জানা–অজানা

বাসস্ট্যান্ড বা রেলস্টেশনে মানুষ বেশি বিরক্ত থাকে কেন?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন
ছবি: প্রথম আলো

‘থামবে হঠাৎ মজার গাড়ি

একটু কেশে খক।

আমায় নিয়ে ছুটবে আবার

ঝক ঝকাঝক ঝক।’

কবি শামসুর রাহমানের এই ছড়া স্মৃতিকাতর করে। একটা চমৎকার নিরিবিলি রেলস্টেশনের ছবি ভাসে চোখে। এই বুঝি একটা রেলগাড়ি এল আর তাতে চড়ে বসলেই ছুটতে থাকল ঝক ঝকাঝক ঝক...! তবে বাস্তবে রেলস্টেশনের অভিজ্ঞতা কি সব সময় সুখকর? ভিনদেশি গবেষকেরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি বিরক্তি আর হতাশা প্রকাশ করেন রেলস্টেশনে অপেক্ষমাণ মানুষেরা।

কেবল রেলস্টেশন নয়, বাসস্ট্যান্ডে অবস্থানকালেও বিরক্তি ঝারতে টুইটারে পোস্ট করেন অনেকেই। গবেষণাটি করেছেন জাপানের গবেষকেরা। গবেষণার প্ল্যাটফর্ম হিসেবে তাঁরা বেছে নিয়েছেন টুইটারকে। এই প্ল্যাটফর্মে ২০ লাখ টুইটের অবস্থান তাঁরা বিশ্লেষণ করেছেন।

গবেষকেরা শুধু একটা স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষদের টুইট বিশ্লেষণ করেছেন, এমনটা নয়। বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন স্টেশনের টুইট বিশ্লেষণ করেছেন তাঁরা। স্কাই নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডন এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অবস্থানরত মানুষের ২০ লাখ টুইট বিশ্লেষণ করা হয়েছে।

জাপানের কিয়োতো ইনস্টিটিউট অব টেকনোলজির (কিআইটি) একদল গবেষক এই গবেষণা করেছেন। যাঁরা এমন হতাশা আর ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিচ্ছেন, তাঁদের সুনির্দিষ্ট ভবন বা স্থান শনাক্ত করেছেন গবেষকেরা। এ জন্য ‘ওপেন স্ট্রিট ম্যাপ’ নামের একটা অ্যাপের মুক্ত তথ্যভান্ডার ব্যবহার করেছেন তাঁরা।

২০ লাখ টুইট বিশ্লেষণে এটাও জানা গেছে, মানুষ কখন, কোথায়, কেমন মনোভাব প্রকাশ করেন। গবেষকেরা বলেন, নগর পরিবহনের চলাফেরা, সেটা বাস কিংবা ট্রেন, যা–ই হোক না কেন, এই পরিবহনকে কেন্দ্র করে মানুষ হতাশা প্রকাশ করেন। আবার হোটেল কিংবা রেস্তোরাঁয় মানুষ বেশ আনন্দে থাকেন। মানুষ আনন্দে থাকেন বিশেষ দিবসগুলোয়। যেমন নতুন বছর উদযাপনের কথা বলা যেতে পারে। এই উদযাপনকে কেন্দ্র করে লন্ডন এবং সান ফ্রান্সিসকো—দুই শহরেই মানুষ বেশ আনন্দে থাকেন।

রেলস্টেশনে অপেক্ষমান মানুষের ভিড়

আবার বিশেষ ঘটনাকে কেন্দ্র করেও মানুষের আবেগের বহিঃপ্রকাশ ভিন্ন ভিন্ন। ২০১৭ সালের একটা ঘটনার কথা বলা যেতে পারে। ওই বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর পরদিন, অর্থাৎ ২১ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছিলেন নারীরা। নারীদের নিয়ে ট্রাম্পের নীতিগত অবস্থান এবং তাঁদের হেয় করে দেওয়া বক্তব্যের জন্য এই বিক্ষোভ হয়েছিল। সে সময় এর প্রভাব পড়েছিল সান ফ্রান্সিসকোর মানুষের মধ্যেও। মানুষ সেদিন উষ্মা প্রকাশ করেছিলেন টুইটারে।

এই গবেষণায় যেসব টুইট বার্তা ব্যবহার করা হয়েছে, সেগুলোর সবই ইংরেজিতে। অন্য ভাষার টুইট এতে ব্যবহার করা হয়নি। গবেষণাটি প্রকাশিত হয়েছে পি-আর রিভিউ জার্নাল পোলস ওয়ান–এ।

