ইতিহাসের এই দিনে

বিখ্যাত লেখক এডগার অ্যালান পোর জন্ম

এডগার অ্যালান পো (১৮০৯–১৮৪৯)
ছবি: সংগৃহীত

এডগার অ্যালান পোর নামের সামনে বিশেষণ জুড়ে দিতে গেলে প্রথমে সাধারণত ‘ছোটগল্পকার’ই লেখা হয়। কারণ, উপন্যাস তিনি লিখেছেন মাত্র একটি। ‘ন্যারেটিভ অব আর্থার গর্ডন পিম অব নানটাকেট’ নামের উপন্যাসটি বের হয় ১৮৩৮ সালে। এতে দেখা যায়, মাঝসমুদ্রে ডুবে যাওয়া নৌযানে বেঁচে থাকে চার যাত্রী এবং তাদের মধ্যে তিনজন খিদের চোটে কেবিনবয়কে খেয়ে ফেলে। ওই কেবিনবয়ের নাম ছিল রিচার্ড পার্কার। পোর উপন্যাসটি বের হওয়ার ৪৬ বছর পরের কথা। ১৮৮৪ সালে ‘মিনোনেত্তে’ নামের একটি ইয়ট ইংল্যান্ডের সাদাম্পটন থেকে যাচ্ছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝদরিয়ায় নৌযানটি ডুবে গেলে টিকে থাকেন চারজন। তাঁদের মধ্যে তিনজন খিদের চোটে ইয়টের কেবিনবয়কে খেয়ে ফেলেন! ওই কেবিনবয়ের নাম কী ছিল, জানেন? রিচার্ড পার্কার!

এডগার অ্যালান পোর জন্ম ১৮০৯ সালের ১৯ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে। তাঁর ছোটগল্প, কবিতা ও উপন্যাস কালজয় করেছে। ইংরেজি সাহিত্যে বিজ্ঞান কল্পকাহিনি ও গোয়েন্দা গল্পের স্রষ্টা মানা হয় তাঁকে।

পোর মা–বাবা দুজনই ছিলেন অভিনয়শিল্পী। বাবা তাঁদের ছেড়ে অন্য কোথাও চলে যান ১৮১০ সালে। টিবিতে আক্রান্ত মা মারা যান ঠিক পরের বছর। ভার্জিনিয়ার ধনী ব্যবসায়ী জন অ্যালান পোকে তাঁর বাড়িতে নিয়ে যান। অ্যালান–পরিবার তাঁকে নেয় পালক সন্তান হিসেবে এবং তাঁরা কখনোই কাগজে–কলমে পোকে দত্তক নেয়নি। অ্যালান–পরিবারই অবশ্য তাঁর নাম রাখে ‘এডগার অ্যালান পো’।

১৮১৫ সালে ইংল্যান্ডে পাড়ি জমায় অ্যালান–পরিবার। পোর প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় সেখানেই। ১৮২৫ সালে চাচা উইলিয়াম গল্ট মারা যাওয়ার আগে পোকে লিখে দেন সে সময়ের ৭৫ হাজার ডলার (এখন যা ১৮ লাখ ডলারের বেশি)। ১৮২৬ সালে প্রাচীন ও আধুনিক ভাষা বিষয়ে পড়তে পো ভর্তি হন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায়।

তবে জুয়ার আসরে টাকা উড়িয়ে দেনার দায়ে পড়েন পো। পালক বাবার কাছ থেকে সরে যান দূরে। বিশ্ববিদ্যালয়জীবনের ইতি ঘটে সেখানেই। টিকে থাকার জন্য মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন পো। চাকরিতে উন্নতি করছিলেন তরতর করে। তবে দুই বছর পর চাকরিটা হারান নিয়ম লঙ্ঘনের দায়ে। এই সময়ের মধ্যে তিনটি কবিতার বই প্রকাশ করেন পো। কোনোটাই পাঠকপ্রিয়তা পায়নি।

