ইতিহাসের এই দিনে

বাস বয়কটের মধ্য দিয়ে কৃষ্ণাঙ্গরা যেভাবে অধিকার আদায় করেছিলেন

১৯৫৬ সালের ২১ ডিসেম্বর পাবলিক বাসে রোজা পার্কস
ছবি: উইকিমিডিয়া কমনস

আমেরিকার গৃহযুদ্ধে ইউনিয়নদের বিজয় দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত করে। তবে বর্ণবাদ নামের বিষবৃক্ষের মূলোৎপাটন করা তখনো সম্ভব হয়নি। অনেক শ্বেতাঙ্গ নাগরিক কৃষ্ণাঙ্গদের আমেরিকার নাগরিক হিসেবে মেনে নিতে পারেননি। কোনো কোনো রাজ্যে সমাজকে কৃষ্ণাঙ্গদের থেকে আলাদা রাখতে বর্ণবাদী ‘জিম ক্রো’ আইন প্রতিষ্ঠিত হয়েছিল। এই আইনের কারণে কৃষ্ণাঙ্গ নাগরিকেরা শ্বেতাঙ্গ নাগরিকদের মতো একই সরকারি সুবিধা পেতেন না। কৃষ্ণাঙ্গ শিশুরা শ্বেতাঙ্গ শিশুদের সঙ্গে একই স্কুলে পড়তে পারত না। শ্বেতাঙ্গ শিশুরা স্কুলবাসে করে আসা-যাওয়া করত। অন্যদিকে কৃষ্ণাঙ্গ শিশুদের যেতে হতো হেঁটে হেঁটে। গণপরিবহন, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে কৃষ্ণাঙ্গদের ‘জিম ক্রো’ আইন দ্বারা আলাদা করা হয়েছিল। আন্তঃজাতিগত বিয়ে ছিল বেআইনি। বেশির ভাগ কৃষ্ণাঙ্গ মানুষ ভোট দিতে পারতেন না। কারণ, তাঁরা ভোটের সাক্ষরতা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন না।

দুই দশক ধরে চলা কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলন ছিল সামাজিক ন্যায়বিচারের জন্য একটা সংগ্রাম। এই সংগ্রাম আমেরিকার কৃষ্ণাঙ্গ নাগরিকদের দ্বারা তাঁদের সমান অধিকার আদায়ের অর্জনের জন্য সংঘটিত হয়েছিল। অনেক শ্বেতাঙ্গ আমেরিকানও কৃষ্ণাঙ্গদের পক্ষে এই অভূতপূর্ব লড়াইয়ে শামিল হয়েছিলেন। এই লড়াই একটা বৃহৎ আন্দোলনে রূপ নেয়, যখন রোজা পার্কস নামের এক কৃষ্ণাঙ্গ নারী পাবলিক বাসে এক শ্বেতাঙ্গ যাত্রীর জন্য তাঁর আসন ছেড়ে দিতে অস্বীকার করায় গ্রেপ্তার হন।

রোজা পার্কসের জন্ম ১৯১৩ সালে, অ্যালাবামার তুস্কেগি শহরে। তাঁর জন্ম এমন একসময়, যখন কৃষ্ণাঙ্গদের স্কুল পুড়িয়ে দেওয়া হতো এবং তাদের বাড়িতে ঢুকে চালানো হতো নির্যাতন। শিশু-কিশোরেরা তাদের জামাকাপড় নিয়ে বিছানায় যেত, যাতে যেকোনো সময় পালানো সম্ভব হয়। রোজার দাদা প্রতি রাতে রাইফেল হাতে নিয়ে বাড়ি পাহারা দিতেন। মাঝেমধ্যে রোজাও তাঁর দাদার সঙ্গে রাত জেগে পাহারা দিত। রোজা কৃষ্ণাঙ্গ মেয়েদের একটা স্কুলে পড়তেন। সেখানে গার্হস্থ্য দক্ষতার পাশাপাশি স্কুলের পাঠ্যবই পড়ানো হতো। ১৬ বছর বয়সে তিনি পড়াশোনা ছেড়ে শ্বেতাঙ্গদের বাড়িতে কাজ করতে শুরু করেন।

আমেরিকার অনেক শহরের মতো অ্যালাবামার মন্টেগোমারি শহরের বাসগুলোয় কৃষ্ণাঙ্গদের জন্য পেছনের দিকে অল্প কিছু আসন বরাদ্দ থাকত। শ্বেতাঙ্গদের সব আসন পূর্ণ হয়ে গেলে কৃষ্ণাঙ্গদের সেসব আসনও ছেড়ে দিতে হতো। কিছু কিছু পরিস্থিতিতে বাস থেকে নেমে যেতে হতো কৃষ্ণাঙ্গদের। শ্বেতাঙ্গ যাত্রীরা সামনের আসনগুলো পূর্ণ করে ফেলার পর তাঁদের মধ্য দিয়ে কৃষ্ণাঙ্গদের হেঁটে পেছনের দিকে যাওয়া নিষিদ্ধ ছিল। অনেক ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে প্রথমে সামনের দরজা দিয়ে বাসে উঠে চালকের কাছে ভাড়া দিয়ে বাস থেকে নেমে গিয়ে পেছনের দরজা দিয়ে আবার বাসে উঠতে হতো।

