স্মরণ

মা

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

২৭ বছর আগে নতুন চাকরি নিয়ে মা এবং দুই বছরের অামাকে নিয়ে বাবা পা রেখেছিলেন মংলায়। মংলা বন্দরের এ চাকরিটাই বদলে দিয়েছিল আমাদের পরিবারের চিত্র। জীবনের নানা বাঁক বদলের পর চাকরিজীবনের শেষ সময়ে মাকে নিয়ে বাবা থিতু হয়েছিলেন সেই মংলায়। আমি কর্মসূত্রে ঢাকায়, পড়াশোনার জন্য ছোট বোন থাকে বরিশালে। ছুটি হলেই আমরা ‘বেড়াতে’ যাই মা-বাবার কাছে।
এ মাসে অফিসের কাজে আমাকে খুলনায় যেতে হবে, একপ্রকার অনুমিতই ছিল। তবে ৮ জানুয়ারি খুলনায় যেতে হবে, ভাবিনি। মাকে জানাতেই ভীষণ খুশি হয়েছিলেন। বলেছিলেন, ‘আস বাবা, তুমি আসলে মনে অনেক শান্তি পাই।’
মংলা থেকে খুলনা শহরের ঘণ্টা দু-একের দূরত্ব। এর আগে অফিসের কাজে যখন খুলনায় গেছি, মাকে মংলা থেকে নিয়ে এসেছি। খুলনায় কোনো আত্মীয়ের বাসায় রেখেছি। প্রতিদিন কাজ শেষে সেখানে ছুটে গেছি। এবারও তেমন পরিকল্পনা ছিল।
১০ জানুয়ারি রাত ১১টায় জানতে পারলাম, আবারও মা অসুস্থ হয়ে পড়েছেন। রাত চারটায় মায়ের অ্যাম্বুলেন্স এসে পৌঁছাল আমার হোটেলের সামনে। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই মা হাতটা বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরলেন। কাতর কণ্ঠে পেটের কাছে হাত টেনে নিয়ে বললেন, ‘বাবা, আমার এইখানে অনেক যন্ত্রণা হচ্ছে। তুমি আমার ব্যথা কমানোর ব্যবস্থা কর।’
বললাম, ‘মা, একটু ধৈর্য ধর। এক্ষুনি ডাক্তারের কাছে নিচ্ছি।’ ব্যথা তাঁর এতটাই তীব্র, কিছুতেই প্রবোধ মানছেন না।
সবার পরামর্শ অনুযায়ী দ্রুতই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো। কর্তব্যরত ডাক্তার ব্যথা কমানোর চেষ্টা করলেন। পরদিন বেলা গড়াতে মনে হলো, ব্যথা কিছুটা কমেছে। দুপুরে দেখলাম, মা বিষণ্ন মনে বসে আছেন। চোখমুখ বলছে, বিরাট ঝড় যাচ্ছে তাঁর ওপর দিয়ে। হাসপাতালের ‘অস্বাস্থ্যকর’ পরিবেশ দেখে ভাবলাম, ব্যথা আরেকটু কমলেই এখান থেকে নিয়ে যাব। মায়ের পরনের শাড়িটা দেখে বুকটা ধক করে উঠল। কদিন আগে কিনে দিয়েছিলাম শাড়িটা।
গত ডিসেম্বরে মা ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেবার সুস্থ হওয়ার পর জানিয়েছিলেন, কিছু কেনাকাটা করবেন। আমাদের দুই ভাইবোনকে নিয়ে যশোরে মা কিছু কেনাকাটাও করেছিলেন। আমার কাছে সাধারণত তিনি কিছু চান না। সেদিন আমাকে দিয়ে শাড়ি-শাল ও প্রয়োজনীয় কিছু জিনিস কেনালেন। মজা করেই জিজ্ঞেস করেছিলাম, ‘কী ব্যাপার, তুমি এত কিছু কিনছ কেন?’
মা রহস্যের হাসি হেসে বলেছিলেন, ‘বেশি দিন বাঁচব না তো, পরেই মরি!’
বেশ ধাক্কাই খেয়েছিলাম শুনে। খানিকটা রেগে বলেছিলাম, ‘কী বল এসব! তোমার বয়স ৫০-ও হয়নি, ছেলে-মেয়ে বিয়ে দাওনি। এখনো কত কিছু দেখার বাকি তোমার।’
মা বোধ হয় টের পেয়েছিলেন পৃথিবীর আলো-হাওয়া বেশি দিন মাখা হবে না তাঁর। ১২ জানুয়ারি, মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে সত্যি সত্যি মা চলে গেলেন না ফেরার দেশে।
হাসপাতালের করিডরে চোখের জলে ভেসে যাচ্ছি আমি আর বাবা। ট্রলিতে আমাদের মাঝে নিথর, প্রাণহীন মানুষটা। ২৭ বছর আগে এই তিনজনকে নিয়ে যেখানে শুরু হয়েছিল পরিবারটার নতুন যাত্রা, সেখান থেকেই একজনের বিদায়।
পৃথিবীতে ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এ কারণেই কি বিদায়বেলায় তাঁর কাছে ছেলেকে এনে দিয়েছিল নিয়তি? শত যন্ত্রণা পেলেও স্বামী ভক্তিতে এতটুকু কমতি ছিল না। পৃথিবী থেকে বিদায় নিলেন স্বামীর বুকে মাথা রেখেই।
কত কিছু বলার ছিল, করার ছিল তাঁর। আফসোস, পৃথিবীতে সময় পেলেন সাকল্যে ৪৫ বছর। ‘হায়! জীবন এত ছোট কেনে! এ ভুবনে?’
রানা আব্বাস, ঢাকা