তখন নিজের ফোন বের করে স্কারলেটকে ফেসটাইম কল করেন জেমস গ্রে। কিন্তু কয়েকবার রিং হওয়ার পরও ফোন ধরেননি অভিনেত্রী। শেষ পর্যন্ত কলটি ভয়েসমেইলে চলে যায়। তখন মজা করে হতাশ মুখে ফোনের দিকে তাকিয়ে মাথা নাড়েন পরিচালক। হলভর্তি দর্শকও সেই মুহূর্তে হেসে ওঠেন। স্কারলেট অনুপস্থিত থাকলেও সিনেমার অন্য দুই তারকা মাইলস টেলার ও অ্যাডাম ড্রাইভার লালগালিচায় হাজির হয়ে ভক্তদের উচ্ছ্বাসে ভাসেন। অটোগ্রাফ দেওয়া, সেলফি তোলা—সব মিলিয়ে তাঁদের ঘিরে ছিল আলাদা উন্মাদনা। সিনেমায় তাঁরা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। যারা রুশ মাফিয়ার জটিল জগতে জড়িয়ে পড়ে।
প্রিমিয়ারের পর দর্শকদের উদ্দেশে আবেগঘন বক্তব্যও দেন জেমস গ্রে। তিনি বলেন, ‘সিনেমার এখন আপনাদের আরও বেশি প্রয়োজন। এ সময়টায় কান উৎসব খুব গুরুত্বপূর্ণ, আর আপনারাও ততটাই গুরুত্বপূর্ণ।’
স্টুডিও সংস্কৃতি নিয়ে বিরক্তি
হলিউডের স্টুডিও সংস্কৃতির প্রতি নিজের বিরক্তি নতুন করে প্রকাশ করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। শনিবার নিজের অভিনীত নতুন সিনেমা ‘ফুলফিল’ নিয়ে উৎসবে হাজির হয়ে বলেছেন, কোটিপতিদের আরও ধনী বানানোর প্রবণতা কমানোর সময় এখন এসেছে। ক্রিস্টেনের ভাষায়, বর্তমান স্টুডিও ব্যবস্থা নিয়ে তিনি ‘ভীষণ ক্লান্ত’। স্বাধীন নির্মাতাদের প্রতি সমর্থন জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, তিনি এমন সিনেমার পক্ষেই থাকতে চান, যেখানে সৃজনশীল স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এখনকার বড় স্টুডিওগুলো মূলত অর্থনৈতিক মুনাফাকেই প্রাধান্য দিচ্ছে।
কুয়েন্টিন ডুপিউক্স পরিচালিত সিনেমাটি কানের মিডনাইট স্ক্রিনিংস বিভাগে প্রদর্শিত হয়।
ভ্যারাইটি অবলম্বনে