গরমে তৃষ্ণা মেটাতে ডাবের পানি কিংবা লেবুর শরবত খেয়ে অনেকে গলা ভেজান। পুষ্টিবিদের কাছ থেকে জানা যায়, ডাবের পানি, লেবুর শরবতে এমন কোনো উপাদান নেই, যা সুস্থ শরীরের জন্য নেতিবাচক। তবে বাইরে তৈরি লেবুর শরবতে মেশানো পানি কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকে যায়। অন্যদিকে বাইরে নির্ভেজাল আর নিরাপদ পানীয় খেতে চাইলে ডাবের বিকল্প নেই। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বললেন, কচি ডাবে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম থাকে। স্যালাইনের বিকল্প হিসেবে ডাবের পানি খাওয়া যায়। অন্যদিকে লেবুর শরবতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তিন বেলা খাবার খাওয়ার পর এটি খেলে শরীরের হিমোগ্লোবিন বাড়ে; যা শরীরের জন্য খুবই ভালো। পানিশূন্যতা সমস্যায় ভুগলে এটি শরীরে খাপ খায় না। আর যাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি এবং ব্যথাজনিত সমস্যা আছে, তাঁদের লেবুর শরবত খাওয়া নিষেধ। ডাবের পানি ও লেবুর শরবতের খাদ্যগুণ নিয়ে বলেছেন শামছুন্নাহার নাহিদ

ডাবের পানি
খাদ্য উপাদান
১ লিটার ডাবের পানিতে ৩৫ থেকে ৮২ মিলিমোল পটাশিয়াম
শূন্য দশমিক ৭ থেকে শূন্য দশমিক ৯ মিলিমোল সোডিয়াম
১ দশমিক ২ থেকে ২ দশমিক ৮ মিলিমোল শর্করা
* ডাবের পানিতে ফ্যাটের পরিমাণ অনেক কম৷ ফলে যাঁরা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী, তাঁদের জন্য ডাবের পানি বেশ উপকারী৷
* উচ্চ আঁশযুক্ত হওয়ার কারণে এটি বদহজম প্রতিহত করে৷
* ডাবের পানিতে পর্যাপ্ত পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায়, যাঁরা নিম্ন রক্তচাপে ভুগছেন, তাঁদের জন্য এটি খুব কার্যকরী।
* কঠোর অনুশীলন কিংবা পরিশ্রমের কারণে শরীর থেকে খনিজসমৃদ্ধ তরল বেরিয়ে যায়৷ সেটা পূরণে অনেকেই এনার্জি ড্রিংক পান করেন৷ কিন্তু তা না করে এক গ্লাস নারকেলের পানি খাওয়া বেশি ভালো। কারণ এতে বাজারে পাওয়া যাওয়া এনার্জি ড্রিংকের চেয়ে বেশি পটাশিয়াম ও চিনি রয়েছে।
লেবুর শরবত
খাদ্য উপাদান
১০০ গ্রাম কাগজি বা পাতিলেবুতে ৬৩ মিলিগ্রাম ভিটামিন সি,
৯০ মিলিগ্রাম ক্যালসিয়াম,
১৫ মাইক্রোগ্রাম ভিটামিন এ,
শূন্য দশমিক ১৫ মিলিগ্রাম ভিটামিন বি,
২০ মিলিগ্রাম ফসফরাস, শূন্য দশমিক ৩ মিলিগ্রাম লোহা থাকে।
* লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি রোগ প্রতিরোধে সাহায্য করে।
* স্কার্ভি রোগ থেকে রক্ষা করে। ভিটামিন সি দেহের ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়।
* লেবুতে পর্যাপ্ত ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্টস হিসেবে কাজ করে। দেহে ক্যানসারসহ নানা ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে।
* লেবুর শরবত লিভার পরিষ্কার রাখে এবং শরীরে উৎপন্ন টক্সিন বের করে দিতে সহায়তা করে। ফলে হজম শক্তি ভালো থাকে।
* লেবুর রস দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া এবং মুখের গন্ধ দূর করে। এ ছাড়া দাঁতে প্লাক জমার কারণে যে দাগ পড়ে তা-ও কমায়।
* লেবুতে প্রচুর পরিমাণে পেকটিন থাকে। আঁশজাতীয় এই পদার্থ ক্ষুধা কমায়। ফলে ওজন কমে।