সংস্কৃতি সংবাদ

মুক্তধ্বনির কবিতাসন্ধ্যা

মুক্তধ্বনির অনুষ্ঠানে আবৃত্তি করেন শিল্পীরা
মুক্তধ্বনির অনুষ্ঠানে আবৃত্তি করেন শিল্পীরা

মুক্তধ্বনি আবৃত্তি সংসদের উদ্যোগে ১১ অক্টোবর সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোহাম্মদ জোবায়েরের কবিতা থেকে আবৃত্তি করেন মুক্তধ্বনির আবৃত্তিশিল্পীরা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম, মফিজুর রহমান, এম এ মোতালেব ও মোহাম্মদ জোবায়ের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মো. মছরুর হোসেন। 
কথামালা শেষে মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সদস্যরা পরিবেশন করেন বৃন্দ আবৃত্তি ‘কিছুই নেই আগের মতো।’ প্রযোজনা ও নির্দেশনায় ছিলেন মো. মছরুর হোসেন।
এরপর একক আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন শিল্পীরা। শব্দ নোঙরের দিলরুবা খানম পরিবেশন করেন মোহাম্মদ জোবায়েরের লেখা ‘সুন্দরের স্পর্শে’, শওকত জাহান ‘ভাবনার গাছ পাথর’, দেবাশীষ রুদ্র ‘সাধু সাবধান’, স্মৃতি দাশ ‘পাষাণ প্রতিমা’, মাসুদ তালুকদার ‘বিদিশা’, তারুণ্যের উচ্ছ্বাসের মুজাহিদুল ইসলাম ‘অপেক্ষার ব্যাকুলতান’, উচ্চারকের ফারুক তাহের ‘পতনের শব্দ শুনি’, বোধনের প্রণব চৌধুরী ‘রোদ্দুর দিয়েছে ডাক’ ও বায়জীদ সাগর ‘পরাজয়ের আনন্দ’ কবিতা আবৃত্তি করেন।
মো. মছরুর হোসেনের ‘বিশ্বায়নের পদতলে’ ও ‘পথ’ কবিতা দুটির আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।