
১৭৭৮ সালের ১৮ জানুয়ারি নিছক একটা তারিখ নয়, সবার আড়ালে থাকা এক জনপদ আবিষ্কারের দিন। সেদিন হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক।
কুকের জন্ম ১৭২৮ সালের ৭ নভেম্বর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। কয়লা বহনকারী একটা জাহাজে তাঁর নাবিকজীবনের হাতেখড়ি। ১৭৬৮ সালে কুক নিযুক্ত হন ব্রিটিশ নৌবাহিনীর জরিপকারী এবং ‘এইচএমএস এনডেভার’ জাহাজের লেফটেন্যান্ট ইন কমান্ড হিসেবে।
দায়িত্ব নেওয়ার পরপরই কুকের নেতৃত্ব জাহাজ ছোটে তাহিতি দ্বীপে। ওই অভিযানে কুকের সঙ্গী হন বিজ্ঞানীরা। শুক্র গ্রহের গতিপথ নির্ণয় করতেই তাহিতি দ্বীপে পাড়ি জমান তাঁরা। ১৭৭১ সালে তাহিতি থেকে ইংল্যান্ডে ফিরে আসেন কুক। তারপর বেরিয়ে পরেন জলপথে গোটা পৃথিবী চক্কর দেওয়ার অভিযানে। ঘুরতে ঘুরতে আবিষ্কার করেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার উপকূল।
১৭৭২ সালে জেমস কুক ‘রেজল্যুশন’ ও ‘অ্যাডভেঞ্চার’ নামের দুটি জাহাজ নিয়ে বেরিয়ে পড়েন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। পরের তিন বছর তাঁর জাহাজ নোঙর করে অ্যান্টার্কটিকা অঞ্চলে। জাহাজে ভাসতে ভাসতে পৌঁছে যান নিউ হেবরাইডসে। তারপর আবিষ্কার করেন নিউ ক্যালেডোনিয়া দ্বীপ।
১৭৭৬ সালে ‘রেজল্যুশন’ ও ‘অ্যাডভেঞ্চার’–এর কমান্ডার হিসেবে আবার বেরিয়ে পড়েন ইংল্যান্ড থেকে। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্তকারী একটা জলপথ খুঁজে বের করাই লক্ষ্য ছিল ওই অভিযানের। ১৭৭৮ সালের ১৮ জানুয়ারি কুক আবিষ্কার করেন হাওয়াই দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ সম্পর্কে এর আগে কেউ কিছু জানতই না।
১৭৭৮ সালের ২০ জানুয়ারি কুক ও তাঁর দলবল নোঙর ফেলেন হাওয়াই দ্বীপপুঞ্জের কাওয়াই দ্বীপের ওয়েইমিয়া বন্দরে। কুক ওই দ্বীপমালার নাম রাখেন ‘স্যান্ডউইচ আইল্যান্ডস’। কুকের অভিযাত্রার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন ইংল্যান্ডের রাজনীতিবিদ জন মন্টাগু। ইংল্যান্ডে অভিজাত বংশের একটা পদবি ‘আর্ল অব স্যান্ডউইচ’। এই জন মন্টাগু ছিলেন ওই পরিবারের চতুর্থ উত্তরসূরি। তাঁর সম্মানেই কুক দ্বীপটির নাম রাখেন ‘স্যান্ডউইচ আইল্যান্ডস’।
যাহোক, কুক হাওয়াই দ্বীপে পা রাখার আগে সেখানকার অধিবাসীরা কোনো দিন শ্বেতাঙ্গ মানুষ দেখেননি। আজদাহা জাহাজ ছিল তাঁদের কল্পনার অতীত। আর ইউরোপীয় অভিযাত্রীদের লোহার জিনিসপত্র ব্যবহার করতে দেখে তাঁদের চোখ হয়ে গিয়েছিল ছানাবড়া। তাই কুককে তাঁরা গ্রহণ করেছিলেন অপার বিস্ময় ও ভক্তির সঙ্গে। ধারণা করা হয়, কুককে তাঁরা দেবতাজ্ঞানই করেছিলেন।
