ফ্রিজের চেয়ে বেশি কিছু

স্মার্ট ফ্রিজের দুই অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় মডেল: আফরিন, ছবি: সুমন ইউসুফ
স্মার্ট ফ্রিজের দুই অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় মডেল: আফরিন, ছবি: সুমন ইউসুফ

কিছুদিন পরেই ঈদ৷ ঈদের আগে আগে নতুন ফ্রিজ কেনেন অনেকেই। সবকিছুর মতোই ফ্রিজের প্রযুক্তিতে যোগ হয়েছে নতুন নতুন উদ্ভাবন। খাবার সংরক্ষণ আর ঠান্ডা রাখাই এখন ফ্রিজের কাজ নয়। স্মার্ট তকমা লাগানো ফ্রিজগুলো আরও অনেক কিছুই করে দেয়।
বাজার ঘুরে দেখা গেল, এই সময়ে ফ্রিজ কিনলে বাড়তি কিছু সুবিধাও পাচ্ছেন ক্রেতারা। একদিকে নতুন মডেলের ফ্রিজ, অন্যদিকে রয়েছে মূল্যছাড় ও উপহার। রাজধানীর কারওয়ান বাজারে ট্রান্সটেক ডিজিটালের বিক্রয় ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান, ‘এখন ঈদ সামনে রেখে ক্রেতারা তাঁদের পছন্দমতো ফ্রিজ কিনছেন৷ সাধ্যের মধ্যে ভালো ফ্রিজটিই বেছে নিচ্ছেন৷ বেশির ভাগ ক্রেতাই বিভিন্ন মডেলের বিভিন্ন লিটারের ফ্রিজ বেছে নিচ্ছেন৷ তা ছাড়া ঈদের আগে ছাড় উপহারের ছড়াছড়ি থাকায় ক্রেতারা ফ্রিজ কিনতে আগ্রহী বেশি৷’

স্মার্ট ফ্রিজের সুবিধা
দেশের বাজারে স্মার্ট ফ্রিজ এনেছে স্যামসাং। এসব ফ্রিজে রয়েছে নানা রকম সুবিধা।
* দুটি করে (টুইন) কুলার রয়েছে এই ফ্রিজগুলোয়। ফলে চাইলে ডিপ ফ্রিজ অংশ কিংবা সাধারণ অংশ যেকোনো একটা চালিয়ে রাখা যাবে। আপনি চাইলে নিচের অংশ বন্ধ করে ওপরের ডিপ ফ্রিজটিও সাধারণ অংশের মতো ব্যবহার করতে পারবেন৷
* স্মার্ট ফ্রিজগুলো বিদ্যুৎ খরচ কম করে।
* কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকে না, তবে যদি কোনো খাবারে পচন ধরে তবে তা অন্য খাবারে ছড়িয়ে পড়ে না। ওই খাবারেই সীমাবদ্ধ থাকে।
* ডিজিটাল ডিসপ্লে থাকায় বাইরে থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন৷
* ‘ইজি স্লাইড’ সুবিধা থাকায় সহজেই ট্রে বের করা যায়।
* ১১৫ থেকে ৩০০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ ওঠা–নামা করলেও কোনো সমস্যা হয় না৷

ফ্রিজের যত্ন
ফ্রিজের যত্নের কিছু পরামর্শ
* নতুন কেনা ফ্রিজের ক্ষেত্রে ফ্রিজ বাসায় এনে কমপক্ষে তিন থেকে ছয় ঘণ্টা পর বিদ্যুৎ–সংযোগ দিতে হবে।
* বৈদ্যুতিক ভোল্টেজ ওঠা–নামার ফলে ক্ষতির হাত থেকে ফ্রিজকে রক্ষা করতে ব্যবহার করুন স্বয়ংক্রিয় ভোল্টেজ স্টেবিলাইজার। পাবেন ৩ হাজার ২০০ টাকার মধ্যেই।

