ইগনোবেল ২০১১

হেসে ভাবুন

ইমপ্রোব্যাবল রিসার্চের দর্শন হলো আগে হাসুন তারপর ভাবুন। মানুষকে আগে হাসানোর জন্য অনেক কিছুই করে এ সংগঠন। এর মধ্যে অন্যতম হলো অ্যানালস অব ইমপ্রোব্যাবল রিসার্চ নামের ম্যাগাজিন প্রকাশ এবং ইগনোবেল পুরস্কার প্রদান। নোবেল পুরস্কারের প্যারোডিই হলো ইগনোবেল পুরস্কার। উদ্ভট, কল্পনাতীত, সৃজনশীল এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষকে বেদম হাসাতে পারে এমন অবদানের জন্যই দেওয়া হয় ইগনোবেল। সবচেয়ে মজার বিষয় হলো, ইগনোবেলজয়ীদের তালিকায় সত্যিকারের নোবেলজয়ী কীর্তিমানও আছেন বেশ কজন! নোবেলের মতোই একাধিক শাখায় এ পুরস্কার দেওয়া হচ্ছে ১৯৯১ সাল থেকে। প্রতিবছর হার্ভার্ড ইউনিভার্সিটির স্যান্ডার্স থিয়েটারে বসে এই আয়োজন। গত ২৯ সেপ্টেম্বর বসেছিল এর ২১তম আসর। বিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে লিখেছেন মাহফুজ রহমানশারীরবিদ্যাখেয়াল করে থাকবেন, কেউ একজন হাই তুললে আশপাশের অন্যরাও পাল্লা দিয়ে হাই তুলতে থাকেন! এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাসংবলিত কার্যকারণও আছে বটে। তবে কাছিমরা কি হাই তোলে? যুক্তরাজ্যের প্রাণিবিদ আনা উইলকিনসন ছয় মাস তালিম দিয়ে একটা লালপেয়ে কাছিমকে ‘আদেশ করিবা মাত্র’ হাই তোলানো শিখিয়েছিলেন! তবে আনা এবং তাঁর তিন সঙ্গী—নাটালি শেবানজ, ইসাবেলা ম্যান্ডল ও লাডউইং হাবার—গবেষণা করে প্রমাণ করেছেন, ওই কাছিম হাই তুললেও সেটা সংক্রামক নয়। এই যুগান্তকারী আবিষ্কারের পরও যদি তাঁরা ইগনোবেল না পান, তাহলে কে পাবে!রসায়নমুলাচাষিদের জন্য সুখবর! কেন? পরে বলি। তার আগে জানুন ওয়াসাবির কথা। ওয়াসাবি—তীব্র ঝাঁঝালো গন্ধওয়ালা এক জাতের সবজি। এর জন্মভূমি জাপান। বাংলাদেশি মুলার দূরসম্পর্কীয় ভাই। জাপানি এই সবজি নিয়ে গবেষণা করেছিলেন জাপানের আট বিজ্ঞানী—মাকোতো ইমাই, নাওকি উরুশিহাতা, হিদেকি তানেমুরা, উকিনোবু তাজিমা, হাইদিয়াকি গোটো, কোইচিরো মিজোগুচি ও জুনিচি মুরাকামি। মাথা ঘামিয়ে তাঁরা তৈরি করেছিলেন একটা অ্যালার্ম! হ্যাঁ, ওয়াসাবি অ্যালার্ম। কোথাও আগুন লাগলে এই অ্যালার্ম তীব্র কটু গন্ধ ছড়াবে। এতে জেগে উঠবে ঘুমন্ত মানুষ! জিঞ্জিরায় মুলা দিয়ে এমন একটা অ্যালার্ম উদ্ভাবিত হলে অবাক হবেন না!চিকিৎসাবিদ্যাপ্রকৃতি যখন ডাকে, তখন আর কার ডাকই বা ভালো লাগে! চিকিৎসাবিদ্যায় এবার নয়জন কীর্তিমান গবেষক ইগনোবেল ভাগাভাগি করে নিয়েছেন। বিস্তর গবেষণা চালিয়ে তাঁরা দেখেছেন, এমনিতে মানুষ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মোটামুটি ভালো সিদ্ধান্তই নেয়; তবে সবচেয়ে বাজে সিদ্ধান্তে তারা উপনীত হয় তখনই, যখন ওই প্রকৃতির দুর্দমনীয় ডাক আসে! (ইগনোবেলজয়ীদের ভাষায়, মানুষ যখন মূত্রত্যাগের তাড়না বোধ করে!)মনোবিজ্ঞানমানুষ কেন দীর্ঘশ্বাস ফেলে? নরওয়ের ইউনিভার্সিটি অব অসলোর অধ্যাপক কার্ল হালভোর টিজেন প্রশ্ন রাখলেন জনতার কাছে। অধিকাংশেরই উত্তর, মানুষ দীর্ঘশ্বাস ফেলে দুঃখ পেলে। আসলেই কি তা-ই? গবেষণা করে টিজেন জানালেন, না, মানুষ যখন হাল ছেড়ে দেয় কিংবা কোনো কাজ থেকে গুটিয়ে নেয় নিজেকে, তখনই দীর্ঘশ্বাস ফেলে। প্রমাণ কী? প্রমাণ করেছেন এই ইগনোবেলজয়ী। দেখতে খুব সহজ, কিন্তু আসলে সমাধানযোগ্য নয় এমন কিছু ধাঁধা দেওয়া হয়েছিল অনেক মানুষকে। তাতে দেখা গেছে, ধাঁধার উত্তর খুঁজে না পেয়ে তারা যখন হাত গুটিয়ে নেয়, ঠিক তখনই বুকের গভীর থেকে উঠে আসে দীর্ঘশ্বাস!