বিজ্ঞান বলে, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। হাইস্কুলে পড়েছি। পড়েছি বলতে মুখস্থ করেছি, বুঝিনি। বোঝার প্রয়োজনও হয়নি। চাপ কাকে বলে, কত প্রকার ও কী কী, সেটা বুঝলাম রস+আলোর সেকেন্ড সিজনের ফার্স্ট এপিসোডের পর। চারপাশ থেকে কালবৈশাখীর মতো ধেয়ে এল একটাই কথা, ‘AI তাহলে রস+আলো!’
গত কয়েক বছর ধরেই শুনছি, এই এআই বস্তুটা (নাকি ব্যক্তি!) সব মানুষের চাকরি খেয়ে দেবে। এই কথায় বিশ্বাস করে মাথা খারাপ করার কোনো কারণ দেখি না। এআই বড়জোর মানুষের প্রেম ভাঙার কারণ হতে পারে (বাংলার প্রেমিকা-সমাজের বিশ্বাস, তাদের প্রেমিকের চাইতে এআই তাদের বেশি সময় দেয়, মনের খবর রাখে!)। কিন্তু রস+আলো প্রকাশের পর দেখলাম, মাই গড, এখানে তো ঘটনা আছে!
চারপাশের চাপ তো আছেই, উপরমহল থেকেও আমার ওপর লম্বভাবে বল প্রযুক্ত হলো, মানে চাপ এল।
গম্ভীর গলায় জাস্ট একটাই কথা, ‘কেন?’
আমার সংক্ষিপ্ত উত্তর, ‘সরি!’
‘এমন হলে চাকরি থাকবে না।’
আমি হতভম্ব হয়ে গেলাম। এআই মানুষের চাকরি খেয়ে দেবে, এই কথাটা তাহলে সত্যি!
প্রথম সংখ্যায় এআই ব্যবহারের নানাবিধ কারণ থাকলেও চুপ করে থাকলাম। বলে আর হবেটাই-বা কী।
আমি শুধু একটা কথাই বললাম,
‘Ai জীবনে রস+আলোতে Ai-এর স্থান আর হবে না!’
—বি.স.