
তিনটা ইঁদুর নিজেদের বীরত্বের গল্প করছে।
প্রথম ইঁদুর বলল, ‘জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি, অথচ কিছুই হয়নি।’
দ্বিতীয় ইঁদুর বলল, ‘কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।’
তৃতীয় ইঁদুর হাই তুলল, ‘তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।’
টুলুকে মাঠের একপাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে একজন মনোবিজ্ঞানী এগিয়ে গেলেন, ‘তুমি আমার বন্ধু হবে?’
টুলু বলল, ‘না।’
মনোবিজ্ঞানী বললেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করতে সংকোচ হচ্ছে?’
টুলু বলল, ‘হ্যাঁ।’
মনোবিজ্ঞানী বললেন, ‘মনে হচ্ছে তুমি ভীষণ মনঃকষ্টে আছ।’
টুলু বিরক্ত, ‘না। যান তো!’
মনোবিজ্ঞানী বললেন, ‘তুমি কিন্তু বাকিদের সঙ্গে দৌড়াদৌড়ি করছ না।’
টুলু বলল, ‘হ্যাঁ। যান তো!’
মনোবিজ্ঞানী জানতে চাইলেন, ‘কেন?’
টুলু দাঁত চিবিয়ে বলল, ‘আমি গোলকিপার। আপনি এবার দয়া করে যান তো!’
বাবুল সাহেবের বাসায় এক বন্ধু এসেছেন বেড়াতে।
বাবুল সাহেব বললেন, ‘আমার ছেলেটা কিন্তু চমৎকার গাইতে পারে। কই রে বিলু, চাচাকে একটা গান শোনা।’
বিলু গান শোনাল। বাবুল সাহেব বললেন, ‘দেখেছিস, কী চমৎকার গায়! তবে ওকে গান শেখাতে গিয়ে খরচটাও কম হচ্ছে না।’
বন্ধু বললেন, ‘কেন? প্রতিবেশীদের সঙ্গে মামলা লড়তে হচ্ছে নাকি?’
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে সমুদ্র নিয়ে—
: শুনলাম, সমুদ্র দেখতে গিয়েছিলি? কেমন লাগল?
: ভালোই, খালি পানি আর পানি!
: আচ্ছা সমুদ্রের মাছ কি কখনো ঘামে?
: অবশ্যই ঘামে। না ঘামলে সমুদ্রের পানি নোনতা হয় কী করে!
পরীক্ষায় প্রশ্ন এসেছে, ‘ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২৪৮ কিলোমিটার। ঢাকা থেকে এক ব্যক্তি গাড়িতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে চট্টগ্রাম রওনা হলো এবং অপর এক ব্যক্তি চট্টগ্রাম থেকে গাড়িতে ঢাকার দিকে রওনা হলো ১৬০ কিলোমিটার বেগে। তাদের দুজনের কোথায় দেখা হবে?’
অনেকেই অঙ্ক কষতে কষতে মাথার চুল ছিঁড়ে ফেলল। ছোট্ট বিলু উত্তর লিখল, ‘জেলখানায়! এত জোরে গাড়ি চালাবে আর পুলিশ বুঝি আঙুল চুষবে?’
দুই বেহালাবাদকের সঙ্গে এককথায় দুই কথায় তুমুল ঝগড়া বাধাল এক মুষ্টিযোদ্ধা।
শেষমেশ বেচারা মুষ্টিযোদ্ধা নাকাল হলো দুই বেহালাবাদকদের হাতে বেধড়ক মার খেয়ে। পত্রপত্রিকায় ছাপা হলো সে খবর। খবরটা দেখে একজন বলল, ‘দেখুন দেখুন, কী অবস্থা!’
দ্বিতীয়জন বলল, ‘কী হয়েছে?’
খবর শোনার পর তৃতীয় ব্যক্তির প্রশ্ন, ‘এটা কি দেশের সংস্কৃতির মানোন্নয়নের লক্ষণ? নাকি দেশের ক্রীড়ার মানের পতন?’