হাওয়াই থেকে বেরিয়ে কুকের জাহাজ দুটি সাময়িক বিরতি নেয় নিহাউ দ্বীপে, তারপর এগিয়ে যেতে থাকে আরও উত্তরে। লক্ষ্য ছিল উত্তর আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের মধ্যে পথ খুঁজে বের করা। বছরখানেক পর কুকের জাহাজ দুটি আবার হাওয়াই দ্বীপপুঞ্জে ফিরে আসে এবং নিরাপদ বন্দর হিসেবে খুঁজে নেয় কিয়ালাকেকুয়া উপকূলকে।
আগেই জেনেছেন, হাওয়াই দ্বীপপুঞ্জে কুক প্রথমবার পা রাখার পরই স্থানীয় অধিবাসীরা তাঁকে দেবতা ভেবে বসেছিলেন। বছরখানেক পর কুক আবার ফিরে আসার পর এটা নিয়ে তাঁদের আর কোনো সন্দেহই ছিল না! কিয়ালাকেকুয়াকে ধরা হতো স্থানীয়দের দেবতা লোনোর পবিত্র উপকূল হিসেবে। লোনো স্থানীয়দের উর্বরতার দেবতা। কাকতালীয়ভাবে দ্বীপে কুকের পদার্পণের সময় স্থানীয়রা শামিল হচ্ছিলেন দেবতা লোনোকে উৎসর্গ করা বিশেষ উৎসবে। ব্যস, কুককে তাঁরা সাক্ষাৎ দেবতা হিসেবেই মেনে নিলেন এবং কুকের সঙ্গীদেরও তুলে রাখলেন মাথায়। পরবর্তী এক মাস একেবারে রাজার হালে চললেন কুক ও তাঁর দলবল।
ঝামেলা বাধল কদিন পর, যখন কুকের এক নাবিক হুট করে মারা গেলেন। স্থানীয় লোকজন এক বিস্ময় থেকে আরেক বিস্ময়ে হাঁ হয়ে গেলেন। বুঝতে পারলেন, এরা দেবতা–টেবতা কিছুই নয়। চামড়া সাদা হলেও এরা আদতে রক্ত–মাংসের মানুষই। মোহভঙ্গ হতেই স্থানীয়দের সঙ্গে কুকদের সম্পর্কের অবনতি হতে লাগল। শেষতক ১৭৭৯ সালের ৪ ফেব্রুয়ারি হাওয়াই দ্বীপ ছাড়ার সিদ্ধান্ত নিলেন কুক। ফিরতি যাত্রা শুরু করল জাহাজ দুটি। কিন্তু সাগরের দুরন্তপনায় ভেঙে গেল ‘রেজল্যুশন’ জাহাজের মাস্তুল। ফলে এক সপ্তাহের মাথায় আবার হাওয়াই দ্বীপপুঞ্জে ফিরে আসতে বাধ্য হলেন কুক ও তাঁর দলবল।
এবার অবশ্য স্থানীয়রা কুক ও তাঁর দলকে ‘স্বাগত’ জানালেন পাথর ছুড়ে মেরে! ‘ডিসকভারি’ থেকে চুরি করলেন একটা ছোট নৌকা। দ্বীপপুঞ্জের রাজা কালানিওপুর সঙ্গে নৌকা ফেরতের জন্য দেনদরবার শুরু করলেন কুক। কিন্তু আলোচনা ভেস্তে গেল কুকদের গুলিতে একজন স্থানীয় নেতা প্রাণ হারালে। ফুঁসে উঠল হাওয়াইবাসী। উল্টো গুলি চালাতে লাগল কুকবাহিনী। কিন্তু শেষরক্ষা আর হলো না। অল্প কজন লেজ গুটিয়ে ছুটে গেলেন ‘রেজল্যুশন’–এর দিকে। জনতার হাতে মারা পড়লেন স্বয়ং ক্যাপ্টেন কুক।
কদিন পর বাকি নাবিকেরা বন্দুক চালিয়ে আর কামান দাগিয়ে জনা ত্রিশেক হাওয়াইবাসীকে হত্যা করে ছুটলেন জাহাজের দিকে। শেষতক দুটি জাহাজ ও প্রাণ নিয়ে তাঁরা ফিরে আসেন ইংল্যান্ডে। তবে ক্যাপ্টেন জেমস কুকের নাম ইতিহাসে লেখা হয়ে গেল পাকাপাকিভাবে।
কুকের এসব অভিযান নিয়ে বিতর্ক আছে। বিশেষ করে আদিবাসী হত্যার অভিযোগ সবচেয়ে গুরুতর। তারপরও অজানা দেশ আবিষ্কারের কীর্তি, সমুদ্রযাত্রায় প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতি ও স্বাস্থ্যবিধি প্রয়োগ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার তিনিই করেছিলেন। তাই অজানার খোঁজ দেওয়া অভিযাত্রীদের মধ্যে জেমস কুক ধ্রুবতারা।