রসক্লেইমার

দেখা হবে অনলাইনে

সম্প্রতি এপেক সম্মেলনের এক ফাঁকে নৈশভোজে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিন সুপারপাওয়ার দেশের তিন কান্ডারি। এমনিতে বন্ধুবান্ধবের সাথে রাতে বাইরে কোথাও খেতে বসলে আমরা যা আলাপ করি, সেটা হচ্ছে বিল কে কতটা দেবে। কিন্তু তাঁদের তো সেই সমস্যা নেই। এই একান্ত আড্ডায় তাঁরা কী খেয়েছেন, কী আলাপ করেছেন, কে জানে! তবে যে আলাপই করুন, ঝামেলা হয়েছে আমাদের (বাটারফ্লাই এফেক্ট)। এই তিন মহান নেতার ডিনারের পরপরই আমরা সিদ্ধান্ত নিলাম, রস+আলো আপাতত আর কাগজে প্রকাশিত হবে না! এদিক-ওদিক না তাকিয়ে আপাতত আমরা লাইনে থাকব। মানে, অনলাইনে!

ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজ আছে। আর প্রথম আলোর ওয়েবসাইটে আছে রস+আলোর আলাদা সেকশন। এই দুটো জায়গায় রস+আলো চলবে আগের মতোই।

আমি বললাম, নিজের লেখার এমন পরিণতি! তাই ভাবলাম, ধুরু ছাতা, রস+আলোই করব না। যা হবে অনলাইনে। নেও, এবার মুড়ি খাও ভালো করে…

মনে একটা প্রশ্ন আসতেই পারে, ছাপার কাগজে কেন বন্ধ হবে রস+আলো? 

এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। সেই গুহামানবের সময় থেকে এই যে আমরা উড়ন্ত গাড়ির যুগ পর্যন্ত এসেছি, কারণ তো একটাই—প্রশ্ন! মানুষ প্রশ্ন করে। প্রশ্ন করতে করতেই সভ্যতাকে এগিয়ে নেয়। তবে রস+আলোর বিভাগীয় সম্পাদকের মতো কিছু মানুষ প্রশ্ন এড়িয়ে যায়। আর যখন এড়াতে না পারে, তখন এমন একটা উত্তর দেয়, প্রশ্নকর্তার মন খারাপ হয়।

রস+আলো ছাপার কাগজে আপাতত আর বের হবে না, এই কথা শুনে আমার এক বড় ভাই জানতে চাইলেন, ঘটনা কী?

তাঁর চকচকে চোখ দেখে বুঝলাম, জটিল মসলাদার উত্তর আশা করছেন। কিছু ইনফরমেশন, যাতে বন্ধুদের আড্ডায় বলতে পারবেন, আরে জানিস না তো, দেশের কী পরিস্থিতি। রস+আলো কেন অফ হইছে, শোন…

আমি বললাম, ভাই, সেদিন ঝালমুড়ি খাইতেছিলাম। হঠাৎ দেখলাম ‘ঠোঙ্গার’ কাগজটা রস+আলোর। তাও আবার আমার নিজের লেখার পেজটা। ওই যে পাতিনেতাদের নামতা… পড়ছিলেন?

বড় ভাই গম্ভীর গলায় বললেন, হু!

আমি বললাম, নিজের লেখার এমন পরিণতি! তাই ভাবলাম, ধুরু ছাতা, রস+আলোই করব না। যা হবে অনলাইনে। নেও, এবার মুড়ি খাও ভালো করে…

বড় ভাই ভাবলেন, তাঁকেই মুড়ি খেতে বলেছি। এর পরে তিনি এই প্রসঙ্গ বাদ দিয়ে টুকটাক দু–একটা কথা বলে বিদায় নিলেন।

কী আর করার! আমিও এখন বিদায় নিই। দেখা হবে অনলাইনে।

—বি.স.