‘জামিল, গাড়ি বের করো’ ড্রাইভারকে নির্দেশ দিয়ে ফোন রেখে সামনে বসা ছেলেটার দিকে ফিরলেন শাহীন সাহেব। উনি একটি প্রাইভেট ব্যাংকের ডিজিএম। পঞ্চাশোর্ধ্ব, বিশাল কালো শরীর, বসার চেয়ারটি তাঁর শরীরের তুলনায় ছোট হয়ে গেছে। ‘আপনি তো কালকে এসেছিলেন। এখনো জয়েন করেননি?’ কঠোর হয়ে সামনে বসা ছেলেটিকে জিজ্ঞেস করলেন। এসব নতুন অফিসারকে প্রথম থেকেই টাইট দিয়ে রাখতে হয়। একটু ছাড় দিলেই এই চ্যাংড়া ছেলেগুলো নিয়মনীতির ধার ধারে না। আবার কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ‘কী নাম আপনার? চোখ লাল কেন? অ্যা! রাতে ঘুমাননি?’ছেলেটা মৃদু গলায় উত্তর দিল, ‘আমার নাম তানিম আহমদ। আমি...’, শাহীন সাহেব তানিমের কথা কেড়ে নিয়ে বললেন, ‘আপনার নারায়ণগঞ্জ পোস্টিং না? এখনো জয়েন করেননি কেন?’‘আমাকে নারায়ণগঞ্জ না দিয়ে অন্য জায়গায় দেয়া যায় না, স্যার! গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি, স্যার!’ কাঁপা কাঁপা গলায় তানিম উত্তর দিল।‘স্বপ্ন আর কাজে যোগদানের মধ্যে কী সম্পর্ক! অর্ডার ইজ অর্ডার! আপনাকে নারায়ণগঞ্জ যেতেই হবে।’ চরম বিরক্ত হয়ে বললেন শাহীন সাহেব।‘আমার কথাটা শুনুন স্যার, প্লিজ!’ উত্তেজিত কাঁপা কণ্ঠে তানিম বলল, ‘গতকাল রাতে স্বপ্নে দেখেছি স্যার...।’ তানিম একটা ঢোক গিলল, ‘...আমি অজ্ঞাত এক ব্যক্তির পায়ের বুড়ো আঙুলের নখ কাটছি। জানি না কে সে। পায়ের নখটা খুব লম্বা। আমি তার নখটা খুব যত্ন করে কেটে দিলাম। তারপর আমার পায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমার পায়ের নখও লম্বা হয়ে রয়েছে। কিন্তু আমি জানি আমার নখ কখনো এত লম্বা রাখি না। একটু আগের কাটা নখটার সঙ্গে আমার বুড়ো আঙুলের নখটা মেপে দেখলাম দৈর্ঘ্য ওটার অর্ধেক। আমার পায়ের নখ যখনই কাটতে যাব, তখনই ঘুমও ভেঙে গেল। এখন নিশ্চিত হতে পারছি না আমার পায়ের নখটা কেটেছিলাম কি না!’শাহীন সাহেব অধৈর্য হয়ে বললেন, ‘কি নখ নখ শুরু করলেন! নখ কাটলেই বা কী হয়েছে?’তানিম কথাগুলো শোনেনি এমনভাবে বলতে থাকল, ‘ঘুম থেকে উঠে কেমন যেন খটকা লাগল। তখন হঠাৎ মনে পড়ল, কোথায় যেন পড়েছিলাম স্বপ্নে নখ কাটা দেখলে অমঙ্গল হয়। ভয়াবহ অমঙ্গল। আমি জানি না আমার নখ কেটেছি কি না, কিন্তু যার নখ কেটেছি, তার যেন কিছু না ঘটে। এ জন্যই চাইছি, স্যার আমার নারায়ণগঞ্জ যাওয়াটা বাতিল করাতে। ‘কী সব আজগুবি কথা! অ্যা!’ ডিজিএম রেগে উঠলেন, ‘এই ডিজিটাল বিশ্বে কি আর এসব স্বপ্নবৃত্তান্ত চলে! আপনি আর চাকরি করে কী করবেন? যান, বাসায় ঘুম দেন। আপনার আর চাকরির দরকার নেই। বরং এখানে আপনি স্বপ্নব্যাখ্যা করা হয়—টাইপের ব্যবসা খুলে বসুন। আমার একটা মিটিং আছে, আমি এখন উঠছি।’ এই বলে শাহীন সাহেব উঠে দাঁড়ালেন।তানিমও উঠে দাঁড়াল। ‘স্যার! প্লিজ!’ একটা শেষ চেষ্টা করল তানিম।‘আপনি যদি চাকরি করতে চান, তাহলে আপনাকে আজই নারায়ণগঞ্জ জয়েন করতে হবে।’ এই বলে শাহীন সাহেব রুম থেকে বেরিয়ে গেলেন। অসহায় ভঙ্গিতে তানিম চেয়ারে বসে পড়ল।কিছুক্ষণ পর হঠাৎ রুমের বাইরে ধুপধাপ শব্দ শোনা গেল। অফিসের সবাই হইহই করে সিঁড়ির দিকে দৌড়ে গেল। তানিমও দৌড়ে সিঁড়ির দিকে ছুটল। সিঁড়ির মুখে দেখল হট্টগোল লেগে গেছে। কেউ একজন চিৎকার করে বলে উঠল, ‘কতবার বলেছি, এই টবগুলোতে পানি বেশি দিলে উপচে পড়ে সিঁড়িটা ভিজিয়ে পিচ্ছিল করে দেয়। এখন দুর্ঘটনা ঘটল!’ কয়েকজন চিৎকার করছে ‘অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স’, ‘ফোন করো, ফোন করো।’ সবাই দৌড়াদৌড়ি করছে। শুধু তানিম মূর্তির মতো সিঁড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পেরেছে স্বপ্নে কাটা অজ্ঞাত নখটা কার! বিএস সিংহসিলেট