যা করা যেতে পারে

যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অ্যাসোসিয়েশন অব আমেরিকার দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে চার কোটি মানুষ উদ্বিগ্ন থাকেন। বলা হয়, এর মধ্যে গণপরিবহন ব্যবহার করা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন অনেকেই। আশপাশে অপরিচিত মানুষ বেশি থাকা, অপরিচিত রাস্তায় চলাচল, সময়মতো বাসস্ট্যান্ড কিংবা রেলস্টেশনে পৌঁছানো—দুশ্চিন্তা মূলত এসব নিয়েই।

এই দুশ্চিন্তা কাটানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে বলা হয়। এসবের মধ্যে একটা হলো, প্রস্তুতি। কোনো স্থানে যেতে যদি গণপরিবহন ব্যবহার করতে হয়, তাহলে আগে থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে। এ জন্য পথের বিস্তারিত, ভাড়া, গণপরিবহনের সময়সূচি, কোথা থেকে টিকিট সংগ্রহ করতে হবে—এসব আগে থেকে জেনে নেওয়া যেতে পারে।

গণপরিবহন ব্যবহারের কথা চিন্তা করলেই যদি কারও দুশ্চিন্তা হতে থাকে বা বিরক্তি কাজ করতে থাকে, তাহলে ধীরে ধীরে এটা কাটিয়ে ওঠার পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। এ জন্য গণপরিবহনের ব্যবহার বাড়ানো যেতে পারে ধীরে ধীরে।

গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে কী কী ভয় কাজ করে, চিহ্নিত করা যেতে পারে সেসবও। এসব লিখে রাখলে পরে পরীক্ষা করে দেখলে বোঝা যাবে, ভয়ের যৌক্তিকতা কতটুকু।

বিরক্তি, হতাশা বা দুশ্চিন্তার ক্ষেত্রেও আছে সমাধান। ধ্যান, গভীরভাবে শ্বাস নেওয়া এবং যেসব পর্যবেক্ষণ আছে, সেসবের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ছাড়া গণপরিবহন ব্যবহারের সময় মনোযোগ অন্য দিকে নেওয়ার জন্য বই পড়া, গান শোনা যেতে পারে। মুঠোফোনে ডাউনলোড করা টিভি সিরিজ বা সিনেমা দেখার পরামর্শও দেন তাঁরা। তবে কিছু পরামর্শ বাংলাদেশের মতো দেশে মেনে চলা যে কঠিন বা অসম্ভব, তা আর না বললেও চলে।

গণপরিবহন ব্যবহারের কথা চিন্তা করলেই কারও কারও দুশ্চিন্তা হতে থাকে

আমাদের জন্য সমাধান

এ বিষয়ে মনোরোগবিশেষজ্ঞ মেখলা সরকার বলেন, অনেকে ভিড়ভাট্টায় যেতে পারেন না। এসব জায়গায় গেলে দুশ্চিন্তা, বিরক্তি, হতাশা বেড়ে যায়, মানসিক চাপ বাড়ে। মেজাজ খিটখিটে হয়ে যায়। চিকিৎসাশাস্ত্রের ভাষায় একে বলা হয় ‘অ্যাগোরাফোবিয়া’। তবে সবারই যে এ ফোবিয়া আছে, এমনটা নয়। অনেকেই আছেন, যাঁরা নাজুক, গণপরিবহনে উঠতে ভয় পান, তাঁরা কিছু পদক্ষেপ নিতে পারেন।

মেখলা সরকার বলেন, অস্বস্তি হলে গণপরিবহনের ওঠার সঙ্গে সঙ্গেই শ্বাস–প্রশ্বাসের ব্যায়াম করা যেতে পারে। নিয়মিতই করা যেতে পারে। এতে মস্তিষ্ক ইতিবাচক সাড়া পায়। পথ দীর্ঘ হলে গণপরিবহনে ওঠার পর প্রয়োজনীয় কাজও করা যেতে পারে। যেমন মুঠোফোনে প্রয়োজনীয় কথা সেরে নেওয়া, প্রয়োজনীয় ই–মেইল দেখা। তিনি বলেন, গণপরিবহনে তো নানা ধরনের মানুষ ওঠেন। ফলে গণপরিবহন জীবনযাপন দেখা, বোঝা ও উপলব্ধি করার জায়গাও বটে। কারণ, নানা মানুষ নানা আচরণ করেন। সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে মানুষ আসলে কী ভাবছেন, সেটাও জানা যায় গণপরিবহনে। অর্থাৎ বিষয়গুলো নৈর্ব্যক্তিকভাবে দেখলে অস্বস্তি ও উদ্বেগ কাটিয়ে ওঠা সম্ভব।