মেঘলা মিজান মডেল ও অভিনয়শিল্পী। বাবা মিজানুর রহমান, ব্যবসায়ী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন খাবার প্রিয়?
মেঘলা: আমার প্রথম পছন্দ ভুনা খিচুড়ি। তবে আমি খুবই আলুপ্রিয়। আলুর তৈরি যেকোনো খাবারই খেতে ভালো লাগে। এ ছাড়া চকলেট এবং মায়ের রান্না করা পায়েস ও সেমাই পছন্দ।
বাবা: সাধারণত ভাত, ছোট মাছ এবং যেকোনো ধরনের ভর্তা আমার পছন্দ। তবে স্ত্রীর রান্না করা মসুরের ডাল বেশি পছন্দ।
২. যাঁর গান শুনতে ভালো লাগে...
মেঘলা: গান শোনার নেশাটা আমার একটু বেশিই। সব ধরনের গানই শুনি। অরিজিৎ সিংয়ের গান থেকে শুরু করে মাইকেল জ্যাকসন, মান্না দে, লতা মঙ্গেশকরের গান শুনি। এ ছাড়া বাংলাদেশের জলের গান ব্যান্ডের গানও নিয়মিত শোনা হয়।
বাবা: বাংলাদেশের বারী সিদ্দিকী, সুবীর নন্দী ও ভারতের মোহাম্মদ রফির গান আমার ভালো লাগে।
৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে...
মেঘলা: আলোর মিছিল, জীবন থেকে নেয়া, টাইটানিক বারবার দেখতে ইচ্ছা করে।
বাবা: দুই পয়সার আলতা, বদনাম, আলোর মিছিল ও ভারতের ঘায়েল।

৪. প্রিয় অভিনয়শিল্পী?
মেঘলা: রাজ্জাক, ববিতা, অ্যাঞ্জেলিনা জোলি, রবার্ট পাটিনসন ও লিওনার্দো ডিক্যাপ্রিও।
বাবা: রাজ্জাক, ববিতা, অমিতাভ বচ্চন ও সানি দেওল।
৫. বেড়ানোর প্রিয় জায়গা?
মেঘলা: সমুদ্র আমাকে কাছে টানে। কক্সবাজার, পাতায়া ও গোয়া সমুদ্রতীরে ঘুরতে ভালো লাগে আমার।
বাবা: কুয়াকাটা ও থাইল্যান্ডের পাতায়া।
৬. কোন লেখকের বই পড়া হয়?
মেঘলা: রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন ও শেক্সপিয়ার।
বাবা: রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও হুমায়ূন আহমেদের বই পড়ি।
৭. পরস্পরের কোন দিকটা পছন্দ?
মেঘলা: আমার প্রতি বাবার খেয়াল খুব বেশি। আমাকে খুব আদর করেন। বাবার এই দিকটা আমার পছন্দ।
বাবা: মেঘলা কাউকে কোনো কথা দিলে তা রাখে। তাঁর কাছে সময় মেনে চলে।
৮. আর অপছন্দ?
মেঘলা: বাবা একটু রাগী। কোনো কোনো সময় কোনো বিষয়ে বোঝানোর চেষ্টা করলেও বাবা বুঝতে চান না। যা আমার কাছে মাঝেমধ্যে অপছন্দ লাগে।
বাবা: অনেক সময় বুঝে না-বুঝে আমার ওপর রাগ করে, অভিমান করে—এটা আমার অপছন্দ।
সাক্ষাৎকার: শফিক আল মামুন