রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা যা-ই হোক, সিনেমা পছন্দ করার ক্ষেত্রে তাঁর রুচি আছে, এটা মানতেই হবে। বলছি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কথা। বিভিন্ন সময় বিবিসি, নিউইয়র্কার, মুভিলাইনসহ একাধিক গণমাধ্যমে তিনি জানিয়েছেন তাঁর পছন্দের সিনেমার তালিকা। ‘সিটিজেন কেইন’ সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি

গন উইথ দ্য উইন্ড (১৯৩৯)
শুধু ট্রাম্পই নন, জো বাইডেনের পছন্দের তালিকায়ও রয়েছে এ সিনেমা। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পটভূমিকায় জীবনের অস্থিরতা এ সিনেমায় দারুণভাবে ফুটে উঠেছে। ক্লার্ক গেবল, ভিভিয়ান লে, লেসলি হাওয়ার্ড, অলিভিয়া ডি হ্যাভিল্যান্ড অভিনীত এ সিনেমা পরিচালনা করেছেন ভিক্টর ফ্লেমিং।
অস্কারে রেকর্ডসংখ্যক আটটি শাখায় পুরস্কার পায়। সাহিত্যিক ও সাংবাদিক মার্গারেট মিচেলের একই নামের উপন্যাস থেকে নির্মিত হয়েছে এ সিনেমা।
সিটিজেন কেইন (১৯৪১)
ট্রাম্পের পছন্দের তালিকায় রয়েছে কালজয়ী সিনেমা সিটিজেন কেইন। চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আলোচিত সিনেমা। এক মিডিয়া মোগলের গল্প নিয়ে এ সিনেমা। এর প্রধান চরিত্র চার্লস ফস্টার কেইন। তার মৃত্যু দিয়েই শুরু হয় সিনেমা। পুরো সিনেমায় তার জীবনের গল্পই চলে ফ্ল্যাশব্যাকে। সাংবাদিক লিল্যান্ড, ব্যবসায়ী বার্নিস্টাইন এবং তার দ্বিতীয় স্ত্রী সুজানের সাক্ষাৎকারই এই স্মৃতিচারণার উৎস। চার্লস ফস্টার কেইনের হলুদ সাংবাদিকতা করে ধনী হয়ে ওঠা, নির্বাচনে অংশ নেওয়া এবং শেষে সার্বিক ব্যর্থতায় হতাশার সাগরে খাবি খাওয়ার মতো মানসিক যন্ত্রণা নিয়েই নির্মিত হয়েছে এ ছবি।
ক্যামেরার সামনের নায়ক ও পেছনের নায়ক—দুটি গুরুত্বপূর্ণ ভূমিকাতেই ছিলেন অরসন ওয়েলস! তিনিই এ সিনেমার পরিচালক এবং মূল চরিত্র চার্লস ফস্টার কেইন। সিনেমার প্রযোজকও ছিলেন তিনি!
পরে অনেকেই বলতে থাকেন, সিনেমাটি আসলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মিডিয়া মোগল উইলিয়াম রুডলফ হার্স্টের জীবনী। কিছু ঘটনা মিলেও যেতে থাকে। হার্স্ট যদিও সিনেমাটি তাঁর জীবদ্দশাতেই দেখে গেছেন। কিন্তু সিনেমাটির গল্প শুরু হয় মিডিয়া মোগল কেইনের মৃত্যুর মধ্য দিয়ে।
অস্কার মনোনয়নে রেকর্ডও গড়ে এ ছবি। ৯টি শাখায় মনোনয়ন বাগিয়েও একটি মাত্র শাখায় অস্কার পায় সিটিজেন কেইন। পরে এটাও জানা যায় যে অস্কার দৌড় থেকে ছিটকে পড়ার পেছনেও হার্স্টের হাত ছিল। এমনকি সিনেমাটিকে একেবারে ধ্বংসও করে দিতে চেয়েছিলেন বাস্তবের মোগল।
দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি (১৯৬৬)
ভিন্ন চরিত্রের তিন ব্যক্তিকে নিয়ে সিনেমা। একজন ভালো, একজন খারাপ, আরেকজন নিকৃষ্ট। তিনজনই গুপ্তধনের খোঁজে বের হয় আলাদা আলাদা পথে। মাঝপথে ঘটে নানা কাহিনি। মানুষের এই তিন সত্তাকে সিনেমায় তুলে ধরা হয়েছে। এটি পরিচালনা করেছেন সার্জিও লিওনি। ভিন্নভাবে দর্শকদের সামনে আসা এই তিন চরিত্রকে একবিন্দুতে মিলিয়ে দেয় গুপ্তধন।
গল্পের শেষে তিনজনই তিনজনের মুখোমুখি হয়। কে খুন হতে যাচ্ছে, এমন একটা টান টান দৃশ্য বিশ্ব–চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী হয়ে আছে। স্প্যাগেত্তি ওয়েস্টার্ন ঘরানার এই সিনেমা এখনো আইএমডিবির বিশ্বের সেরা ২৫০ তালিকায় ১০ নম্বরে রয়েছে। ট্রাম্প সিনেমাটির ভক্ত।
‘দ্য গডফাদার’ (১৯৭২)
মারিও পুজোর উপন্যাসকে রুপালি পর্দায় এনে ঝড় তুলেছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। মার্লোন ব্র্যান্ডো, আল পাচিনো অভিনীত ছবিটি কালজয়ী ছবি হিসেবে বিশ্বচলচ্চিত্রে জায়গা করে নিয়েছে। প্যারামাউন্ট প্রোডাকশন হাউস থেকে সিনেমাটি বানানোর প্রস্তাব দেওয়া হলে কপোলা সরাসরি জানিয়েছিলেন, হালকা ও সস্তা গল্প। সেই গল্পই মুক্তির পর বিশ্বের দর্শকদের কাছে আলোচিত হয়। সিনেমাটি মার্কিন অপরাধজগতের কাহিনি। মূল চরিত্র ইতালি থেকে আসা ভিটো কর্লিয়নি। কর্লিয়নি পরিবারের প্রধান। তাদের বিপরীতে আছে একাধিক মাফিয়া পরিবার। আধিপত্য বিস্তারের গল্প নিয়ে এগিয়ে যেতে থাকে সিনেমা। অস্কারে সেরা ছবিসহ তিনটি বিভাগে পুরস্কার পায় ‘দ্য গডফাদার’। সেরা অভিনেতা হিসেবে অস্কার জয় করেছিলেন মার্লোন ব্রান্ডো।
গুডফেলাস (১৯৯০)
‘দারুণ বিনোদনের সঙ্গে নক্ষত্রের মতো সব চরিত্র এবং অসাধারণ পরিচালনা। তীব্রতা গল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যায়, যা হৃদয় স্পর্শ করে,’ মার্টিন স্করসেজির সিনেমাটি নিয়ে এভাবে বলেন ট্রাম্প।
হেনরি হিল নামের এক মাফিয়ার জীবনের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। ছয়টি শাখায় অস্কার মনোনয়ন পায় গুডফেলাস। পার্শ্বচরিত্রের সেরা অভিনেতার পুরস্কার পান জো পেসি।