পয়লা বৈশাখ আসছে। তার আগেই গরমের আঁচ পাওয়া যাচ্ছে। তৃষ্ণা মেটাতে শরবত সব সময়ই এগিয়ে। বাড়িতে খুব সহজেই বানানো যায় শরবত। কয়েকটি শরবতের রেসিপি দিয়েছেন অসিত কর্মকার।
উপকরণ: পাকা বেল ১টি, তরল দুধ ২ কাপ, ছানা আধা কাপ, বাদামগুঁড়া ২ টেবিল চামচ, মধু স্বাদমতো, পানি আধা কাপ।
প্রণালি: প্রথমে বেল ফাটিয়ে বেলের কাই বের করে নিন। সামান্য পানি দিয়ে মেখে নিন। চালুনিতে চেলে রস বের করে নিন (লক্ষ রাখবেন, বেলের বিচি যেন থেঁতলে না যায়)। এবার বাকি সব উপকরণ ব্লেন্ড করে মিশিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
উপকরণ: কাঁচা আম ২টি, চিনি ১ কাপ, শর্ষেবাটা ১ চা-চামচ, টালা জিরাগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ২টি, বিট লবণ আধা চা-চামচ ও ঠান্ডা পানি ৪ কাপ।
প্রণালি: কাঁচা আম খোসাসহ আগুনে পুড়িয়ে ঠান্ডা করে নিন।খোসা ছাড়িয়ে হাত দিয়ে চিপে আমের মণ্ড বের করে নিন।ব্লেন্ডারে সব উপকরণ ভালো ভাবে ব্লেন্ড করে নিন।গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
উপকরণ: তরমুজ টুকরা ৪ কাপ, আতপ চাল আধা কাপ, লেবুর রস ২ চা-চামচ, পানি ১ কাপ ও চিনি স্বাদমতো।
প্রণালি: আতপ চাল ভিজিয়ে পেস্ট করে রাখুন। লেবু ও চিনি বাদে ব্লেন্ডারে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ছেঁকে নিন। এবার লেবুর রস ও স্বাদমতো চিনি মিশিয়ে নিন। সাজিয়ে পরিবেশন করুন।
উপকরণ: আনারসের কুচি ৪ কাপ, কমলার টুকরা ২ কাপ, আদাকুচি ২ চা-চামচ, পুদিনাপাতা আধা কাপ, বিট লবণ সামান্য, চিনি স্বাদমতো ও পানি ৩ কাপ।
প্রণালি: পুদিনাপাতা ও চিনি বাদে বাকি সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে ছাঁকনিতে ছেঁকে নিন। এবার চিনি ও পুদিনাপাতা দিয়ে আরও একবার ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।