
বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক সনদ থাকলেই ভালো চাকরি হয় না, এর সঙ্গে দরকার পেশাগত কিছু সনদ। এমনই এক ডিগ্রি হচ্ছে সিএমএ বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস। ব্যবস্থাপনা আর হিসাব শাখায় দক্ষ পেশাজীবী তৈরির লক্ষ্যে সিএমএ পড়াচ্ছে দ্য ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। সম্প্রতি প্রতিষ্ঠানটি সিএমএ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আইসিএমএবির শিক্ষা কর্মকর্তা হাবিবুর সিরাজ জানান, এই প্রথমবারের মতো এইচএসসি পাস ছাত্রছাত্রীরা এ কোর্স করার সুযোগ পাবেন। তবে এই সেশনে কারিকুলামে কিছুটা ভিন্নতা রয়েছে। এরই মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। যাঁরা এই কোর্স করতে চান, তাঁরা আইসিএমএবির ঢাকা কেন্দ্রসহ অন্য সব কেন্দ্র থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারেন। আবেদন ফরম সংগ্রহ করতে হবে ২০ আগস্টের মধ্যে। তাই এই পেশাগত ডিগ্রি নিয়ে আপনিও হয়ে যেতে পারেন দেশে বা বিদেশের ভালো কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা হিসাবরক্ষক।
ভর্তির প্রক্রিয়া ও যোগ্যতা: এখানে বছরে দুটি সেশনে ছাত্রছাত্রী ভর্তি করানো হয়। জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। এখন জুলাই থেকে ডিসেম্বর সেশনের ভর্তির কার্যক্রম চলছে। এই সেশনে দুটি পদ্ধতিতে ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন। ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট ও গ্র্যাজুয়েট এন্ট্রি রুট পদ্ধতিতে। ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট পদ্ধতিতে ভর্তি হতে হলে এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৮ পেতে হবে। আর গ্র্যাজুয়েট এন্ট্রি রুট পদ্ধতিতে ভর্তি হতে যেকোনো বিভাগ থেকে ন্যূনতম স্নাতক পাস লাগবে। এসএসসি থেকে স্নাতক পর্যন্ত পরীক্ষার ফল লাগবে কমপক্ষে ৬ পয়েন্ট।
পড়াশোনা ও কোর্সের পদ্ধতি: এই সিএমএ কোর্স দুটি পদ্ধতিতে করানো হয়। একটি কোচিং পদ্ধতি ও অন্যটি করেসপনডেন্স পদ্ধতি। যাঁরা কোচিং পদ্ধতিতে ভর্তি হবেন, তাঁদের নিয়মিত ক্লাস ও ক্লাস টেস্ট করতে হবে। আর করেসপনডেন্স কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হয় না। শুধু অ্যাসাইনমেন্ট জমা দিলেই হয়। তাই যাঁরা চাকরি করছেন, তাঁদের জন্য এই করেসপনডেন্স পদ্ধতি খুব সহজ হয়। তবে শিক্ষার্থী কোনো লেভেলে সব বিষয়ে পাস না করলে পরবর্তী লেভেলে পরীক্ষা দিতে পারবেন না বলে জানান হাবিবুর সিরাজ। তিনি আরও জানান, শিক্ষার্থীদের ছয় মাসে একটি লেভেল শেষ করতে হবে। এ কোর্সে ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট ছাত্রছাত্রীদের পাঁচটি লেভেল ও গ্র্যাজুয়েট এন্ট্রি রুট ছাত্রছাত্রীদের চারটি লেভেল সম্পন্ন করতে হবে। এই লেভেলগুলোর মধ্যে রয়েছে নলেজ লেভেল, বিজনেস লেভেল ও প্রফেশনাল লেভেল ১, ২ ও ৩।
আবেদন ও ভর্তি ফি: আবেদনকারীকে আবেদন ফরমের জন্য দিতে হবে ৫০০ টাকা। এ ছাড়া ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট পদ্ধতির ছাত্রছাত্রীদের নলেজ লেভেলের জন্য ভর্তি ফি দিতে হবে ২০ হাজার ৬০০ টাকা। আর গ্র্যাজুয়েট এন্ট্রি রুট ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিজনেস লেভেলের জন্য ২৪ হাজার ৫০০ টাকা ফি দিতে হবে। প্রফেশনাল লেভেল ১, ২ ও ৩-এর জন্য ফি লাগবে যথাক্রমে ৮ হাজার, ১২ হাজার ও ১৬ হাজার টাকা।
পড়ানো হয় যে বিষয়গুলো: সিএমএ করতে হলে ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট ছাত্রছাত্রীদের মোট পড়তে হয় ২০টি বিষয়। অন্যদিকে, গ্র্যাজুয়েট এন্ট্রি রুট পদ্ধতির ছাত্রছাত্রীদের পড়তে হবে ১৭টি বিষয়। নলেজ লেভেলে পড়তে হবে প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এবং ব্যবসায় যোগাযোগ—এই তিনটি বিষয়। আর বিজনেস লেভেলে পড়তে হবে পাঁচটি বিষয়। এ ছাড়া প্রফেশনাল লেভেল ১, ২ ও ৩-এ পড়তে হবে চারটি করে মোট ১২টি বিষয়। আর এসব বিষয় পড়িয়ে থাকেন আইসিএমএবির বিভিন্ন সদস্য ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
কাজের ক্ষেত্র: বর্তমান চাকরির বাজারে একজন সিএমএ ডিগ্রিধারীর ব্যাপক চাহিদা রয়েছে। তাই এই ডিগ্রি সম্পন্ন করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, টেলিফোন কোম্পানি, মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, এমনকি বিদেশেও চাকরির ভালো সুযোগ রয়েছে। অন্যান্য পেশার চেয়ে এ পেশায় ভালো বেতন ও সুযোগ-সুবিধা পাওয়া যায়।
বিস্তারিত জানতে: যাঁরা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ে পেশা শুরু করতে চান, তাঁরা ভর্তি ও অন্যান্য তথ্য জানতে যোগাযোগ করতে পারেন আইসিএমএবির ঢাকাসহ দেশের অন্য শাখাগুলোয়। সারা দেশে এদের মোট পাঁচটি শাখা রয়েছে।
ঢাকা কেন্দ্র: শিক্ষা বিভাগ, আইসিএমএবি ভবন, নীলক্ষেত, ঢাকা। ফোন: ৯৬১৫৪৬০, ৯৬১১৭৯৯
চট্টগ্রাম শাখা: ফোন: ০৩১-৭২৭৬৩৮।
খুলনা শাখা: ফোন: ০৪১-৭২২৩৩৫।
রাজশাহী কেন্দ্র: ফোন: ০৭২১-৭৫১০৯২।
কুমিল্লা কেন্দ্র: ফোন: ০৮১-৭৩৬৮৬
এ ছাড়া ভিজিট করতে পারেন www.icmab.org.bd এই ঠিকানায়।