ইতিহাসের এই দিনে

প্রশান্ত মহাসাগরে প্রবেশ করল ম্যাগেলানের জাহাজ

আলভারো কাসানোভা জেনটেনোর আঁকা ‘ডিসকভারি অব দ্য স্ট্রেইট অব ম্যাগেলান’
ছবি: উইকিমিডিয়া কমনস

১৫ শতকে মসলা ছিল বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য, অনেকটা আজকের দিনের তেলের মতো। শীতল ও শুষ্ক ইউরোপে মসলার চাষ হতো না। ইউরোপে মসলা আমদানি করা হতো ইন্দোনেশিয়ার স্পাইস দ্বীপপুঞ্জ থেকে। এ কারণে ইউরোপ থেকে ভারত মহাসাগরে অবস্থিত সমৃদ্ধ স্পাইস দ্বীপপুঞ্জে যাওয়ার দ্রুততম সমুদ্রপথ আবিষ্কারের কোনো প্রচেষ্টা বাকি ছিল না। তখনকার দিনে ইউরোপ থেকে ভারত মহাসাগরে যাওয়ার জন্য আফ্রিকা মহাদেশের পাশ দিয়ে, অর্থাৎ পুব দিক দিয়ে যেতে হতো। পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দো ম্যাগেলান ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে দক্ষিণ আমেরিকার পাশ দিয়ে, অর্থাৎ পশ্চিম দিক দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেন।

ম্যাগেলানের জন্ম পর্তুগালে। নাবিকজীবন শুরু করেন পর্তুগিজ নৌবাহিনীর হয়ে। অল্প দিনেই সুনাম অর্জন করেন দুঃসাহসিক অভিযাত্রী হিসেবে। ম্যাগেলান পর্তুগিজ রাজা প্রথম ম্যানুয়েলের কাছে পশ্চিম দিক দিয়ে স্পাইস দ্বীপপুঞ্জে সমুদ্রযাত্রার জন্য সহায়তা চান। রাজা সমর্থন না দেওয়ায় পর্তুগিজ জাতীয়তা ত্যাগ করে পাড়ি জমান স্পেনে। সেখানে গিয়ে তরুণ রাজা প্রথম চার্লসের কাছে নতুন সমুদ্রপথে বাণিজ্যে যাওয়ার সমর্থন চান এবং রাজা চার্লস ম্যাগেলানের সমুদ্র অভিযানে অর্থায়ন করতে রাজি হন। ম্যাগেলান রাজাকে প্রতিশ্রুতি দেন, তাঁর পশ্চিমমুখী সমুদ্রযাত্রা স্পেনে অপরিমেয় সম্পদ নিয়ে আসবে।

ম্যাগেলান ১৫১৯ সালের ২০ সেপ্টেম্বর ৫টি জাহাজ ও ২৭০ জন সহযোগী নিয়ে স্পেন থেকে যাত্রা শুরু করেন। পশ্চিম আফ্রিকা পার হয়ে দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশের জন্য একটা প্রণালির অনুসন্ধান করেন তিনি। এ ধরনের কোনো প্রণালি খুঁজে না পাওয়া পর্যন্ত পাতাগোনিয়ার উপকূল বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকেন। ১৫২০ সালের ২১ অক্টোবর কাঙ্ক্ষিত প্রণালিটি খুঁজে পান ম্যাগেলান। পরবর্তী সময়ে তাঁর নামানুসারে ওই প্রণালির নাম রাখা হয় ‘ম্যাগেলান প্রণালি’। যাহোক, প্রণালিটি খুঁজে পেতে পেতে পাঁচটি জাহাজের একটি ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায় এবং অন্যটির ক্যাপ্টেন বিদ্রোহ করে স্পেনে ফিরে যান। তিনটি জাহাজ নিয়ে ২৮ নভেম্বর প্রণালিটি পার হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন ম্যাগেলান। চোখের সামনে প্রশান্ত মহাসাগর দেখে ম্যাগেলান আনন্দে কেঁদে ফেলেছিলেন।

