আজকে নারীদের যে সম্মান দেওয়া হলো, তা দেখে সারা দেশের নারীরা অনুপ্রাণিত হবেন। নতুনভাবে কাজ করার উদ্যম পাবেন। কথাগুলো বলেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ঢাকার এসিআই সেন্টারে ক্যানভাস আয়োজিত ‘ফ্রিডম পারসোনা আজকের নারী পাওয়ারড বাই ভাটিকা হেয়ার অয়েল’ সম্মাননা দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রের সফল আট নারীকে। তাঁরা হলেন জান্নাতুল মাওয়া (আলোকচিত্র), তামারা হাসান আবেদ (সমাজসেবা), নিশাত মজুমদার (ক্রীড়া), সায়ান (সংগীত), মনোয়ারা হাকিম আলী (শিল্পোদ্যোগ), লিপি খন্দকার (ফ্যাশন), সাদেকা হাসান (তথ্যপ্রযুক্তি) ও সোনিয়া বশির কবির (করপোরেট)।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, নারীর অনুগ্রহ না পেলে আমরা এগিয়ে যেতে পারতাম না। তাঁদের যথাযথ সম্মান দিতে হবে আমাদের।
উচ্চবিত্ত পরিবারে ৪০ শতাংশ নারী স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে থাকেন। এমন তথ্য জানান বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, ক্যানভাস ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান, এসিআই সল্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর।