যাত্রা–ভঙ্গ
নির্মলেন্দু গুণ
১
হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না;
এক কে করি দুই।
হেমের মাঝে শুই না যবে
প্রেমের মাঝে শুই।
২
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি।
৩
তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই।
৪
তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরণি নায়ে।
৫
নায়ের মাঝে বসব বটে,
না-এর মাঝে শোব,
হাত দিয়ে তো ছোঁব না মুখ
দুঃখ দিয়ে ছোঁব।
৬
তুই কেমন করে যাবি?
মডেল: অমৃতা খান ও এ কে আজাদ
সাজ: পারসোনা
পোশাক: স্করপিয়ন ও রেড অরিজিন
দৃশ্য পরিকল্পনা: মাহফুজ রহমান
ছবি: কবির হোসেন