ইতিহাসের এই দিনে

ডিনামাইটের উদ্ভাবক থেকে শান্তির দূত হয়ে ওঠা আলফ্রেড নোবেলের জন্ম

আলফ্রেড নোবেল (১৮৩৩–১৮৯৬)
প্রতিকৃতি: এমিল ওস্টারম্যান

আলফ্রেড নোবেলের বড় ভাই লুদভিগ নোবেল মারা যান ১৮৮৮ সালে। ইউরোপের কয়েকটি সংবাদপত্র ভেবেছিল, ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলই বুঝি মারা গেছেন। তাই পত্রিকাগুলো তাঁর মৃত্যুর খবরটাও ছেপে দিয়েছিল! এই ভুল মৃত্যুসংবাদ প্রকাশ নিয়ে মিথ্যা একটা প্রচারণাও ছড়িয়ে পড়েছে। বলা হয়, ইউরোপের কিছু পত্রিকা নাকি আলফ্রেডের মৃত্যুতে উচ্ছ্বাস আর স্বস্তি প্রকাশ করেছিল। পত্রিকার শিরোনাম নাকি হয়েছিল, ‘মারা গেলেন মৃত্যুর বণিক’।

পত্রিকায় আলফ্রেডের ভুল মৃত্যুসংবাদে আদতে যা লেখা হয়েছিল

এর সঙ্গে মিথ্যা প্রচারণায় এটাও বলা হয়, পত্রিকাগুলোর এই ভ্রান্তি আলফ্রেড নোবেলের মনে গভীর রেখাপাত করে। তাই এমন কিছু করে যাওয়ার কথা তিনি ভাবেন, যার ফলে মৃত্যুর পরে সবাই তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। এ কারণেই নাকি মৃত্যুর আগে উইলে প্রায় পুরো সম্পত্তি মানবকল্যাণে ব্যয় করার জন্য দান করেন আলফ্রেড। আদতে এই প্রচারণা ভুল বা মিথ্যা।

তবে এটা ঠিক, বড় ভাইয়ের মৃত্যুসংবাদটাকে তাঁর মৃত্যুসংবাদ হিসেবে প্রকাশ করায় আলফ্রেড বিব্রতই হয়েছিলেন। মনোজগতে পরিবর্তন এসেছিল কি না, তা অবশ্য হলফ করে বলার জো নেই। কারণ, আলফ্রেডের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষণ্নতার পাল্লাটাও ভারী হয়েছিল। আর জীবনের প্রায় সব অর্জিত সম্পত্তি দান করে যাওয়ার পেছনে হয়তো তাঁর বান্ধবী বার্থা কিন্সকির পরামর্শ জ্বালানী হিসেবে কাজ করেছিল। সব মিলিয়ে, আলফ্রেড বিশ্বমানবতার জন্য কাজ করতে চেয়েছিলেন নিঃস্বার্থেই। তাঁর উইল অনুসারে প্রবর্তন করা হয় নোবেল পুরস্কার, যা ১০০ বছরের বেশি সময় পুরো পৃথিবীতে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের সম্মান জানাচ্ছে।

আলফ্রেড নোবেলের উইলের প্রথম পৃষ্ঠা

আলফ্রেড নোবেলের জন্ম ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে। বাবা ইমানুয়েল নোবেল ছিলেন প্রকৌশলী। যুদ্ধাস্ত্র তৈরির পাশাপাশি নতুন নতুন বিস্ফোরক উদ্ভাবন করতেন তিনি। আলফ্রেডের যখন জন্ম হয়, তখন ইমানুয়েলের আর্থিক অবস্থা ছিল খুব খারাপ। এদিকে জন্ম থেকেই ভীষণ রুগ্ণ ছিলেন আলফ্রেড। পেটের পীড়া আর হৃৎপিণ্ডের নানা জটিলতা ছিল তাঁর। দুর্বল স্বাস্থ্যের কারণে খেলাধুলায় কোনো উৎসাহই পেতেন না, কোনো বন্ধুও ছিল না তাঁর।

আলফ্রেডের বয়স যখন চার বছর, তখন তাঁর বাবা জীবিকার সন্ধানে পরিবার রেখে চলে যান ফিনল্যান্ডে। সেখানে গিয়েও তেমন সুবিধা করতে না পেরে চলে যান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। সে সময় ইংল্যান্ডের সঙ্গে রাশিয়ার ক্রিমিয়ার যুদ্ধের পাঁয়তারা চলছে। সম্ভাব্য যুদ্ধের বাজারে গোলাবারুদ, মাইন ও বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করে সাফল্য অর্জন করলেন ইমানুয়েল। এরপর পুরো পরিবার নিয়ে গেলেন সেন্ট পিটার্সবার্গে।

তরুণ বয়সে কবিতার প্রতি ভালো লাগা থেকে কাব্যচর্চা শুরু করেন আলফ্রেড। বাবা ইমানুয়েল তাঁর এই কাব্যচর্চার কথা জানতে পারেন। ঠিক করেন, ছেলেকে তাঁর কারখানার দায়িত্ব দেবেন। তাই প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দেন রাশিয়ার বাইরে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্রে কয়েকজন বিশিষ্ট প্রকৌশলৗ ও রসায়নবিদের অধীনে কাজ শিখে ফিরে এসে আলফ্রেড যোগ দেন বাবার কারখানায়। ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়াকে গোলাবারুদ সরবরাহ করে অনেক অর্থ উপার্জন করেন তাঁরা। যুদ্ধ শেষে ব্যবসার অবস্থা খারাপ হলে ফিরে যান সুইডেনে।

নোবেল পুরস্কার

আলফ্রেড সুইডেনে ফিরে প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন। ১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে উদ্ভাবন করেন ডিনামাইট। এই উদ্ভাবনের মধ্য দিয়ে কয়েক বছরে তাঁর ব্যবসা ছড়িয়ে পড়ে ইউরোপ এবং ইউরোপের বাইরে। ব্যবসা বিস্তারের পাশাপাশি চলতে থাকে নতুন নতুন উদ্ভাবন। অল্প দিনের মধ্যে প্রচুর অর্থের মালিক হয়ে যান আলফ্রেড।

সুইডেনের এই বাড়িতেই জীবনের শেষ সময়গুলো কাটিয়েছিলেন আলফ্রেড

১৮৯৬ সালের ১০ ডিসেম্বর ইতালির সান রেমোতে ৬৩ বছর বয়সে মারা যান চিরকুমার আলফ্রেড। মৃত্যুর পর তাঁকে সুইডেনের সোলনা শহরে সমাহিত করা হয়। মৃত্যুর পর দেখা যায়, তিনি তাঁর সম্পত্তির ৯৪ শতাংশ উইলের মাধ্যমে দান করে গেছেন বিশ্বশান্তি ও কল্যাণের জন্য, যার বর্তমান মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকার সমান।

আলফ্রেড নোবেলের মৃত্যুর পর ১৮৯৭ সালে গঠিত হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি এবং ১৯০০ সালে নোবেল ফাউন্ডেশন। ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। তাঁর ইচ্ছা অনুযায়ী বিশ্বমানবতার কল্যাণে কাজ করে যাঁরা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাঁদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতেও নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়েছে।