রাঙামাটি জেলার পাহাড় আর হ্রদবেষ্টিত বরকল উপজেলায় প্রথমবারের মতো বিদ্যুৎ–সংযোগ দেওয়া হলো। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের মাধ্যমে বরকল উপজেলায় এই সঞ্চালন লাইন উদ্বোধন করা হয়।
৩ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা সদরে বিদ্যুৎ–সংযোগ উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, সাংসদ ফিরোজা বেগম, সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সদস্য বিতরণ) এ বি এম মীজানুর রহমান, দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিজিবির কর্মকর্তারা।
পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক উগাপ্রু মারমা জানান, বরকল উপজেলায় আপাতত ১৫ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে। এর আওতায় থাকবে উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়, বিদ্যালয় ও কলেজ, হাসপাতাল, বিজিব বরকল জোন এবং আশপাশের এলাকার বাড়ি-ঘর।