সাহিত্যসাহিত্যে এবার ইগনোবেল ঘরে তুলেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক জন পেরি। হাউ টু প্রোক্র্যাস্টিনেট অ্যান্ড স্টিল গেট থিংস ডান নামের একটা বই লিখেছিলেন এই সাহিত্যিক। সেই বইয়ে তিনি এক মতবাদ দিয়েছেন, এর নাম ‘কাঠামোগত দীর্ঘসূত্রতা’! পেরি বলেছেন, সফল হতে চাইলে সব সময় গুরুত্বপূর্ণ কিছু করুন, যাতে এর চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজেই এড়ানো যায়। (ইমপ্রোব্যাবল রিসার্চ নিশ্চয়ই বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে কোনো গবেষণা করেনি এ পর্যন্ত!)গণিতযুক্তরাষ্ট্রের ডরোথি মার্টিন ভব্যিষদ্বাণী দিয়েছিলেন, পৃথিবী ১৯৫৪ সালে ধ্বংস হতে পারে! প্যাট রবার্টসন বলেছিলেন, ১৯৮২ সালে নাই হয়ে যাবে এই দুনিয়া। এ রকম আরও ছয়জন ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন পৃথিবী ধ্বংসের ব্যাপারে। কিন্তু পৃথিবী আছে বহাল তবিয়তে! তার পরও কৃতী এই আট মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ইগনোবেল পুরস্কার। তা-ও আবার কিসে, গণিতে! কারণ, পৃথিবীকে গাণিতিক অনুমান ও হিসাব-পত্তরের সময় সতর্ক হওয়ার ব্যাপারে শিক্ষা দেওয়ার জন্য!পদার্থবিদ্যাপদার্থবিদ্যায় এবার ইগনোবেল জিতেছেন ফ্রান্স ও নেদারল্যান্ডের সাত বিজ্ঞানী। তাঁরা দেখিয়েছেন, চাকতি নিক্ষেপকারীদের কেন মাথা ঘোরায়, আর কেনই বা বর্শা নিক্ষেপকারীদের ঘোরায় না। পেশাদার অ্যাথলেটদের ওপর গবেষণা চালিয়ে এই গবেষকেরা জানিয়েছেন, বর্শা নিক্ষেপের সময় ঠিকঠাক মতো দৃষ্টিপাত করতে পারেন বলেই বর্শা নিক্ষেপকারীদের মাথা ঘোরায় না। চাকতি নিক্ষেপকারীদের সঙ্গে এটাই তাদের প্রাথমিক পার্থক্য।জীববিজ্ঞানবিশেষ এক জাতের বিটল আছে, যারা বিশেষ এক ব্র্যান্ডের বিয়ারের বোতলকে তাদের প্রেয়সী ভাবে! প্রমাণ করেছেন ড্যারিল জিনি ও ডেভিড রেন্টজ। ১৯৮০ সালের কথা। পশ্চিম অস্ট্রেলিয়ার এক মরুভূমিতে প্রথম ওই বিশেষ জাতের বিটল আবিষ্কার করেছিলেন এই জুটি। প্রথম দেখাতেই খেয়াল করেছিলেন, বিটলটি শুকনো খটখটে একটা বিয়ারের বোতলের সঙ্গে প্রেমিকের মতো আচরণ করছে। এরপর আবারও একই কাণ্ড ঘটল। এমন নয় যে বিয়ারের বোতলের গন্ধে ছুটে আসে পোকাগুলো। বোতল যেমনই হোক, বেছে বেছে বিটলগুলো ওই বিশেষ ব্র্যান্ডটির সঙ্গেই প্রেমিকসুলভ আচরণ করে। মজার ব্যাপার হলো, জিনি ও রেন্টজ কেবল পুরুষ বিটলদেরই দেখেছেন এমন ভূমিকায়!শান্তিশান্তিতে ইগনোবেল জিতেছেন লিথুনিয়ার ভিলনিয়াস শহরের মেয়র আর্টুরাস জুকাস। পার্কিং করে রাখা গাড়ি ধ্বংস করার এক বুদ্ধি বাতলে দিয়ে এই পুরস্কার বাগিয়েছেন মানুষটি! উত্তেজিত হবেন না, জুকাস বলছেন, রাস্তায় অবৈধভাবে বিলাসবহুল গাড়ির পার্কিং রোধে একটাই করণীয়, সেটা হলো ওই গাড়িগুলো ট্যাংক দিয়ে গুঁড়িয়ে দেওয়া! (ঢাকার মেয়র কি ইগনোবেল জিততে চান?)