খোঁজ খবর

অফিসের টিফিন বক্স

অফিসে খাবার আনার ব্যাগ ও বাটিগুলো হতে পারে নান্দনিক। মডেল: আদ্রিতা, ছবি: খালেদ সরকার
অফিসে খাবার আনার ব্যাগ ও বাটিগুলো হতে পারে নান্দনিক। মডেল: আদ্রিতা, ছবি: খালেদ সরকার

অনেকেই অফিসে খাবার নিয়ে যান। প্রতিদিনেরই বিষয় এটা। সাধারণত সকালে বাসা থেকে খাবার নিয়ে যাওয়া হয় অফিসে। খাবার যাতে দীর্ঘক্ষণ গরম থাকে এবং নষ্ট না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হয়৷ এখন বাজারে এমন অনেক পাত্রই পাওয়া যায়, যেগুলোতে দীর্ঘক্ষণ খাবারটা ভালো থাকে৷ আগে অ্যালুমিনিয়ামের টিফিন ক্যারিয়ার ব্যবহার করা হতো। কিন্তু এখন প্লাস্টিকের তৈরি বক্সের চাহিদা বেশি। প্লাস্টিকের বক্সে খাবার দীর্ঘক্ষণ গরম থাকে আবার দামটাও থাকে হাতের নাগালে।
বাজার ঘুরে দেখা গেল, প্লাস্টিকের বাটি যেমন আলাদা রয়েছে, তেমনি সেট হিসেবেও কিনতে পাওয়া যায়৷ সব ধরনের বাটিতে আবার খাবার গরম করা যায় না, তাই কেনার আগে জিজ্ঞেস করে নিন৷ এ জন্য দরকার ওভেনপ্রুফ বাটি। সেগুলোও বাজারে পাওয়া যায়। খাবার বহনের জন্য প্লাস্টিক, কাপড় অথবা চটের ব্যাগ কিনতে পারেন। অনেক সময় বাটির সেটের সঙ্গেই থাকে এসব ব্যাগ৷ কিছু ব্যাগও আছে যেগুলোতে খাবার দীর্ঘক্ষণ গরম থাকবে।

যত্নআত্তি
অফিসে প্রায় প্রতিদিনই খাবার নেওয়ার প্রয়োজন হয়, তাই নিয়মিত এ ধরনের বাটি পরিষ্কার রাখা প্রয়োজন৷ তা না হলে দাগ পড়ে যাবে এবং কটু গন্ধ বের হবে। এ জন্য গরম পানির ভেতরে বেকিং সোডা দিয়ে বক্সগুলো পরিষ্কার করে নিতে পারেন। দাগ দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লিকুইড ক্লোরিন ব্লিচ ব্যবহার করা। প্লাস্টিকের তৈরি বাটিগুলো নিয়মিত গরম পানি দিয়ে পরিষ্কার করা প্রয়োজন৷ পরিষ্কার করার পর পানি শুকানোর জন্য খোলা স্থানে রেখে দিতে হবে। খাবার বহন করার ব্যাগটিও মাঝে মাঝে পরিষ্কার করে নিন৷ এই ব্যাগগুলো পানি দিয়ে অথবা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।
কোথায় পাবেন


যেকোনো বাজারেই এ ধরনের প্লাস্টিকের বাটি পাওয়া যায়। বিশেষ করে রাজধানীর নিউ মার্কেট, গুলশান, ডিসিসি মার্কেট, আরএফএল বেস্ট বাইসহ বিভিন্ন বড় বড় দোকান, যেমন স্বপ্ন, আগোরা ইত্যাদি জায়গায় পাওয়া যায় এসব বাটি আর ব্যাগ। ঢাকার নিউমার্কেটে প্লাস্টিকের অথবা কাপড়ের বিভিন্ন ব্যাগ পাওয়া যায়৷ চটের ব্যাগও অনেকে ব্যবহার করে থাকেন৷ এ ধরনের চটের ব্যাগগুলো সাধারণত আড়ংসহ অন্যান্য হস্তশিল্পের দোকানে পাওয়া যায়।

দামদর

তিন থেকে পাঁচটি খাবার বক্স সেটের দাম পড়বে ২৫০ থেকে ৬০০ টাকা৷ ওভেনপ্রুফ বাটিগুলোর দাম ৩৫০ থেকে ৮০০ টাকা। জায়গার ওপর নির্ভর করে দাম কম বা বেশি হতে পার। এখন বিভিন্ন রকম ক্যারিয়ার কিনতে পাওয়া যায়, যেগুলোর দাম ৬০০ থেকে ১২০০ টাকা। বাটি বহনের ব্যাগের দাম ১৫০ থেকে ৫৫০ টাকা।