ম্যাগেলান প্রথম ইউরোপীয় নাবিক হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছান। প্রশান্ত মহাসাগরে তিনি প্রবেশ করেন দক্ষিণ আমেরিকার বিপজ্জনক প্রণালিটির মধ্য দিয়ে। মহাসাগরের পানি এতটাই শান্ত ছিল যে তিনি এর নাম দেন ‘প্যাসিফিক ওশান’ বা প্রশান্ত মহাসাগর। ৯৯ দিন পর তাঁরা পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের গুয়াম দ্বীপে অবতরণ করেন।

এর ১০ দিন পর ম্যাগেলানের নৌবহর ফিলিপাইনের সেবু দ্বীপে নোঙর করে। সেবু দ্বীপ স্পাইস দ্বীপপুঞ্জ থেকে মাত্র ৪০০ মাইল দূরে ছিল। ম্যাগেলান দ্বীপের অধিবাসীদের প্রধানের সঙ্গে দেখা করেন। সেবু দ্বীপের অধিবাসীদের সঙ্গে পার্শ্ববর্তী ম্যাকটন দ্বীপের অধিবাসীদের বিরোধ ছিল। সেবু দ্বীপের প্রধান ম্যাগেলানকে প্রতিদ্বন্দ্বী ম্যাকটন দ্বীপের অধিবাসীদের সঙ্গে যুদ্ধ করে দ্বীপটি দখল করতে রাজি করান। ম্যাগেলান ভেবেছিলেন, তিনি তাঁর উন্নত অস্ত্র দিয়ে দ্রুত বিজয় অর্জন করবেন। কিন্তু ১৫২১ সালের ২৭ এপ্রিল ম্যাকটন দ্বীপের অধিবাসীদের সঙ্গে যুদ্ধের সময় বিষাক্ত তিরের আঘাতে ম্যাগেলান নিহত হন। এ যুদ্ধে ম্যাগেলান ছাড়াও শতাধিক নাবিক নিহত হয়েছিলেন।

ম্যাগেলানের মৃত্যুর পর বেঁচে থাকা নাবিকেরা দুটি জাহাজে করে (একটি জাহাজ হারিয়ে গিয়েছিল) স্পাইস দ্বীপপুঞ্জের দিকে রওনা হন। তাঁরা মসলা কিনে জাহাজ দুটি বোঝাই করেন। একটি জাহাজ প্রশান্ত মহাসাগর পেরিয়ে ফিরে আসার চেষ্টা করে ব্যর্থ হয়। ‘ভিক্টোরিয়া’ নামের অন্য জাহাজটি ক্যাপ্টেন সেবাস্তিয়ান ইলক্যানোর অধীন চলতে থাকে। জাহাজটি ভারত মহাসাগর পেরিয়ে উত্তমাশা অন্তরীপ হয়ে ১৫২২ সালের ৬ সেপ্টেম্বর পুনরায় স্পেনে ফিরে আসে। তখন জাহাজটিতে মাত্র ১৮ জন নাবিক বেঁচে ছিলেন। ১ হাজার ৮৩ দিনে ৮২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে ‘ভিক্টোরিয়া’ পৃথিবী প্রদক্ষিণকারী প্রথম জাহাজ হিসেবে ইতিহাসে নাম লেখায়।

প্রথম নাবিক হিসেবে পৃথিবী প্রদক্ষিণের জন্য সেবাস্তিয়ান ইলক্যানোকে স্পেন সরকার নানা ধরনের পুরস্কারে ভূষিত করে। সারা জীবন সমুদ্রে বসবাসকারী দুঃসাহসিক এই নাবিক ১৫২৬ সালে প্রশান্ত মহাসাগরে অপুষ্টির শিকার হয়ে মৃত্যুবরণ করেন।