
ঈদ মানেই যেন আনন্দ উত্সব। এই আনন্দঘন দিনে নিজেকে আলাদা করে সাজাতে চান সবাই। আর ঈদের দিন সাজের সঙ্গে হাতের মেহেদির নকশা যোগ করে ভিন্ন মাত্রা। হাতে মেহেদি লাগানোর মধ্য দিয়েই যেন ঈদের খুশির আমেজ শুরু হয়। চাঁদরাতে হাতে মেহেদি লাগানোর প্রচলন অনেক আগে থেকেই রয়েছে। ঈদের এক দিন আগে হাতে মেহেদি লাগালে মেহেদির রংও থাকে টাটকা। ঈদের দিন কে কীভাবে হাতে মেহেদি দিতে পারেন, তা জানিয়েছেন আমিনা হক মেকওভার স্টুডিওর রূপ বিশেষজ্ঞ আমিনা হক।
গৃহিণীদের মেহেদি সাজ
একসময় গৃহিণীরা পুরো নখে মেহেদি লাগতেন। সময়ের হাওয়া বদলে এখন অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এখন পুরো নখে মেহেদি না লাগিয়ে আঙুলের পাশ দিয়ে মেহেদির নকশা করাই হালের ফ্যাশন। আর নখে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে নেলপালিশ দিলে আরও ভালো মানাবে। যাঁরা একটু ফ্যাশন সচেতন, তাঁরা মেনিকিওর করে আঙুলের ডগায় মেহেদির বিভিন্ন আলপনা করতে পারেন। এতে একটু নতুনত্ব আসবে।
ছোটদের হাতে মেহেদি
ঈদের আনন্দে বড়দের পাশাপাশি ছোটদের হাতে মেহেদি লাগানোও জনপ্রিয়। এ নিয়ে শিশু-কিশোরদের আনন্দ-উত্তেজনা বরং আরও বেশি। ছোটদের হাত এমনিতেই সুন্দর ও কোমল। পুরো হাত নকশা করে মেহেদি লাগালে অনেক সুন্দর দেখাবে। ছোটদের হাতে মেহেদির নকশায় সহজ-সরল মোটিফ ব্যবহার করাই ভালো। কোনো একটা থিম বেছে নিয়ে সেই থিমে হাতজুড়ে মেহেদি দিলে দেখতে ভালো লাগবে।
নববধূর মেহেদি সাজ
যাঁদের সবেমাত্র বিয়ে হয়েছে, ঈদের দিন তাঁদের হাতে মেহেদি মানে বিয়ের আমেজটাকেই আরও রাঙিয়ে রাখা। নববধূরা পুরো হাত ভরে মেহেদি দিলে অনেক সুন্দর দেখাবে। মেহেদির নকশায় বউ সাজের ছোঁয়া রাখাই ভালো। নববধূর মেহেদির সাজ অনেক আকর্ষণীয় হবে।
ঘরের মেহেদি প্যাক
বাজারে এখন অনেক মেহেদি কিনতে পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরে বসেও নিজের পছন্দ অনুযায়ী মেহেদি প্যাক তৈরি করতে পারেন। গাছের কাঁচা মেহেদি ভালো ভাবে বেটে চায়ের লিকারের সঙ্গে মিশিয়ে হাতে লাগানো যেতে পারে। এতে হাতে মেহেদির রং অনেক গাঢ় হবে এবং অনেক স্বাভাবিক মনে হবে।