গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্রঋণের জনক অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নেওয়া ‘হয়রানিমূলক’ সিদ্ধান্তের প্রতিবাদে নগরে মানববন্ধন হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল শনিবার সকালে গ্রামীণ ব্যাংকের সদস্য, আমানতকারী এবং কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জামিল আক্তার, মিরসরাইয়ের ব্যবস্থাপক মো. তৈয়বুর রহমান, স্বপন কুমার নাথ, মো. আবু মাসুমসহ গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মো. জামিল আক্তার বলেন, ‘নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে নেওয়া সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করুক। তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল রাখুক—এই আমাদের দাবি।’