১৮৩৬ সালে পো বিয়ে করেন তাঁর ১৩ বছর বয়সী ফুপাতো বোন ভার্জিনিয়া ক্লেমকে। আর তত দিনে ভার্জিনিয়ার রিচমন্ডে ‘সাদার্ন লিটারারি মেসেঞ্জার’ পত্রিকার সম্পাদক তিনি। ১৮৩৮ সালে পোর উপন্যাস ‘দ্য ন্যারেটিভ অব আর্থার গর্ডন পিম অব নানটাকেট’ বের হয়। অতিরিক্ত মদ্যপানের কারণে ‘মেসেঞ্জার’ পত্রিকার চাকরি হারান পো। ভার্জিনিয়া ক্লেমকে নিয়ে চলে যান ফিলাডেলফিয়ায়। সেখানে গিয়ে সম্পাদক হিসেবে যোগ দেন মাসিক ‘বার্টনস জেন্টলম্যানস ম্যাগাজিনে’।

পোর ‘দ্য ফল অব দ্য হাউস অব আশার’ ও ‘দ্য টেল-টেল হার্ট’-এর মতো বইগুলো পাঠকমহলে পরিচিতি এনে দেয়। সঙ্গে আলোচনা–সমালোচনাও চলতে থাকে। কাছাকাছি সময়ে পো হাত দেন রহস্যগল্পে। ‘দ্য মার্ডার্স ইন দ্য রু মর্গ’ ও ‘দ্য পারলোয়েনড লেটার’ পায় দারুণ জনপ্রিয়তা এবং একসময় তা পুরো দুনিয়ায় আলোড়ন ফেলে দেয়।

১৮৪৪ সালে পো থিতু হন নিউইয়র্কে। ১৮৪৫ সালের ২৯ জানুয়ারি ‘আমেরিকান রিভিউ’য়ে প্রকাশিত হয় পোর কালজয়ী কবিতা ‘দ্য র‍্যাভেন’। কবিতাটি তাঁকে রাতারাতি দেশজোড়া খ্যাতি এনে দিয়েছিল। পত্রিকায় প্রকাশিত হতে থাকে তাঁর ছোটগল্প ও অন্যান্য রচনা। তবে জনপ্রিয়তার পারদ ওপরের দিকে উঠতে থাকে তাঁর ভৌতিক ও রহস্যগল্পের জন্য।

পোর জীবনটা কি সুখের ছিল? হ্যাঁ, সুখ তাঁর জীবনে এসেছিল সাময়িক সময়ের জন্য। আদতে তাঁর জীবন ছিল ভীষণ সংগ্রামমুখর। ১৮৪৭ সালের জানুয়ারি মাসে স্ত্রীবিয়োগের কারণে পোর জীবনে নেমে আসে গাঢ় অন্ধকার। স্ত্রীর অকাল মৃত্যুর পর ডুবে যান মাদকের অন্ধকার জগতে। ১৮৪৯ সালে পো ফিরে যান রিচমন্ডে। সেখানে দেখা হয় তাঁর পুরোনো প্রেমিকার সঙ্গে। তাঁকে বিয়ের করার কথাও মোটামুটি পাকাপাকি হয়ে গিয়েছিল। তবে পোর মৃত্যু হয় কদিনের মধ্যে, তখন তাঁর বয়স মাত্র ৪০।

তাঁর অকাল মৃত্যু ঘিরে রহস্যের জট আজও খোলেনি। মৃত্যুর আগে পাঁচ দিনের জন্য হারিয়ে গিয়েছিলেন পো। যখন তাঁকে পাওয়া গেল, তখন শারীরিকভাবে ভেঙে পড়েছেন। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। ১৮৪৯ সালের অক্টোবর মারা যান পো। তাঁর মৃত্যুর কারণ হিসেবে যা প্রচার করা হয় তা-ও বেশ অদ্ভুত—‘মস্তিষ্কের অস্বাভাবিক সংকোচন’। ইতিহাসবিদ ও আলোচকেরা তাঁর মৃত্যুর কারণ হিসেবে বিভিন্ন সময় হত্যা থেকে শুরু করে র‍্যাবিস পর্যন্ত নানান রকম কারণ অনুমান করলেও আজ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।