যত্নআত্তি

আরও সাদা...

সাদা কাপড়ের যত্ন এবং পরিষ্কারের বেলায় সচেতন হতে হবে। মডেল: তিশা, ছবি: নকশা
সাদা কাপড়ের যত্ন এবং পরিষ্কারের বেলায় সচেতন হতে হবে। মডেল: তিশা, ছবি: নকশা

সাদা, সাদা আরও সাদা... এর চেয়ে বেশি সাদা। সাধারণত সাদা কাপড়টা এক দিন ব্যবহারের পর ধুলোবালি আর ঘামের দাগে ময়লা হয়ে যায়। অথচ সাদা রঙের কাপড় পরতে অনেকেই পছন্দ করেন। প্রতিদিনের সাদা কাপড়ের দাগ-ময়লায় কী করবেন! প্রতিদিনই কি কাপড় ধুয়ে ফেলবেন? আবার একটু দাগ লাগলেই সাদা কাপড়টা দেখতে আর ভালো লাগে না। জেনে নিন বিশেষজ্ঞরা কী বলেন। 
প্রথমত, যখনই সাদা কাপড় ব্যবহার করা হবে, তার পরপরই ফ্যানের বাতাসে বা কড়া রোদে শুকাতে হবে। ময়লা কাপড় ধোয়ার জন্য দিলেও দেওয়ার আগে অবশ্যই কাপড়ের ঘাম শুকিয়ে তারপর দিতে হবে, তা না হলে তিলা পড়ে যাবে। সাদা কাপড় ব্যবহার করার পর কাপড়টা যদি স্যাঁতসেঁতে থাকে, তাহলে কাপড়ে ফাঙ্গাস বা তিলা পড়ে যায়। সাদা কাপড় ব্যবহারের আগে জানতে হবে তা ড্রাই ওয়াশ করতে হবে, নাকি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলাই ভালো। এসব নিয়ে পরামর্শ দিয়েছেন ব্যান্ডবক্সের প্রোডাকশন সেকশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সোহেল আলম।
জেনে নিন
সুতির সাদা কাপড় ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পর অল্প পরিমাণে তরল ব্লিচ দিয়ে ধুয়ে নিন। এরপর মাড় দিয়ে রোদে শুকিয়ে নিন। ব্লিচ দিয়ে ধুয়ে দু-তিনবার পানি পরিবর্তন করে কাপড় ধুতে হবে। তা না হলে ব্লিচের গন্ধটা থেকে যাবে।
সাদা কাপড় যদি খাঁটি সিল্ক হয়, তবে ড্রাই ক্লিনিং করতে পারেন।
সাদা কাপড়ে যদি রক্তের দাগ লাগে, তাহলে আধা ঘণ্টা ডুবিয়ে রাখলে রক্তের দাগ চলে যাবে।
কাপড়ে যদি তিলার দাগ পড়েই যায়, তাহলে কম মাত্রার ক্লোরিন ব্লিচ ব্যবহার করা যেতে পারে।
সাধারণত সাদা কাপড় ধোয়ার সঙ্গে সঙ্গেই মাড় দিতে হবে। মাড়টা যেন ঠিকমতো গোলা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। না হলে ছোপ ছোপ দাগ হতে পারে। ঠান্ডা পানিতে কখনো মাড় গোলা উচিত নয়। গরম পানিতে মাড় গুলতে হবে যেন সুন্দরভাবে পানিতে মিশে যায়। কড়া রোদে কাপড় শুকিয়ে নিতে হবে।
সাদা কাপড়ে নীল দিতে হলে সাবধান থাকুন। নীলটা পানিতে মেশানোর পর যখন আকাশি রং হয়, তখনই তাতে কাপড় দেওয়া উচিত। একেবারে গাঢ় নীল রঙে কাপড় দিলে কাপড়ে নীলচে রং ধরে যাবে। ঠান্ডা পানিতে এমনভাবে নীল গুলবেন, যাতে ছোপ ছোপ দাগ না থাকে।
সাদা কাপড়ে যদি নেইলপলিশ বা লিপস্টিকের দাগ লাগে, তবে তুলার সঙ্গে রিমুভার লাগিয়ে দাগের স্থানে ঘষলে লাল দাগ হয়ে যাবে। তারপর অল্প তরল ব্লিচ দিলে দাগটা উঠে যাবে।
সাদা সিনথেটিক কাপড় বা উলেন কাপড় শ্যাম্পু দিয়ে ধোয়া ভালো।
সাদা সুতির জামদানি শাড়ি বাসায় না ধোয়াই ভালো।

