হোয়াং দং-হিউক
হোয়াং দং-হিউক

বড় পর্দায় ফিরছেন ‘স্কুইড গেম’ নির্মাতা, এবার কী আনছেন

‘স্কুইড গেম’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরিয়ার নির্মাতা হোয়াং দং-হিউক আবার বড় পর্দার সিনেমা নির্মাণে ফিরছেন। তাঁর নতুন সিনেমার নাম ‘কে.ও. ক্লাব’। এটি একটি কল্পবিজ্ঞাননির্ভর থ্রিলার।

‘দ্য ফোর্ট্রেস’ মুক্তির প্রায় এক দশক পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন হোয়াং। ২০১৭ সালে মুক্তি পাওয়া ঐতিহাসিক সিনেমাটি ছিল তাঁর সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘কে.ও. ক্লাব’-এর গল্প তৈরি হয়েছে ভবিষ্যতের এক বৈষম্যপূর্ণ সমাজকে ঘিরে। যেখানে বিপুল অর্থের মালিকেরা অর্থের বিনিময়ে নিজেদের যৌবন ও শারীরিক সক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারেন।

অন্যদিকে তরুণ প্রজন্ম অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক সুযোগ ও ভবিষ্যতের সম্ভাবনা থেকে বঞ্চিত। একপর্যায়ে বয়স্ক ধনী শ্রেণি ও হতাশ তরুণ প্রজন্মের মধ্যে শুরু হয় তীব্র সংঘাত।

সিনেমাটির নাম ‘কে.ও. ক্লাব’ মূলত ‘কিলিং ওল্ডমেন ক্লাব’-এর সংক্ষিপ্ত রূপ। নামের মধ্যেই সিনেমাটির সমাজে তৈরি হওয়া প্রজন্মগত ক্ষোভের ইঙ্গিত রয়েছে।

সিনেমাটিতে অভিনয় করছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি বিয়ং-হুন। ‘স্কুইড গেম’-এ ফ্রন্টম্যান চরিত্রে অভিনয়ের পর হোয়াং দং-হিউকের সঙ্গে আবারও কাজ করছেন তিনি। আরও আছেন ‘স্কুইড গেম’-এর অভিনেতা পার্ক হে-সু, ‘ইটস ওকে টু নট বি ওকে’-এর ওহ জং-সে, ‘প্যারাসাইট’-এর চো ইয়ো-জিয়ং এবং ‘দ্য ম্যান স্ট্যান্ডিং নেক্সট’-এর কিম সো-জিন।

হোয়াং দং-হিউক ‘মিস গ্র্যানি’ ও ‘সাইলেন্সড’-এর মতো সিনেমাও নির্মাণ করেছেন। ‘স্কুইড গেম’-এর জন্য তিনি আন্তর্জাতিকভাবে আরও পরিচিতি পান। এই সিরিজের মাধ্যমে অ-ইংরেজি ভাষার সিরিজ পরিচালনার জন্য প্রাইমটাইম এমি পুরস্কার পাওয়া প্রথম এশীয় নির্মাতা হন তিনি।

সিনেমাটি প্রযোজনা করবে ফার্স্টম্যান স্টুডিও। নির্মাতা হোয়াং দং-হিউক ও প্রযোজক কিম জি-ইয়নের এই প্রতিষ্ঠান ‘স্কুইড গেম’-এর আন্তর্জাতিক সাফল্যের সঙ্গেও যুক্ত।
‘কে.ও. ক্লাব’-এ অর্থনৈতিক বৈষম্য, সামাজিক স্থবিরতা ও প্রজন্মগত হতাশার মতো বিষয় তুলে ধরতে চান হোয়াং। সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ২০২৭ সালের প্রথমার্ধে।

কোরিয়া টাইমস অবলম্বনে