
এক ডেন্টিস্টের চেম্বারে চোর ধরা পড়ল।
দারোয়ান চোরকে জাপটে ধরেছে। লোকজনও ভিড় করে ফেলেছে।
ডেন্টিস্ট এসে জিজ্ঞেস করলেন, ‘এখানে কী করতে এসেছিলে? অ্যাঁ?’
চোর কোনো রকমে বলল, ‘আমার দাঁত।’
দারোয়ান বলল, ‘ভালা কইরা বল।’
চোর বলল, ‘আমি আসলে আমার হারানো দাঁতটা খুঁজতে আইছিলাম!’
এক দোকান থেকে গোপনে তিনটি চকলেট পকেটে ঢোকাল হাবু।
দোকান থেকে বেরিয়ে এসে লাবুকে বলল, ‘দেখলি, চকলেট চুরি করলাম। দোকানদার টেরও পেল না।’
লাবু বলল, ‘তাই? তাহলে চল একটা ম্যাজিক দেখাই।’
হাবু বলল, ‘কী ম্যাজিক?’
লাবু বলল, ‘গেলেই দেখবি।’
কথামতো দুজনই গেল দোকানে। লাবু দোকানদারকে বলল, ‘ম্যাজিক দেখবেন? এই তিনটি চকলেট খেলাম আপনার বয়াম থেকে। এখন আমার খাওয়া চকলেট তিনটি পাবেন ওর পকেটে।’
চোখের সমস্যায় ভুগছে এক ক্রিকেটার।
চক্ষু চিকিৎসকের কাছে গেল সে—
ক্রিকেটার: ডাক্তার সাহেব, ব্যাটিংয়ের সময় তিনটা করে বল দেখছি!
চিকিৎসক: ব্যাপার না, এর চিকিৎসাও সোজা! ব্যাট দিয়ে ঠিক মাঝের বলটা মারবেন।
ক্রিকেটার: কিন্তু কোন ব্যাটটা দিয়ে মারব? ব্যাটও তো দেখছি তিনটা!
কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসেছে।
তাদের মধ্যে লাবু নামের একজন কয়েক ব্যাচ জুনিয়রদের আড্ডায় গিয়ে হাজির।
আড্ডায় গিয়ে বলল, ‘জানো, আমাদের ব্যাচের কেউ–ই কোনো পরীক্ষায় তেমন একটা ফেল করতাম না।’
জুনিয়রদের একজন ফিসফিসিয়ে বলল, ‘হুম! এবং এ–ও জানি, আপনাকে সবাই চাপাবাজ ডাকত।’
ডাকার পরও বেয়াদবি করে চলে যাওয়ায় বিল্টু, বাবু ও কবিরের ওপর ভীষণ রেগে গেলেন স্যার। কিন্তু হাতের কাছে পেলেন কেবল বিল্টুকে। শাস্তি দেওয়ার জন্য খাতায় নাম লিখবেন বলে খাতা খুলতে খুলতে স্যার জিজ্ঞেস করলেন, ‘তো বিল্টু, ওখানে তোমার সঙ্গে আর কে কে ছিল, নাম বলো।’
বিল্টু চুপ করে দাঁড়িয়ে থাকল।
স্যার রাগে কাঁপতে কাঁপতে বললেন, ‘কি বিল্টু, বেশি সাহস হয়ে গেছে? ওদের নাম বলবাই না? তাহলে তোমার নাম বলো!’
বার্ষিক দৌড় প্রতিযোগিতায় বরাবরই প্রথম পুরস্কারটা পায় বাবু।
কিন্তু বছরের বাকি দিনগুলোতে সব জায়গায়ই সে দেরিতে পৌঁছায়।
একদিন পিটি স্যার বললেন, ‘কী ব্যাপার, বাবু, তুমি দৌড়ে এত ভালো; অথচ ক্লাসে কিংবা মাঠে এত দেরিতে আসো কেন?’
বাবু অকপটে বলল, ‘স্যার, বার্ষিক দৌড় প্রতিযোগিতার জন্য স্ট্যামিনা সঞ্চয় করে রাখতে হয় তো, সে জন্যই...।’