সাজ

কেমন হবে কিশোরীদের সাজ

সজীব থাকাটাই কৈশোরের সৌন্দর্য।
ছবি : নকশা

নতুন পোশাক, হাতভর্তি মেহেদীতে আনন্দে মেতে উঠার ব্য়স কৈশোরকাল। ঈদ নিয়ে তাদের উন্মাদনা একটু বেশিই হবে এটাই স্বাভাবিক। আজ ঈদের তৃতীয় দিনে যাদের ঘুরে বেড়ানোর পরিকল্পনা আছে তাদের জন্য সৌন্দর্যচর্চা কেন্দ্র পারসোনার পরিচালক নুজহাত খান দিলেন কিছু পরামর্শ। বললেন, হালকা সাজেই দারুণ মানায় কিশোরীদের। কয়েক বছর ধরেই চলছে এই হালকা মেকআপের চল। সজীব থাকাটাই কৈশোরের সৌন্দর্য। এবারের এই ধারাটা কিশোরীদের জন্য বেশ চলবে। চাইলে সামান্য ফেস পাউডার দিতে পারে ওরা। অথবা বিবি ক্রিম, সিসি ক্রিম বা টিন্টেড ময়েশ্চারাইজারের থেকে বেছে নিতে পারে যেকোনোটি। আর নিজেদের সৃষ্টিশীলতা দিয়ে দারুণভাবেই মজার কিছু করতে পারে ওরা।

হালকা রঙেই উজ্জ্বল কৈশোর

হালকা সাজেই ছড়িয়ে পরছে স্নিগ্ধতা।

খুব গাঢ় লিপস্টিক বা জমকালো সাজ কৈশোরের জন্য খুব একটা উপযোগী নয়। বরং অম্ব্রে লিপ, লিপ স্টেইন বা লিপ টিন্ট বেছে নিতে পারে কিশোরীরা। হালকা গোলাপি বা হালকা পিচ রঙা লিপস্টিক দেওয়া যায়। ব্লাশ অন দিতে চাইলে হালকা রং-ই বেছে নেওয়া ভালো, হালকা গোলাপি বা হালকা পিচ রং হতে পারে। ওয়াটার কালার মেকআপ করা যেতে পারে।

চুলের সাজ

খােলা চুলে পূর্ণ সাজ

চুল ছোটও হতে পারে, আবার কার্টেন ব্যাংস, লম্বাটে ব্যাংসও হতে পারে। নানান ধরনের বেণি করা যেতে পারে। চুল সাজানোর জন্য হালকা অলংকরণও কৈশোরের জন্য দারুণ।

হাত দুখানি

নখে ডোরাকাটা বা চেকজাতীয় নকশা করা যেতে পারে। চেক নকশা থাকতে পারে রঙিন নখের শুধু সামনের অংশেও। ডাবল ফ্রেঞ্চ নকশাও চলছে। হলুদ রং বেশ ভিন্নতা আনবে। নিজেই মেহেদি লাগাতে চাইলে মান্দালা মোটিফ ব্যবহার করা যায়, সঙ্গে ছোট মোটিফের নকশা থাকতে পারে আঙুলের সামনের অংশে।

পোশাকে আরাম, পোশাকে সাজ

ঈদে বাইরে বের হলে সুতির পোশাক বেছে নেওয়া ভালো।

আবহাওয়ার দিকটা বিবেচনা করে সুতি পোশাক বেছে নেওয়াই ভালো। সুতি মানেই সাদামাটা—এমন ভাবনার দিন শেষ আরও আগেই। বৈচিত্র্যময় কাটের টপ ও প্যান্ট বেছে নেওয়া যেতে পারে। রঙিন গয়না চলছে এখন। মুক্তাও থাকতে পারে গয়নায়। কানে পরা যায় বড় গোলাকার রিং। বেশ বড়সড় চেইন থাকতে পারে গলায়। এ ছাড়া যে যেমন গয়নায় স্বাচ্ছন্দ্য বোধ করে, বেছে নিতে পারে তেমন গয়নাও।