উদ্ভাবন

বাসাবাড়ির সুরক্ষাব্যবস্থা তৈরি হলো যেভাবে

নারীদের এমন কিছু উদ্ভাবন আছে, যেগুলো দৈনন্দিন জীবনে যেমন কাজে এসেছে, তেমনি অনেকের জীবনও বাঁচিয়েছে। তবে নারী উদ্ভাবকের নাম পাদপ্রদীপের আলোয় আসেনি ততটা।

মেরি ফন ব্রিটান ব্রাউন ছিলেন একজন কৃষ্ণাঙ্গ নার্স। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকতেন তিনি। তাঁর স্বামী ছিলেন অ্যালবার্ট ব্রাউন। দুজনে মিলেই প্রথম বাসাবাড়ির সুরক্ষাব্যবস্থা বা হোম সিকিউরিটি সিস্টেম তৈরি করেছিলেন। ১৯৬৯ সালে এই দম্পতির তৈরি হোম সিকিউরিটি সিস্টেমের প্যাটেন্ট করা হয়। এই ব্যবস্থা তৈরির পেছনে মূল ভাবনা ছিল মেরি ব্রাউনের। আর এর কারণ ছিল একেবারেই বাস্তব জীবনের সঙ্গে সংশ্লিষ্ট। পেশাগত কারণে স্বামী–স্ত্রী দুজনকেই দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো। দুজনেই কারিগরি কর্মী হিসেবে কাজ করতেন। মাঝেমধ্যেই অনেক রাতে বাড়ি ফিরতে হতো মেরি ব্রাউনকে। আর তখন অ্যাপার্টমেন্টে ঢুকতে গিয়েই ঝামেলায় পড়তে হতো তাঁকে।

যে ব্যবস্থাটি এ দম্পতি গড়ে তুলেছিলেন, তাতে এমন একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল, যা স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া করতে পারে। এই ক্যামেরার মাধ্যমে অ্যাপার্টমেন্টের দরজার সামনে চার কোণ থেকে ছবি তোলা যেত। সেই ছবি আবার দেখা যেত বাড়ির ভেতরে থাকা মনিটরে। এ ছাড়া এই ব্যবস্থায় দরজার সামনে দাঁড়ানো ব্যক্তি একটি মাইক্রোফোনের মাধ্যমে ভেতরে থাকা মানুষের সঙ্গে কথাও বলতে পারতেন। আবার স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলার ব্যবস্থাও ছিল মেরি ও অ্যালবার্ট ব্রাউনের উদ্ভাবনে।

বিপদে পড়লে ছিল পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য বিশেষ বোতামও। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলে থাকেন, মেরি ও অ্যালবার্টের এই উদ্ভাবনই আধুনিক হোম সিকিউরিটি সিস্টেম তৈরির পথ উন্মুক্ত করেছিল।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, হিস্ট্রি ডটকম