যত্ন নিতে হবে কাপড়ের
সাদা কাপড়ের বুনন যত সূক্ষ্ম হবে, তত সেটা যত্ন করে রাখতে হয়। সুতি, শিফন, জর্জেট, সিল্ক, জামদানি—এসব কাপড়ের কীভাবে যত্ন নিতে হবে, সে সম্পর্কে বলছিলেন ফ্যাশন হাউস সাদা-কালোর স্বত্বাধিকারী তাহসীনা শাহীন।

কাপড়ের গড়নের ওপর নির্ভর করে কাপড়টা কতখানি ধোয়া হবে।
সুতির সাদা কাপড় সাধারণত ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হয়।
যে জায়গায় সুতির সাদা কাপড়ে দাগ লাগে, সেই জায়গায় ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ঘষা দিলে দাগ উঠে যায়। এ ছাড়া বাজারে ফিনাইল, কিছু পেন পাওয়া যায়। সাদা কাপড়ের দাগ তোলার জন্য সেটা ব্যবহার করতে পারেন।
সুতি কাপড় দু-একবার বেশি ধুলে কোনো সমস্যা হয় না। দাগের জায়গাটা কয়েকবার ধোয়া যেতে পারে।
তবে সুতি সিল্কের কাপড় বারবার ধোয়া ঠিক নয়। দাগের স্থানে লেবুর রস বা পাউডার দিয়ে কাপড়টি শুকনো অবস্থায় রেখে দিয়ে তারপরে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হবে।
সাদা সিল্ক কাপড় পানিতে সামান্য শ্যাম্পু দিয়ে ধোয়া উচিত।
সাদা সিল্ক কাপড় বেশির ভাগ ক্ষেত্রে ড্রাই ওয়াশ করতে হয়। পানি দিয়ে ধুলে সুতার বুনন স্থানচ্যুত হয়ে যায়, ফলে সব জায়গায় সমান থাকে না।
সাদা জামদানি শাড়ি ব্যবহারের পর আলমারিতে রাখলে ভাঁজে ভাঁজে দাগ হয়ে যায় কিংবা ফেঁসে যায়। কিছুদিন পর পর আলমারি থেকে বের করে সুতির সাদা জামদানি শাড়ির ভাঁজটা পরিবর্তন করতে হবে। কিছু কিছু জামদানির দোকান আছে, যারা পুরোনো জামদানি শাড়িগুলোর বিশেষ যত্ন নেয়। এসব দোকানে বা লন্ড্রিতে দেওয়া যেতে পারে। জর্জেট বা শিফন কাপড়ের ময়লা তাড়াতাড়ি উঠে যায়। হালকা গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে সাদা শিফন বা জর্জেট কাপড়টা ডুবিয়ে রেখে কিছুক্ষণ পর ধুয়ে কড়া রোদে শুকাতে দিতে হবে।
সিল্কের সাদা কাপড় ধোয়ার পড়ে কখনোই চিপে পানি ঝরানোটা ঠিক নয়। কাপড় ধোয়ার সঙ্গে সঙ্গেই সোজা করে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়।
সাদা শার্ট সামান্য ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হয়। শুকানোর পরপরই ইস্তিরি করতে দিতে হবে।
সাদা কাপড় কখনোই রঙিন কাপড়ের সঙ্গে মিলিয়ে ধোয়া যাবে না। তা না হলে রঙিন কাপড়ের দাগ লেগে সাদা কাপড়টা নষ্ট হতে পারে।