এক প্রজন্মের সঙ্গে আগের বা পরের প্রজন্মের পার্থক্য, ইংরেজিতে যাকে বলে জেনারেশন গ্যাপ, মানবসমাজের এক অনিবার্য সত্য। দৈনন্দিন বাহ্যিক জীবনাচরণ থেকে অন্তর্গত দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনায় এই ফারাক লক্ষ করা যায়। কখনো কখনো তা এতটাই তীব্র যে দুই প্রজন্ম রীতিমতো মুখোমুখি দাঁড়িয়ে যায়। প্রবীণেরা ভাবেন, নতুন প্রজন্মের ছেলেপুলেরা অলস, বেয়াড়া, বেয়াদব ও আত্মকেন্দ্রিক। অন্যদিকে তরুণদের ধারণা, প্রবীণেরা সেকেলে, বদমেজাজি ও খিটখিটে। অথচ সমাজের সেতুটা তো দুই প্রজন্মের সম্মিলনেই তৈরি।
শান্তিপূর্ণ সমাজব্যবস্থার জন্য নবীন-প্রবীণের ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া জরুরি। যেকোনো প্রয়োজনে, সামাজিক উদ্যোগে কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে সবার আন্তরিক অংশগ্রহণ দরকার। এসব ক্ষেত্রে বয়সের ব্যবধান বাধা হতে পারে না।
আজ ৭ মে। হাতে হাত রাখা দিবস বা জয়েন হ্যান্ডস ডে। যুক্তরাষ্ট্রে প্রতিবছর মে মাসের প্রথম শনিবার এটি পালিত হয়। আমেরিকাস ফ্র্যাটার্নাল বেনিফিট সোসাইটিস ২০০০ সালে দিবসটি প্রচলন করে।
সূত্র: ডেজ অব দ্য ইয়ার