থরে থরে সাজানো সাদা ফুলকপির সৌন্দর্যই অন্য রকম। স্বাদ কিংবা পুষ্টিতেও ভালো। প্রায় সব খাবারেই যোগ করা যায় ফুলকপি। রইল টাটকা ফুলকপি দিয়ে তৈরি কয়েকটি খাবার।
উপকরণ: রুই মাছ ৭-৮ টুকরা, ফুলকপি ১টি, আলু ১টি, টমেটো ১টি, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া দেড় চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেবাটা আধা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, ভাজা জিরাগুঁড়া সিকি চা-চামচ, কাঁচা মরিচ ৫–৬টি, তেল সিকি কাপ, ধনেপাতা পরিমাণমতো, পানি ও লবণ পরিমাণমতো।
প্রণালি: মাছ কেটে টুকরা করে লবণ মাখিয়ে রাখুন আধা ঘণ্টা। মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সামান্য হলুদ–লবণ মাখিয়ে সেঁকা তেলে ভেজে পাত্রে রাখুন। একইভাবে ফুলকপি ও আলু ভেজে তুলুন। কড়াইয়ে তেল দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে নেড়েচেড়ে একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। এখন ফুলকপি ও আলু দিয়ে দিন এবং একটু কষিয়ে নিন। এবার টমেটো দিয়ে নাড়াচাড়া করে ২ কাপ পরিমাণ গরম পানি দিন। ফুটে উঠলে মাছের টুকরাগুলো দিয়ে দিন এবং ঢেকে ৭ মিনিট রান্না করুন। ঢাকনা তুলে ভাজা জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে আরও ৩ মিনিট ঢেকে রাখুন। ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
উপকরণ: ফুলকপি ১টা, চালের গুঁড়া সিকি কাপ, বেসন সিকি কাপ, মরিচগুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া সিকি চা-চামচ, গোলমরিচগুঁড়া সিকি চা-চামচ, ব্রেড ক্রাম্ব ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো (ডুবো তেলে ভাজার জন্য)।
প্রণালি: ফুলকপির ফুলগুলো একটা একটা করে খুলে নিন এবং লবণ পানিতে ভাপিয়ে নিন। একটা চালনিতে ফুলকপির টুকরাগুলো ঢেলে পানি ঝরতে দিন। এবার একটা পাত্রে সব মসলা, চালের গুঁড়া ও বেসন নিয়ে আন্দাজমতো পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। ফুলকপিগুলো চালের মিশ্রণে ভালো করে মেখে নিন। এবার বিস্কুটের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন। একটা কড়াইয়ে তেল গরম করে ফুলকপির টুকরাগুলো ভাজুন। গাঢ় বাদামি রং হলে তেল থেকে তুলে নিন এবং সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।
উপকরণ: চিকেন স্টক ৩ কাপ, ফুলকপির টুকরা ২ কাপ, মাশরুমকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, দুধ আধা কাপ, ময়দা ২ টেবিল চামচ, মাখন ৫০ গ্রাম, কুকিং ক্রিম এক কাপের ৩ ভাগের ১ ভাগ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস সামান্য ও পার্সলেকুচি ১ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে চুলায় অর্ধেক মাখন দিয়ে রসুন সামান্য ভেজে নিন। পেঁয়াজকুচি দিয়ে একটু ভেজে ফুলকপির টুকরাগুলো দিয়ে দিতে হবে। ফুলকপি খুব ভালো করে ভেজে নিন। ভালো করে ভাজা হলে ১ কাপ চিকেন স্টক দিয়ে দিন। ফুলকপি নরম হয়ে এলে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে পেস্ট করে রাখুন। আবার প্যান দিয়ে বাকি মাখন ও মাশরুম দিয়ে একটু ভেজে নিন। ময়দা দিয়ে ভেজে নিন। ময়দার রং পরিবর্তন হলে দুধ দিয়ে খুব ঘন ঘন নাড়তে থাকুন। এরপর একে একে চিকেন স্টক, ফুলকপির পেস্ট দিয়ে দ্রুত নাড়তে থাকুন। ফুটে উঠলে ক্রিম ও গোলমরিচের গুঁড়া দিন। হয়ে এলে নামানোর আগে পার্সলেকুচি ও লেবুর রস দিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম-গরম।
উপকরণ: ফুলকপি (গ্রেট করা) ২ কাপ, চিংড়ি ৬ টুকরা, ডিম ১টা, রসুনকুচি ২ চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, গ্রেটেড গাজর সিকি কাপ, ক্যাপসিকামকুচি (বিভিন্ন রঙের) ২ টেবিল চামচ, স্প্রিং ওনিয়ন পছন্দমতো, সয়া সস ১ টেবিল চামচ, তিলের তেল ১ টেবিল চামচ, সাদা গোলমরিচগুঁড়া আধা চা-চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি: চুলায় ফ্রাইপ্যান দিয়ে হালকা তেলে ডিম ভেজে তুলে রাখুন। এবার ফ্রাইপ্যানে আরেকটু তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নিন। আবার খানিকটা তেল দিয়ে রসুনকুচি ভেজে নিন এবং ভাজা গন্ধ বের হলে পেঁয়াজকুচি দিন। একটু নেড়েচেড়ে একে একে সব সবজি খুব চড়া আঁচে দ্রুত ভালোভাবে নাড়তে থাকুন। সয়া সস দিয়ে দিন। আরেকটু নেড়ে একে একে লবণ, তিলের তেল, তুলে রাখা ডিম ভাজা, চিংড়ি ও স্প্রিং ওনিয়ন দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। গরম-গরম পরিবেশন করুন ফুলকপির ভাতভাজা।
উপকরণ: আস্ত ফুলকপি ১টি, মিহি থেঁতলানো রসুন ১ টেবিল চামচ, জলপাই তেল সিকি কাপ, শর্ষে পেস্ট ২ টেবিল চামচ, লেবুর মিহি খোসা ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, মেশানো হার্বস ১ চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, মধু দেড় টেবিল চামচ, গ্রেট করা পনির সিকি কাপ, লবণ সিকি চা-চামচ।
প্রণালি: আস্ত ফুলকপির পাশের ডাঁটা গুলো কেটে ধুয়ে রাখুন। একটি বড় হাঁড়িতে অনেকটা পানি দিয়ে চুলায় বসান।২ টেবিল চামচ লবণ দিন এবং পানি ফুটে উঠলে আস্ত ফুলকপি দিয়ে দিন।২ মিনিট রেখে তুলে নিন।কিচেন টাওয়েল দিয়ে খুব ভালো করে মুছে নিন।ওভেন ২২০ ডিগ্রিতে ১০ মিনিটের জন্য প্রিহিটে দিন। একটি বাটিতে থেঁতলানো রসুন, জলপাইতেল, শর্ষেপেস্ট, গোলমরিচগুঁড়া, মেশানোহার্বস, লেবুররস, মধু, পাপরিকা, লেবুরখোসা, লবণএকসঙ্গেখুবভালোকরেমিশিয়েড্রেসিংতৈরিকরেনিন। ফুলকপির ওপর ড্রেসিং ব্রাশ করে ১ ঘণ্টা রেখে দিন।এবার ফুলকপির ওপর গ্রেট করা চিজ ছড়িয়ে প্রিহিটেড ওভেনে বেক করুন ৪০ মিনিট।ওভেন থেকে বের করে ওপরে ড্রেসিং ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।