দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর গ্রামে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের অর্থায়নে গড়ে ওঠা আশ্রয়ণ প্রকল্প ‘আদর্শ কাতার পল্লি’ পরিদর্শন করেছেন কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মুহাম্মদ আল-দিহাইমি।
১ মে সকালে বাবুনগর গ্রামের আদর্শ কাতার পল্লি পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আ ন ম সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
জানতে চাইলে সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী প্রথম আলোকে জানান, কাতারের অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সাতকানিয়ার বাবুনগর গ্রামে ভূমিহীন, দুস্থ ও গরিব ৫০ পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প ‘আদর্শ কাতার পল্লি’। ওই পল্লির অবস্থা দেখার জন্যই কাতারের রাষ্ট্রদূতের আগমন।
সাংসদ বলেন, ওই পল্লিতে শতভাগ ভূমিহীন, দুস্থ ও গরিব পরিবারের লোকজনের মাথা গোঁজার ঠাঁই হবে। তা ছাড়া ওই পল্লির বাসিন্দারের জন্য তৈরি করা হয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি চিকিৎসাকেন্দ্র ও একটি মসজিদ। পল্লির বাসিন্দারের পানীয় জলের সুবিধা দিতে বসানো হয়েছে পাঁচটি গভীর নলকূপ।