একুশের শুভেচ্ছা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একুশের সংকলন একুশের ভাষার মোড়ক উন্মোচন করেন এম সাইদুর রহমান খাঁন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একুশের সংকলন একুশের ভাষার মোড়ক উন্মোচন করেন  এম সাইদুর রহমান খাঁন

চলো বন্ধুরা, এক কোটি টাকার বই কিনে ফেলি! চমকে উঠলে? ব্যাপারটা খুব সোজা। তুমি নিজে ১০০ টাকার একটা বই কিনলেই এক কোটি টাকার বই কেনা হয়ে যাবে। আমাদের বন্ধুসংখ্যা এক লাখ। তাহলে হিসাব করে দেখো। নিশ্চয়ই অঙ্ক মিলেছে তোমার। সত্যি যদি তোমরা এটা ঘটিয়ে ফেলো, তাহলে এটাকে বিপ্লব বলে আখ্যায়িত করব। বিপ্লবটা হবে নীরবে। আজ থেকেই তোমার চারপাশের বন্ধুদের অংশ নিতে বলো এই বিপ্লবে। আনুষ্ঠানিকভাবে আজ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কাজ। আমরা বই কিনব নিজের জন্য। বই কিনব আত্মীয়স্বজনের জন্য। বই কিনব বন্ধুর জন্য।
দুদিন আগে বন্ধু ইনজামের সঙ্গে দেখা। অবরোধ-হরতালের মধ্যেও সে ঢাকার বাইরে থেকে এসেছে। বইমেলায় দেখা। দুই হাতে বইয়ের ব্যাগ।
বললাম,‘কী হে বৈবাহিক (বই বাহিক), কেমন আছো?’
সে ব্যাগ এক জায়গায় নামিয়ে কথা বলতে শুরু করল।
হেসে বলল,‘আমি বৈবাহিক না। প্রেম বাহিক। প্রেমে পড়েছি, আপনাকে বলা হয়নি।’
ইনজাম টিউশনি করে। টিউশনির এক মাসের টাকা দিয়ে সে তার পছন্দের বই কিনেছে। আমি অবাক হয়ে গেলাম। বলে কী ইনজাম!
হ্যাঁ, সত্যিই তা-ই।
বললাম,‘চলো, তোমাকে টিএসসি পর্যন্ত এগিয়ে দিই।’
সে কিছুতেই তার বইয়ের ব্যাগ আমাকে দিল না।
বলল, ‘আপনাকে বই বাহিক হওয়ার দরকার নেই। এই বই বহন করার মধ্যেও অফুরন্ত আনন্দ আছে। আপনাকে তা বোঝাতে পারব না।’
ইনজাম চলে গেল। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম।

২.
কয়েক দিন পরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমাদের প্রধান কর্মসূচি শহীদ মিনারে উপস্থিত হওয়া। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো। আমাদের সব কটি বন্ধুসভা এই কর্মসূচিতে অংশ নেবে। এ ছাড়া অনেক বন্ধুসভার অনেক রকম কর্মসূচি তো থাকছেই।
আমাদের সব পাঠক ও বন্ধুকে একুশের শুভেচ্ছা জানাই।

নির্বাহী সভাপতি: প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ
ই-মেইল: bondhushava@prothom-alo.info