নগরের আগ্রাবাদ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় মডেল টেস্ট ও মূল্যায়ন পরীক্ষার নামে ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত দুই হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রীরা।
মডেল টেস্ট ও মূল্যায়ন পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়ার বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত বলেন, ‘এই পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীদের জন্য বাধ্যতামূলক নয়।’ তবে ছাত্রীদের অভিযোগ, মডেল টেস্ট ও মূল্যায়ন পরীক্ষার ফি দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ তাদের বাধ্য করেছে।
কলেজ সূত্র জানায়, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ছাত্রীদের কাছ থেকে বিষয়ভেদে পরীক্ষার ফরম পূরণের ফি নেওয়া হচ্ছে ১ হাজার ৭৮৫ টাকা থেকে ১ হাজার ৯০৫ টাকা। আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এই ফি নেওয়া হচ্ছে ২ হাজার ১৯৫ থেকে ২ হাজার ৩৪৫ টাকা। এটা বোর্ডনির্ধারিত ফি। এর বাইরে মডেল টেস্ট ফি হিসেবে ১ হাজার ৬০০ টাকা এবং মূল্যায়ন পরীক্ষার ফি ৪০০ টাকা নেওয়া হচ্ছে। গত শনিবার পর্যন্ত ৬৩৪ ছাত্রী পরীক্ষার ফরম পূরণ করেছে।
কলেজের একাধিক ছাত্রী অভিযোগ করে, কলেজ কর্তৃপক্ষ কোচিং ফি খাতের নাম পাল্টিয়ে মডেল টেস্ট ও মূল্যায়ন পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করছে। দুই ধরনের রসিদের মাধ্যমে এই অর্থ আদায় করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, বিলম্ব ফি ছাড়া পরীক্ষার ফরম পূরণের সময় গত ২৯ ডিসেম্বর শেষ হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণের শেষ সময় ৭ জানুয়ারি পর্যন্ত (আজ)।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, বোর্ডের বিজ্ঞপ্তি অনুসারে ফরম পূরণের সময় মডেল টেস্ট ও মূল্যায়ন পরীক্ষার ফি নেওয়ার কোনো খাত নেই। সংশ্লিষ্ট কলেজ যদি এই খাতে ফি আদায় করে থাকে, তাহলে বোর্ডের কাছে তার ব্যাখ্যা দিতে হবে।
গত শনিবার দুপুরে নিজ কার্যালয়ে কলেজ অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ছাত্রীদের কাছ থেকে পরীক্ষার ফরম পূরণ বাবদ এক টাকাও বাড়তি আদায় করা হয় না। বরং অনেক ক্ষেত্রে দরিদ্র ছাত্রীদের ফি মওকুফ করা হয়েছে। তবে ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার তা কলেজের পক্ষ থেকে করা হয়। এর অংশ হিসেবে ছাত্রীদের মডেল টেস্ট ও মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার সব উপকরণ কলেজ থেকে সরবরাহ করা হয় বলে ছাত্রীদের কাছ থেকে একটি ফি নেওয়া হচ্ছে।
কলেজের নোটিশ বোর্ডে টানানো বিজ্ঞপ্তি অনুসারে, এইচএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এই টেস্ট শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। মূল্যায়ন পরীক্ষা চলবে ১৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।