বাজারদর
নানা রকম ফ্রিজ আছে বাজারে। এক নজরে দেখা যাক সেসব।
স্যামসাং: স্যামসাং ইলেক্ট্রায় প্রতিটি ফ্রিজের সঙ্গে পাওয়া যাবে একটি করে কুপন। এই কুপনে ৩২ ইঞ্চি কার্ভড এলইডি টিভি কিংবা বালি ভ্রমণের পুরস্কার পাওয়া যাবে। বিভিন্ন মডেলের স্যামসাং ফ্রিজের দাম ৪৫ হাজার ৯০০ থেকে ৩ লাখ ২৫ হাজার টাকা। বাজারে এখন আরটি ২৭ মডেলের সিরিজ থেকে আরটি ৪৯ মডেলের ফ্রিজ ভালো চলছে৷ একটু বড় আকারের ফ্রিজের মধ্যে চলছে আরএইচ ৭৭ ও আরএস ২১ ফ্রিজ।
ট্রান্সটেক: ট্রান্সটেক ফ্রিজ পাবেন ২৬ হাজার ৫০০ টাকায় (২০৮ লিটার) থেকে সর্বোচ্চ ৩২ হাজার ৯৯০ টাকায় (২৩০ লিটার)। থাকছে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা৷ ১ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে৷
হিটাচি: আর সিিরজের বিভিন্ন মডেলের ফ্রিজে আছে ছাড় ও উপহার। বাজারে ৫১ হাজার ১০০ (২২৩ লিটার) থেকে সর্বোচ্চ ২ লাখ ৫৪ হাজার টাকায় (৬৫১ লিটার) পাওয়া যাবে হিটাচির ফ্রিজ।
ওয়ালটন: ওয়ালটনের বিভিন্ন মডেলের ১০টি ফ্রিজে রয়েছে ১০০টি রঙের বৈচিত্র্য। ৮ শতাংশ ছাড়ে ওয়ালটন ফ্রিজ পাবেন। এ ফ্রিজগুলোর দাম ১৭ হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৯ হাজার ৯০০ টাকা।
সিঙ্গার: সিঙ্গারের রয়েছে ৩৫টির বেশি মডেলের ফ্রিজ৷ ৬ থেকে ২২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এক দরজা, দুই দরজা থেকে ড্রয়ার কাঠামোর সিঙ্গার ফ্রিজের দাম ১৯ হাজার ৯৯০ টাকা থেকে ১ লাখ ৫৭ হাজার টাকা।
এলজি বাটারফ্লাই: প্রতিটি ফ্রিজের সঙ্গে আছে স্ক্র্যাচকার্ড। এটি ঘষে পেতে পারেন নানা উপহার৷ বিভিন্ন মডেলের ফ্রিজের দাম ২৭ হাজার থেকে ৩ লাখ ২৮ হাজার ৪৪০ টাকা। ডিপ ফ্রিজের দাম শুরু ২৩ হাজার ৪৩৫ টাকা থেকে।
প্যানাসনিক: প্যানাসনিক ফ্রিজ পাবেন ৪১ হাজার ৮০০ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকায়। ডিপ ফ্রিজ মিলবে ২৫ থেকে ৪৭ হাজার টাকায়।
মাই ওয়ান: মাই ওয়ান ফ্রিজের দাম ১৮ থেকে ৩২ হাজার টাকা। আর ডিপ ফ্রিজ ২২ থেকে ৩০ হাজার টাকা।
সনি র্যাংগস: এই ব্র্যান্ডের ফ্রিজের দাম ২৩ হাজার ৭৫০ থেকে ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা। ডিপ ফ্রিজ ২১ হাজার ৯০০ থেকে ২৯ হাজার ৯০০ টাকায়। প্রতিটি ফ্রিজেই থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি।
যমুনা ফ্রিজ: ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ে যমুনা ফ্রিজ পাবেন ২১ হাজার ৯০০ থেকে ৩৪ হাজার ৪০০ টাকার মধ্যে।
কনকা: কনকা ফ্রিজের দাম ১৯ হাজার ৫০০ (৯৫ লিটার) থেকে সর্বোচ্চ ৯০ হাজার টাকা (৬০০ লিটার)। আর ডিপ ফ্রিজ পাবেন ২৩ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।