এক ছাত্রকে মোবাইল ফোন নিয়ে একটা রচনা লিখতে বলেছিলাম। পরের দিন সে আমার কাছে রচনাটা জমা দেয়। সেই রচনাটা হুবহু রস+আলোর পাঠকদের কাছে তুলে ধরছি—‘মোবাইল একটি গৃহপালিত প্রাণী। প্রতি ঘরেই এটি দেখা যায়। ক্ষেত্রবিশেষে একাধিক প্রাণী কেনা যায়। ইহার একটি মাত্র শিং আছে (প্রসঙ্গত ওদের বাড়ির মোবাইলটা অনেক পুরোনো)। তবে বাবা বলেছেন, এখন এই প্রাণীদের কোনো শিং হয় না। সম্ভবত এটা বিবর্তনবাদের ফল। তবে শিং ছাড়া ওরা আত্মরক্ষা কীভাবে করে, সেটা জানা যায়নি। ইহার মুখ নাই। তবে মুখের জায়গায় একটা গর্ত দেখা যায়। সেখান থেকে ঠোঁট না নাড়াইয়া বেশ স্পষ্ট কথা বলতে পারে। এর কোনো হাত-পা নাই, তবে বোতাম জাতীয় কিছু অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। মোবাইল ফোনের একটি কালো লেজ আছে। তবে একটি আশ্চর্য বিষয় হলো, এর লেজের সামনে দুটি দাঁত রয়েছে এবং কালো একটি মোটা মাথা বিদ্যমান। সচরাচর এরা কিছু খায় না। তবে বাবা বলেছেন, এরা বিদ্যুৎ নামক এক প্রকার খাবার খায়। এদের গলার স্বর অত্যন্ত মিষ্টি। আমি এদের গান অত্যন্ত পছন্দ করি।’ সহকারী শিক্ষক, বেড়া বি বি পাইলট উচ্চবিদ্যালয়, বেড়া, পাবনা।