
১৯৪১ সালের ৭ ডিসেম্বর। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী। জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাবনিকাশ পাল্টে যায়। জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসি একটা দেশ। চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধজয়ের পর রাশিয়ার সঙ্গে যুদ্ধজয়ে জাপান আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে। এরপর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করায় জাপান আরও সাম্রাজ্যবাদী হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধ–পরবর্তী অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে জাপান আধিপত্য প্রসারের ফন্দি আঁটে এবং ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের আধিপত্য বিস্তার শুরু করে। জাপানের এই আক্রমণাত্মক মনোভাব যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি। প্রথমে হুঁশিয়ার করেও ফল না আসায় যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। ফলে জাপান যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেলসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র আমদানি করা থেকে বঞ্চিত হয়। বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হলেও সেসব ফলপ্রসূ হয়নি। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার এক দশক আগে থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের যুদ্ধ একপ্রকার অনিবার্য হয়ে ওঠে।
উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি। ঘাঁটিটি বানানো হয় ১৯০৮ সালে। এরপর ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়। কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইলে দূরে অবস্থিত ছিল এই নৌঘাঁটি।
১৯৪১ সালের ২৬ নভেম্বর জাপানি বাহিনী ৬টি বিমানবাহী জাহাজ নিয়ে পার্ল হারবার আক্রমণের জন্য অগ্রসর হয়। জাহাজগুলোর সঙ্গে ছিল ৩৫৩টি বিমান, ৩টি ক্রুজার, ১১টি ডেস্ট্রয়ার ও কয়েকটি ছোট ডুবোজাহাজ। ৭ ডিসেম্বর সকাল ৭টা ৫৫ মিনিটে জাহাজ থেকে বোমারু বিমান উড়ে গিয়ে পার্ল হারবারের নৌঘাঁটি লক্ষ্য করে একের পর এক টর্পেডো নিক্ষেপ করতে থাকে। সেই সঙ্গে চলে প্রচণ্ড বোমা হামলা ও মেশিনগান থেকে গুলিবর্ষণ। নিমেষেই ধ্বংস হয়ে যায় মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমানসহ নানা যুদ্ধাস্ত্র। পাল্টা আক্রমণের জন্য নিজেদের প্রস্তুত করার আগেই মার্কিন বাহিনীর আটটি যুদ্ধজাহাজের মধ্যে চারটি ডুবে যায়, ক্ষতিগ্রস্ত হয় অবশিষ্ট চারটি। ঘাঁটিতে থাকা তিনটি ডেস্ট্রয়ার এবং আরও সাতটি জাহাজ ধ্বংস হয়। ধ্বংস হয় মার্কিন বাহিনীর তিন শতাধিক বিমান। জাপানের এই হামলায় নিহত হন ২ হাজার ৪০০ জন সামরিক ও বেসামরিক নাগরিক। আহতের সংখ্যা ছিল প্রায় ১ হাজার ২০০।
জাপানের সঙ্গে সামরিক উত্তেজনা থাকা সত্ত্বেও পার্ল হারবারের মতো গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে নিরাপত্তা বাড়ানোর জন্য কিছুই করা হয়নি। মূলত প্রায় চার হাজার মাইল পথ পাড়ি দিয়ে জাপান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি আক্রমণ করবে, এটা কেউ কল্পনাও করেননি। ফলে অনেকটা অরক্ষিত নৌঘাঁটিটি জাপানের সহজ লক্ষ্যে পরিণত হয়।
অতর্কিত আক্রমণে নৌঘাঁটির সদস্যরা এতটাই বিহ্বল হয়ে পড়েন যে পাল্টা আক্রমণ করা দূরের কথা, আক্রমণ প্রতিহত করাই তাঁদের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে। তা ছাড়া দিনটি ছিল রোববার, সাপ্তাহিক ছুটি। সবাই ছিলেন ছুটির মেজাজে। অনেকে তখন ধর্মীয় প্রার্থনায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই মার্কিন বাহিনী বীরত্বের সঙ্গে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। সকাল ১০টার মধ্যে জাপানি বাহিনী আক্রমণ শেষ করে জাহাজে ফিরে যাওয়ার আগে মার্কিন বাহিনী জাপানের ২৯টি বিমান ও ৫টি ছোট ডুবোজাহাজ ধ্বংস করতে সক্ষম হয়। তা ছাড়া মার্কিন পাল্টা হামলায় নিহত হন ৬৪ জাপানি সেনা।
এর আগে সকাল ৭টা ২ মিনিটে হনলুলু দ্বীপে স্থাপিত মার্কিন রাডারে অনেক বিমানের ছবি ভেসে আসে। তথ্যকেন্দ্রটির কর্মকর্তারা মনে করেছিলেন, বিমানগুলো মার্কিন বোমারু বিমান ‘বি-১৭’। তাঁদের কাছে তথ্য ছিল, মার্কিন বোমারু বিমানগুলো ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপের উত্তর–পূর্ব দিকে আসবে। তথ্যকেন্দ্রের কর্মকর্তাদের এই ভুলের বড় মাশুল দিতে হয় মার্কিন সামরিক বাহিনীকে। তবে সৌভাগ্যবশত যুক্তরাষ্ট্রের তিনটি প্রশান্ত মহাসাগরীয় নৌবহর সেদিন প্রশিক্ষণের জন্য সমুদ্রে ছিল। ফলে সেগুলো জাপানি বাহিনীর আক্রমণ থেকে বেঁচে যায়।
জাপানি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ইসোরোকু ইয়ামামোতো পার্ল হারবার আক্রমণের পরিকল্পনা করেছিলেন। জাপানের প্রধানমন্ত্রী টোজো হিদেকিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় আগ্রহী ছিলেন। নৌবাহিনীর প্রধান ইয়ামামোতো প্রধানমন্ত্রীকে প্রথমেই সরাসরি যুদ্ধে না জড়িয়ে হঠাৎ আক্রমণ করে যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে দুর্বল করা এবং মনোবল ভেঙে দেওয়ার পরামর্শ দেন।
পার্ল হারবার আক্রমণের কয়েক ঘণ্টা পর জাপানের সম্রাট হিরোহিতো যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সাম্রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এর পরদিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পৃথকভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে মাত্র দুই দিনের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নতুন মাত্রা যুক্ত হয়।
প্রথমবার পার্ল হারবার আক্রমণের ছয় মাস পর দ্বিতীয়বার পার্ল হারবার আক্রমণের পরিকল্পনা করেন অ্যাডমিরাল ইয়ামামোতো। পরিকল্পনা অনুযায়ী জাপান হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দেড় হাজার মাইল দূরে মিডওয়ে দ্বীপে ঘাঁটি তৈরি করে। কিন্তু জাপানের বেতার যোগাযোগের সব তথ্য যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস হয়ে গেলে যুক্তরাষ্ট্র অতর্কিত হামলা করে ডুবিয়ে দেয় জাপানিদের ৪টি যুদ্ধজাহাজ এবং ধ্বংস করে ৩২২টি বিমান। এ হামলায় নিহত হন প্রায় পাঁচ হাজার জাপানি সেনা। এখানেই থেমে থাকেনি যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা করে দুই লাখের বেশি মানুষকে হত্যার পাশাপাশি শহর দুটি ধ্বংস করে দেয়।