মানুষের মনন জাগাতে বইয়ের অবদান লিখে হয়তো শেষ করা যাবে না। তবে আমরা যে বাঁধানো বই পড়ি তার আগমনের গল্পটা জানতে ফিরে যেতে হবে প্রাচীন রোমে। প্রথম খ্রিষ্টাব্দে রোমের অভিজাত আর জ্ঞানীদের ব্যক্তিগত গ্রন্থাগার ছিল। সে গ্রন্থাগার ঠাসা থাকত সংস্কৃতি, দর্শন আর ইতিহাসের বইয়ে। তবে সে যুগের বইগুলো এখনকার মতো বাঁধাই করা ছিল না। বরং মিসর থেকে আনা কাগজসদৃশ প্যাপিরাসে লেখা সেই বইগুলো গোল করে মুড়িয়ে বান্ডিলের মতো বেঁধে সংরক্ষণ করা হতো। সে বই আবার একেকটি দৈর্ঘ্যে হতো ১২ থেকে ৫২ ফুট পর্যন্ত!
ছোট আকারের বইয়ের প্রচলনের সমাধানও অবশ্য আসে রোম থেকেই। গবেষকেরা জানিয়েছেন, প্রথম শতকে রোমে ব্যবহৃত এমন কিছু কাগজসদৃশ বস্তু পাওয়া যায় যেগুলো বর্তমান যুগে প্রচলিত বইয়ের মতো করেই সাজানো ছিল। রোমানরা এই বইগুলোকে বলত কোডেক্স, যার অর্থ গাছের গুঁড়ি। তবে এটি কে আবিষ্কার করেছিলেন কিংবা কেন আবিষ্কার করা হয়েছিল, এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না।
বিশেষ করে ৮৪ থেকে ৮৬ খ্রিষ্টাব্দের দিকে, পাঠকদের বই কেনার জন্য প্রাচীন রোমান কবি মার্শালের আহ্বান জানানো একটি লেখা উদ্ধার করা গেছে। যেটি বিশ্লেষণ করে জানা যায়, মার্শালের বইটি ছোট ছোট অংশে বিভক্ত এবং পৃষ্ঠা আকারে সাজানো ছিল।
যদিও প্রথম দিকে সাধারণ মানুষের কাছে বাঁধাই করা বই তেমন জনপ্রিয়তা পায়নি। তবে বিভিন্ন গির্জায় ধর্মীয় গ্রন্থ বাঁধাই করে সংরক্ষণ করা হতো। ষষ্ঠ শতকের শেষভাগে খ্রিষ্টধর্ম দ্রুত প্রচারের ফলে জনপ্রিয় হতে থাকে বাঁধাই বই।