রসক্লেইমার

আবারও স্যরি…

গত সংখ্যার রস+আলো ছিল কভার ছাড়া। কারণ, আইডিয়ার তীব্র সংকট। ভাবলাম, একমাত্র পাঠকই আমাকে এই সংকট থেকে উদ্ধার করতে পারে। তাই কভারে লিখলাম, স্যরি। আর পাঠকদের বললাম, এই শূন্য কভার ভালো না লাগলে মনের মতো কভার এঁকে নিন। আর ছবি তুলে দিন। সেরা কভার পরের সংখ্যায় ছাপাব। সামান্য অর্থ পুরস্কারও থাকবে।

তো, কভার ছাড়া এই রস+আলো প্রকাশের পরই আমি মোটামুটি পাগল হয়ে গেলাম। পরিচিতরা একটার পর একটা ফোন করেই যাচ্ছে।

এক ছোট ভাই ফোন করল, ভাই, আপনার শরীরটা ঠিক তো?

আমি বললাম, হ্যাঁ। কেন?

ছোট ভাই গম্ভীর গলায় বলল, ভাই, আইডিয়া ছাড়া মানুষ বাঁচে না। শুনলাম, আপনার নাকি আইডিয়ার সংকট। বেশি দিন আর বাঁচবেন না বলেই মনে হচ্ছে… 

আমি খট করে রেখে দিলাম। রসিকতারও একটা সীমা আছে!

সে রসিকতার সীমা থাকুক না-থাকুক, আমার ভাই-ব্রাদারদের প্রশ্নের সীমা রইল না। একজন জানতে চাইল, ভাই, কভার কি হাতে আঁকব?

আমি বললাম, চাইলে পায়েও আঁকতে পারেন। সেদিন ফেসবুকের একটা রিলে দেখলাম, একটা হাতি শুঁড় দিয়ে হাতি আঁকছে। আপনার তো আর শুঁড় নাই…

ভাই গম্ভীর গলায় বলল, আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছি।

এই পর্যন্ত তা–ও ঠিক আছে। কিন্তু ৩ নভেম্বর প্রথম আলোর ফেসবুক পেজে ‘স্যরি’ পোস্ট হওয়ার পর ঘটনা আরও জটিল হয়ে গেল। মেসেজ আর ফোনের বন্যায় মোটামুটি ভেসে গেলাম। এবার সবাই তথ্য চায়। এক সাংবাদিক ভাই ফোন দিলেন। বললেন, প্রথম আলো স্যরি কেন বলল? এই স্যরির সাথে রস+আলোর কভারের স্যরির সম্পর্ক কী?

আমি বললাম, এই স্যরির সাথে ওই স্যরির বৈধ কিংবা অবৈধ, কোনো সম্পর্কই নাই। রস+আলো পাঠকদের কাছে কভার চায়। আপনি কি কভার আঁকতে পারেন? পারলে এঁকে ফেলুন। ৫০০ টাকা পুরস্কার পাবেন।

সাংবাদিক ভাই রাগ করে ফোন রেখে দিলেন। সম্ভবত তাঁর তথ্যই প্রয়োজন, এই সামান্য অর্থের প্রয়োজন নেই।

যাহোক, এই ‘রসালো’ কভার কন্টেস্টে অসংখ্য পাঠক অংশ নিয়েছেন। চমৎকার সব কভার এঁকেছেন। সেখান থেকেই বাছাই করা কিছু কভার এই সংখ্যায় ছাপানো হলো। সেরা তিনজনের সঙ্গে যোগাযোগ করা হবে।

তবে এই সেরা ৩ বাছাই করতে গিয়ে রস+আলো টিমের মোটামুটি চুল ছেঁড়ার অবস্থা। এত ভালো ভালো সব কভার, কোনটা ছেড়ে কোনটা রাখি! তাও কনটেস্ট যেহেতু, কঠিন এই কাজ তো করতেই হবে। 

বুঝলাম, এই ধরনের সমস্যাকেই আসলে মধুর সমস্যা বলে! আমাকে এই মধুর সমস্যায় ফেলার জন্য পাঠকদের ধন্যবাদ।

দ্রষ্টব্য: যাঁদের আঁকা কভার ছাপা হয়নি, তাঁদের কাছে আবারও স্যরি! 

—বি.স.