চুয়েটের অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান

পরিবেশ বিপর্যয় রোধে ভূমিকা রাখতে পারে প্রকৌশলবিদ্যা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, ‘নতুন বিশ্বব্যবস্থায় প্রকৌশল শিক্ষার ব্যাপ্তি দিন দিন বাড়ছে। বৈশ্বিক প্রেক্ষাপট এর প্রয়োজনীয়তা অনেক গুণ বাড়িয়েছে। পরিবেশ বিপর্যয় রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রকৌশলবিদ্যা কার্যকর ভূমিকা রাখতে পারে। এটা সুখকর বিষয় যে চুয়েটে যুগোপযোগী পাঠ্যসূচির মাধ্যমে এ বিষয়ে শিক্ষা ও গবেষণার জন্য স্নাতকোত্তর পর্যায়ে ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়েছে।’ ১৮ জানুয়ারি চুয়েটে ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মানির অনারারি কনসাল মির্জা শাকির ইস্পাহানি, চুয়েটের উপাচার্য অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস, জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের (ইউনিকা) ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ইউই ডোরকা, চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক জহির বিন আলম, অধ্যাপক ফুজি ফুজিয়োমো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য বলেন, স্নাতকোত্তর পর্যায়ের এ কোর্সে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিধস ইত্যাদিসহ পরিবেশবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ পাঠদান করা হবে। এ কোর্সের ডিগ্রিধারীরা বাংলাদেশের দুর্যোগ ও পরিবেশ প্রকৌশলের প্রয়োগ শিখে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রাখতে সক্ষম হবেন। অনুষ্ঠান শেষে ইউজিসি চেয়ারম্যান চুয়েটের ভিডিও কনফারেন্স কক্ষ উদ্বোধন করেন। পরে তিনি নবনির্মিত স্থাপত্য বিভাগসহ বিভিন্ন স্থাপনা পরির্দশন করেন।