ঘর-মন-জানালা

ভয়

আমি তখন সবে তৃতীয় শ্রেণীতে পদার্পণ করেছি। এক বর্ষণমুখর দুপুরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, ঠিক তখনই আমার এক খেলার সঙ্গী আমার জানালায় এসে উঁকি মারে। আনুকে আমি তখন ভালোভাবে চিনতে পারিনি। একে তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তার ওপর ওর সারা শরীরে কাদা মাখানো ছিল। আমি ভয়ে যখন চিৎকার দিতে যাই, তখন ও জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার মুখ চেপে ধরে। আমি সাধারণত দুপুরে ঘুমাতাম না। চোখ বন্ধ করে ঘুমের ভান করতাম। আর মনে মনে ভাবতাম, কখন মা-বাবা ঘুমিয়ে পড়বে আর আমি বাইরে যাব। মাঝেমধ্যে চোখ খুলে দেখতাম মা-বাবা ঘুমিয়েছে কি না। মা-বাবা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, এ সুযোগে আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে। আনু আমাকে বলল, ‘হেনাদের ডিঙি নৌকাটা দেখে এলাম, আমরা আজ বৃষ্টিতে ভিজব আর শাপলা-শালুক তুলব।’ আমরা দুজন মহাসমারোহে এগিয়ে গেলাম বিলের পাড়ে, গিয়ে দেখি নৌকাটা ঘাটেই আছে। আমরা দুজন তো মহাখুশি। দুজনে নৌকা বেয়ে শাপলা-শালুক তুললাম ইচ্ছামতো। কিন্তু যেই না কূলে এলাম, তখন আনু নৌকার মাথায় পা দিয়ে নামতে গেলে নৌকার মাথাটা গেল ভেঙে। নৌকাটা অনেক দিনের পুরোনো ছিল। এরই মধ্যে কখন যে নৌকার মালিক হেনার দাদা কোথা থেকে উদয় হলেন, তা লক্ষ করিনি। নৌকা ভাঙার দায় পড়ল আমার ওপর। এর শাস্তি বাবদ আমাকে যে কতবার বিলের পচা পানিতে চুবানি খেতে হয়েছিল, তার ইয়ত্তা নেই। ভয়ে আমার কচি প্রাণ যায় যায়। আনু যে কখন পালিয়ে গেছে, তা টেরই পাইনি। অদূরে কাউকে দেখতে পেয়ে আমার মনে আশার সঞ্চার হলো। লোকটি যখন কাছে এলেন, তখন দেখি এ তো আমার বাবা। হেনার দাদার হাত থেকে কোনো মতে বাঁচলেও বাবার হাত থেকে পালিয়ে কোথায় যাব, ভেবেই পাচ্ছিলাম না। ভয়ে দৌড়ে গিয়ে পাশের বাড়ির এক চাচার খড়ের পালার মধ্যে লুকাই। চাচি আমাকে ভালোভাবে গোসল করিয়ে বাড়িতে দিয়ে যান। তার আগে, একটা আয়না আমার সামনে ধরে বলেন, ‘দেখ, তোকে জংলি ভূত দেখাচ্ছে। আয়নায় দেখ নিজের চেহারাটা চিনতে পারিস কি না।’ ওই প্রথম নিজেকেই নিজে চিনতে পারিনি। নিজেকে খুব অসহায় আর অচেনা মনে হচ্ছিল। শায়মা চৌধুরীসরকারি বিএল কলেজ, খুলনা।