ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর আদর্শ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৩ অক্টোবর বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পূর্ব চন্দ্রপুর আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা বিবি তহুরা। সভায় উপস্থিত সবাই ‘বাল্যবিবাহকে না’ বলে শপথবাক্য পাঠ করেন।