১৯৫৫ সালের ১ ডিসেম্বর বাসের যে আসনে বসেছিলেন রোজা পার্কস

১৯৪৩ সালে একদিন রোজা পার্কস সামনের দরজা দিয়ে বাসে উঠে ভাড়া দেন। তারপর পেছনের দরজা দিয়ে ওঠার জন্য বাস থেকে নেমে যান। এর মধ্যেই বাস ছেড়ে দেন চালক। তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে পরের বাসের জন্য অপেক্ষা করতে থাকেন রোজা। সে বছরই কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে গঠিত সংগঠন ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)’–এর মন্টেগোমারি শাখায় যোগ দিয়েছিলেন তিনি।

এর এক যুগ পরের কথা। ১৯৫৫ সালের ১ ডিসেম্বর রোজা পার্কস একটা পাবলিক বাসে করে কর্মক্ষেত্র থেকে ফিরছিলেন। বাসটির চালকের আসনে বসে ছিলেন সেই ব্যক্তি, যিনি এক যুগ আগে রোজাকে বৃষ্টির মধ্যে ফেলে রেখে গিয়েছিলেন। কয়েকজন শ্বেতাঙ্গ যাত্রী বাসে উঠলে বাসের চালক রোজাকে আসন ছেড়ে দিতে বলেন। রোজা তাঁর আসন ছেড়ে দিতে অস্বীকার করেন। বাদানুবাদের একপর্যায়ে চালক পুলিশ ডাকেন। পুলিশ এসে রোজাকে গ্রেপ্তার করে।

পার্কের গ্রেপ্তারের পর ৫ ডিসেম্বর এনএএসিপি এবং অন্য আফ্রিকান–আমেরিকান আন্দোলনকারীরা বাস বয়কটের আহ্বান জানান। গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে নাগরিক অধিকার আদায়ের জন্য সেটাই ছিল কৃষ্ণাঙ্গদের প্রথম প্রতিবাদ। কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ সংগঠিত করার জন্য ‘মন্টেগোমারি ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশন’ গঠিত হয়। মন্টেগোমারির বাইরেও অনেক শহরে কৃষ্ণাঙ্গরা বাস বয়কট করেছিলেন। বাস বয়কটের প্রথম দিন ব্যাপক সাড়া পাওয়া যায়। ব্যাপটিস্ট চার্চের তরুণ যাজক মার্টিন লুথার কিং জুনিয়র বাস বয়কটের নেতা হিসেবে আবির্ভূত হন। সে রাতে তিনি একটা গির্জায় জড়ো হওয়া বিশাল জনতাকে বলেছিলেন, ‘আমেরিকার গণতন্ত্রের গৌরব হলো অধিকারের জন্য প্রতিবাদ করার অধিকার।’ তিনি বর্ণবাদী শ্বেতাঙ্গদের কাছ থেকে অসংখ্য মৃত্যুর হুমকি পান। তাঁর বাড়িতে বোমা হামলা হয়, কিন্তু তিনি এবং তাঁর পরিবার অল্পের জন্য রক্ষা পায়।

১৯৫৫ সালে মার্টিন লুথার কিং জুনিয়রের সঙ্গে রোজা পার্কস

বাস বয়কট এক বছরের বেশি সময় স্থায়ী হয়েছিল। বয়কট চলাকালীন কৃষ্ণাঙ্গরা মাইলের পর মাইল হেঁটে বা বিকল্প যানবাহনে চলাফেরা করতেন। মন্টেগোমারিতে চলাচলকারী বাসের ৭০ শতাংশ যাত্রী ছিলেন কৃষ্ণাঙ্গ। ফলে শহরের পরিবহনব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাস বয়কটের পাশাপাশি চলতে থাকে আইনি লড়াই। ১৯৫৬ সালের ৪ জুন স্থানীয় আদালত বর্ণবাদী আইনের বিরুদ্ধে রায় দেন। মন্টেগোমারি শহর কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে। মার্কিন সুপ্রিম কোর্ট মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর লঙ্ঘন হিসেবে অ্যালাবামা রাজ্য এবং মন্টেগোমারি শহরের বাসের আসন সংরক্ষণসংক্রান্ত আইনগুলো বাতিল করেন। এরপর ২০ ডিসেম্বর বাসগুলো একীভূত করার জন্য আদালত আদেশ দিলে মার্টিন লুথার কিং জুনিয়র বাস বয়কট প্রত্যাহার করেন। বয়কট-পরবর্তী সময়ে প্রথম যাত্রী হিসেবে বাসে ওঠেন রোজা পার্কস।

রোজা পার্কস ‘নাগরিক অধিকার আন্দোলনের জননী’ হিসেবে পরিচিতি পান। ২০০৫ সালে মারা যান তিনি। মার্কিন সিনেট রোজাকে সম্মানের জন্য একটি প্রস্তাব পাস করে। তাঁকে ওয়াশিংটন ডিসির ‘ইউএস ক্যাপিটল রোটুন্ডা’য় সমাহিত করা হয়। প্রথম নারী এবং দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে তিনি এই বিরল সম্মাননা পেয়েছিলেন।