‘নিউ লাই’ মুক্তির পর দুর্বোধ্য গল্প ও নিম্নমানের গ্রাফিকসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে
‘নিউ লাই’ মুক্তির পর দুর্বোধ্য গল্প ও নিম্নমানের গ্রাফিকসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে

‘কতটা বাজে’ দেখতে গিয়েই বক্স অফিসে হিট সিনেমাটি

সিনেমাটি কতটা বাজে, তা দেখতেই হলে ভিড় করছেন দর্শক! চীনের স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’ মুক্তির পর দুর্বোধ্য গল্প ও নিম্নমানের গ্রাফিকসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কিন্তু সে সমালোচনাই শেষ পর্যন্ত সিনেমাটির প্রচারণা হয়ে দাঁড়িয়েছে। দর্শকের কৌতূহল বাড়ার সঙ্গে সঙ্গে হু হু করে বেড়েছে টিকিট বিক্রিও।

‘নিউ লাই’ এর একটি দৃশ্য

মুক্তির প্রথম ১০ দিনে ‘নিউ লাই’ আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান (প্রায় ১ হাজার ১৪০ ডলার)। কিন্তু ভাইরাল হওয়ার পর সিনেমাটির আয় এখন ১ কোটি ১৪ লাখ ইউয়ান ছাড়িয়েছে। সিনেমা ট্র্যাকিং সাইট মাও ইয়ানের তথ্য অনুযায়ী, হলিউডের বড় বাজেটের ‘দ্য অডিসি’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র সঙ্গেও এখন লড়াই করছে সিনেমাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘৮০ মিনিট এই সিনেমা দেখলে আফসোস হতে পারে, কিন্তু না দেখলে সারা জীবন আফসোস করবেন।’

সিনেমাটির অ্যানিমেশন দেখে দর্শকেরা মজা করে বলছেন, এত খারাপ অ্যানিমেশন এআই দিয়ে বানানো সম্ভব নয়, নিশ্চয় মানুষই হাতে বানিয়েছে! একজন লিখেছেন, ‘এটা সত্যিই দারুণ কাজ।’ আরেকজন সিনেমাটিকে বলেছেন ‘পুরোপুরি হাতে বানানো’ এবং এবারের গ্রীষ্মের সিনেমার সবচেয়ে বড় ‘চমক’।

‘নিউ লাই’ এর একটি দৃশ্য

সিনেমাটির নাম নিয়েও চলছে নানা মজার কথা। চীনা ভাষায় ‘ষাঁড়’ ও ‘গরু’ বোঝাতে একই অক্ষর ব্যবহার করা হয়। তাই কেউ কেউ মজা করে বলছেন, সিনেমাটির সাফল্যের সঙ্গে শেয়ারবাজারও যেন চাঙা হয়। এক উইবো ব্যবহারকারী লিখেছেন, ‘আগামীকাল শেয়ারবাজারের সূচক ৪ হাজারে উঠলে আমি সিনেমাটি দেখতে হলে যাব।’ আরেকজন লিখেছেন, ‘সিনেমাটি ভয়ংকর, তবে নামটা দারুণ।’

মুক্তির আগে ‘নিউ লাই’ নিয়ে প্রায় কোনো প্রচারণাই ছিল না। এমনকি সিনেমাটির ঠিকঠাক প্রচারমূলক পোস্টারও নেই। কিন্তু এখন দর্শকের চাহিদা এত বেড়েছে যে সিনেমা হলগুলো বাড়তি প্রদর্শনীর ব্যবস্থা করছে। দর্শক টানতে কোথাও কোথাও হলের কর্মীরাই নিজেদের হাতে পোস্টার এঁকে ফেলছেন।

সিনেমা নিয়ে এমন উন্মাদনাকে নজিরবিহীন বলছে সিনেমা পর্যবেক্ষণকারী একটি উইবো অ্যাকাউন্ট। তাদের ভাষায়, ‘এমন রেকর্ড আগে দেখা যায়নি, সম্ভবত ভবিষ্যতেও দেখা যাবে না।’

দর্শক টানতে কোথাও কোথাও হলের কর্মীরাই নিজেদের হাতে পোস্টার এঁকে ফেলছেন

তবে সবাই ‘নিউ লাই’–এর এ  সাফল্যকে ভালোভাবে দেখছেন না। রাষ্ট্রীয় মালিকানাধীন ‘বেইজিং নিউজ’–এর এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমা হলগুলো যদি এ ধরনের সিনেমার অতিরিক্ত প্রদর্শনী চালাতে থাকে, তাহলে দর্শকের আস্থা হারানোর ঝুঁকি রয়েছে।

এর আগে নিম্নমানের কিছু সিনেমা নিয়ে সমালোচনা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে ‘বেইজিং নিউজ’ বলেছে, ‘নিউ লাই’ খারাপ সিনেমার মান আরও নিচে নামিয়ে দিয়েছে। সংবাদমাধ্যমটি সিনেমা হলগুলোকে দর্শকের স্বার্থ দেখার আহ্বান জানিয়েছে। তাদের মতে, স্পষ্টতই মানহীন সিনেমা হলে চালানোর ক্ষেত্রে হলগুলোর আরও সতর্ক হওয়া উচিত। ‘নিউ লাই’–এর মতো সিনেমাকে এভাবে বেশি প্রদর্শনের সুযোগ দেওয়া ঠিক নয়।


বিবিসি অবলম্বনে