অন্য খবর

গণযাত্রা!

বাংলাদেশে ঈদের সময় ট্রেনে বাড়ি ফেরার চিত্র। ছবি: ডেইলি মেইল
বাংলাদেশে ঈদের সময় ট্রেনে বাড়ি ফেরার চিত্র। ছবি: ডেইলি মেইল

ঢাকার রাস্তায় গণপরিবহনে যাঁদের নিত্য যাতায়াত, তাঁরাই জানেন গণযাত্রার কাহিনি। সম্প্রতি উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে সাধারণ মানুষের পরিবহনে ওঠার চিত্র নিয়ে ফটোফিচার করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল। তাতেই ফুটে উঠেছে গণপরিবহন ব্যবহার করতে গিয়ে কী হ্যাপাই না পোহাতে হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাস করা এই মানুষদের।

চীনের গণপরিবহনেও এমন জনজট দেখা যায়

জাপানের কথাই ধরা যাক। উন্নত দেশ। কিন্তু জাপানে প্রতিদিন অপেক্ষমাণ যাত্রীদের জন্য ট্রেনে জায়গা করে দিতে রেলওয়ের কর্মীদের প্রতি সকালে সুমো কুস্তিগিরদের ভূমিকায় নামতে হয়। যাত্রীদের ভেতরে ঠেলে ঠেলে কোনোমতে জায়গা করেই আটকে দেওয়া হয় ট্রেনের দরজা।

যাত্রীবোঝাই কঙ্গোর ট্রেন

অন্যদিকে ভারতের জয়পুর শহরে রিকশা-ভ্যান আর অটোরিকশার সমুদ্র পেরিয়ে কোথাও যাওয়া যেন ওয়াটার লুর যুদ্ধে নেপোলিয়নকে হারানোর সমান। আর জনসংখ্যার দিক থেকে প্রথমে থাকা চীনের কথা তো সবার থেকে আলাদা। সরকারি ছুটির আগের দিন চীনের পরিবহনব্যবস্থা পরিণত হয় গোলকধাঁধায়।

ভারতের দিল্লি শহরের যানজট

আর হবেই-বা না কেন। শুধু বসন্ত উৎসবের আগেই চীনের ব্যস্ততম সাংহাই শহরে ৪০ দিনে মোট ২৯ কোটি পরিবহন আসা-যাওয়া করে!

ব্রাজিলের একটি রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রী

সে ছবির তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের দুটি ছবি। একটি ছবি ঈদে বাড়ি ফেরার এবং আরেকটি বিশ্ব ইজতেমার সময়কার। তবু রোজকার ঢাকায় আমাদের যাদের চলতে হয়, তারা তো জানি গণপরিবহনের অবস্থা। জনসংখ্যার ঘনত্বের হিসাবে ওপরের দিকে থাকা বাংলাদেশে প্রতিদিন ট্রেনের ভেতর তো বটেই, ট্রেনের ছাদ, এমনকি দুই পাশেও ঝুলে ঝুলে কাজের খোঁজে ঢাকায় আসে হাজার হাজার মানুষ।

ডেইলি মেইল অবলম্বনে

আকিব মো. সাতিল